Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কিছু মনের সত্যি কথা

Showing only the posts of ddey333: 716 of 1,070 posts. Show all posts

কোথাও কোথাও দেখছি পেজমার্কার দেওয়া আছে। কোথাও আবার বিশেষ কিছু পঙক্তির নীচে সবুজ কালি দিয়ে দাগ দেওয়া। সেগুলো পড়তে পড়তে ক্রমে রাত বাড়ে। দূরে কোথাও সমবেত আর্তনাদের মতো শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সেই ডাক শুনে লাইলং নামের মা-মুরগিটা একবার বিপদ-সংকেতের মতো আওয়াজ করে পরক্ষণেই চুপ করে যায়।

 
পাতা ওল্টাতে ওল্টাতে একটা জায়গায় এসে আমি আদিগন্ত চমকে উঠি। সবুজ কালি দিয়ে স্যার চিহ্নিত করে রেখেছেন খুব পরিচিত একটি রচনার কয়েকটি লাইন। যেন আমাকেই চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছেন কিছু :
 
'আমি চিত্রাঙ্গদা।
দেবী নহি, নহি আমি সামান্যা রমণী।
পূজা করি রাখিবে মাথায়, সেও আমি
নই; অবহেলা করি পুষিয়া রাখিবে
পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখ
মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার
যদি অংশ দাও, যদি অনুমতি কর
কঠিন ব্রতের তব সহায় হইতে,
যদি সুখে দুঃখে মোরে কর সহচরী 
আমার পাইবে তবে পরিচয়।'
 
চেনা লাইনগুলো হঠাৎ এই মধ্যরাতে এক নতুন আলোর বার্তা নিয়ে আমার মর্মে, আমার সমস্ত স্নায়ুতে, আমার শিরায় শিরায় ছড়িয়ে পড়ল।... প্রণাম.... শতকোটি প্রণাম আপনাকে স্যার,... হে আমার অপার্থিব আলোর দেবতা!
 
রাত প্রায় শেষ হয়ে এল। একটা অদ্ভুত ঘোরের মধ্যে  ভূতগ্রস্তের মতো কেটে গেল বিনিদ্র প্রহরগুলি। আজ আর ঘুম আসবে না। উঠে বসলাম বিছানা থেকে। ব্ল্যাংকেটটা গায়ে জড়িয়ে হাত বাড়িয়ে টেবিল থেকে জলের গেলাসটা নিতে গিয়ে হঠাৎ চোখে পড়ল ভেরোনিকার দেওয়া রঙিন কাগজে মোড়া রিটার্ন গিফটটা। খুলেই দেখা হয়নি ওটা। মন এত খারাপ হয়ে গিয়েছিল যে, খুলে দেখতেও ইচ্ছে করেনি ফেরার পথে। 
 
সামান্য কৌতূহল হল। কী আছে ওতে? খুলেই দেখা যাক না। সমস্ত সেলোটেপ খুলতে সময় লাগল কিছুটা। কিন্তু এটা কী? টকটকে রক্তের মতো লাল একটা ব্রা! প্যাডেড! খুব দামি মনে হল। 
 
আমার মাথা চোখ কান সব আকস্মিক রাগে আর উত্তেজনায় লাল হয়ে উঠল। সমস্ত স্নায়ু বিদ্রোহ করে উঠল। আমি কখনো ব্রা পরি না, সবাই জানে। ফার্স্ট ইয়ার অনার্সে পরার সময় একদিন ক্লাসের টমবয় মেয়েরা সমস্ত ছেলেকে রুম থেকে বের করে দিয়ে নিজেদের ব্রেস্ট ওপেন করে প্রমাণ করতে চাইছিল কারটা জেনুইন, আর কারটা আর্টিফিসিয়াল! যেসব মেয়ে নিজেদের ব্রেস্ট শো করতে সঙ্কোচ বোধ করছিল টমবয়রা ফোর্স করে তাদের টি শার্ট ওপেন করে দিয়েছিল হাসতে হাসতে। আমি তখন ক্লাসের এক কোণে বন্য শেয়ালের তাড়া খাওয়া রোগা কালো ছাগলছানার মতো প্রাণভয়ে সিঁটকে রয়েছি। লম্বা চওড়া স্বাস্থ্যের মস্তান টাইপ একটি মেয়েএসে একটানে আমার ওড়না ছুঁড়ে ফেলে দিয়ে দুহাতে বুক চেপে ধরে অবাক হয়ে বলেছিল :
 
 'যাহসালা! তুই ব্রা পরিস না? তোর ব্রেস্ট জিরো? কী করে হলো এটা! মাই গড!.... এই তোরা দেখেছিস? এই মেয়েটার ব্রেস্ট নেই। প্যাডেড ব্রা-ও পরে না! 
 
সবাই তখন আমাকে গোল করে ঘিরে ধরেছে। যেন স্টেশনের প্লাটফর্মে ধরা পড়েছে কোনো পকেটমার, যাকে চুরির দায়ে ধরা হয়েছে, কিন্তু সারা শরীর ঘেঁটেও কিছুতেই পাওয়া যাচ্ছে না চুরি-যাওয়া বস্তুটি।
আর আমি তখন দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলাম।
 
বিশ্ববিদ্যালয়ে এসেও দেখেছি মেয়েরা মাঝে মাঝেই ব্রা নিয়ে নানা ফ্যান্টাসি করত। কার বয়ফ্রেন্ড কাকে জন্মদিনে ইমপোর্টেড ব্রা গিফট করেছে, কার জামাইবাবু কাকে পুজোতে একডজন ব্রা উপহার দিয়েছে....এইসব নিয়ে হাসি তামাশা হত। আমি মুখ কালো করে ওদের একপাশে একটা বই নিয়ে বসে থাকতাম। 
 
কত রকমের যে ব্রা-র ডিজাইনের কথা কানে ভেসে আসত : টি শার্ট ব্রা, স্পোর্টস ব্রা, বেবি ডল ব্রা, ক্যামিসোল ব্রা, প্যাডেড ব্রা, স্ট্র‍্যাপলেস ব্রা, স্টিকি ব্রা, করসেট ব্রা, মিনিমাইজ ব্রা, নার্সিং ব্রা, পয়েন্টেড ব্রা....। আমি এগুলো একটাও চিনি না। শুধু নামই শুনেছি। চেনার চেষ্টাও করিনি কখনো। 
 
ভেরোনিকার দেওয়া লাল রঙের ব্রা-টিকে দেখে প্রথমে মাথায় আগুন ধরে গিয়েছিল। পরে মনে হল, ও হয়ত ভালোবেসেই এটা দিয়েছে আমাকে। যাতে বাইরের লোকের কাছে আর অপ্রস্তুত না হই! যাতে মানুষের কাছে নিজের শরীরের ত্রুটি গোপন করার জন্য সবসময় বুকে ভারী ওড়না জড়িয়ে রাখতে না হয়! 
 
একবার ইচ্ছে হলো, ওটা পরে দেখি। কেমন দেখায় আমাকে? কেউ তো আর দেখছে না এই শেষরাতের আধো অন্ধকারে। 
 
এত দামি ব্রা কেনার সামর্থ্যও আমার নেই। কখনো কিনব বলে ভাবিওনি। অফ-ক্লাসে দুধের মতো ফর্সা আর সেক্সি চেহারার ইলোরা চৌধুরী একদিন বলছিল : 'আমার গ্রোথ বেশি ছিল বলে মা আমাকে ক্লাস সিক্সেই ব্রা কিনে দিয়েছিল। আর সবাই সেটা হাঁ করে দেখত। এইটুকু মেয়ে এই বয়সে....'
 
আমার মা অবশ্য এসব নিয়ে কখনো ভাবেইনি। আমিও ক্রমশ না ভাবতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম।  কিন্তু আজ হঠাৎ মনে হলো... 
 
কেন মনে হলো? মুহূর্তেই সমস্ত মন, সমস্ত সত্তা বিদ্রোহ করে উঠল। নাহ, এ জিনিস আমি পরব না। কক্ষনও না। জীবনে কখনো কোনো পরীক্ষায় নকল করে পাস করিনি। চিরকাল নিজের মেধার উপরে আস্থা রেখে উদাসীন মেঘ থেকে বৃষ্টি নামিয়েছি। ফসল তুলেছি ঘরে। 
 
আজ কেন তবে মুহূর্তের দুর্বলতায় একটা দামি প্যাডেড ব্রা পরে নিজেকে কৃত্রিমভাবে অন্যের চোখে আকর্ষণীয় করে তুলতে চাইছি? 
 
কিছু কামুক আর লম্পট পুরুষকে নিজের বানানো ব্রেস্ট দেখিয়ে প্রলুব্ধ করা কি খুব প্রয়োজন? ছিঃ, ছিঃ জাগরী, এসব বিকৃত ভাবনা মাথায় ঢোকার আগে তোমার আরো একবার আগুনে পুড়ে মরা উচিত ছিল। 
এতকালের সমস্ত লড়াই, সমস্ত চোখের জল, তোমার উজ্জ্বল সমস্ত মার্কশিট জলে ভাসিয়ে দাও। মরো তুমি। 

[+] 1 user Likes ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

মোরগঝুঁটির মতো টকটকে লাল ব্রা-টাকে প্যাকেটসহ দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় নিয়ে বাইরে এলাম।  ছোটোবেলায় যে উনুনটায় আমি উপুড় হয়ে পড়ে গিয়েছিলাম, সেটার সামনে এসে দাঁড়ালাম। উনুনের গর্তের ভিতরে একমুঠো শুকনো ঝাউপাতা ফেলে দিয়ে দেশলাই জ্বেলে আগুন ধরিয়ে দিলাম। সেই লেলিহান আগুনের শিখায় সজোরে ছুঁড়ে দিলাম ভেরোনিকার সেই রিটার্ন গিফট। 

 
সিন্থেটিক স্ট্রাইপ আর স্পঞ্জ-পোড়া গন্ধ ছড়িয়ে পড়ছে ভোরের বাতাসে। পুড়ে যাচ্ছে ইমপোর্টেড ব্রেসিয়ারের অসভ্য রক্তিম হাতছানি। পুড়ে যাচ্ছে আমার কয়েক মুহূর্তের লোভ, পাপ ও আত্মপ্রতারণা..... 
 
উনুনে জল ঢেলে একসময় নিজেই নিবিয়ে দিলাম আমার ক্ষণকালের দুর্বাসনার চিতা। তারপর এক অদ্ভুত নির্বেদ, সকালের আলোর মতো ছড়িয়ে পড়ল আমার ক্লান্ত শরীরে.... মনে.... আমার সমতল  বুকের পাঁজরে। যেন বোবা হয়ে গেছি ভূতে পাওয়া মানুষের মতো। 
 
শান্ত পায়ে ঘরে ফিরে আসি। পড়ার টেবিলের উপরে, বিছানায়, তখনো ছড়িয়ে আছে খণ্ড খণ্ড রচনাবলী। আমার দুচোখে পলক পড়ছে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ধোঁয়ায় চোখ জ্বলছে তখনো। চোখের পাতা-পুড়ে-যাওয়া মানুষের মতো ষোলো খণ্ড রবীন্দ্ররচনাবলীর মধ্যে চুপ করে বসে থাকি আমি...।
 
*একইসঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের লোধা সম্প্রদায়ের আত্মঘাতী ছাত্রী চুনি কোটাল (১৯৯২) এবং হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অপমানিত ও আত্মঘাতী গবেষক-ছাত্র রোহিত ভেমুলার (২০১৬) স্মৃতির প্রতিও সম্মান জানাই।*


Namaskar
[+] 1 user Likes ddey333's post
Like Reply

# অণুগল্প

 
শাশুড়ি মায়ের ফোনটা রাখার পর থেকেই মনটা খুব খারাপ লাগছে অমৃতার।
শনি-রবি তো ছুটিই, আর মঙ্গলবার মানে আজ, ঈদ উপলক্ষ্যে ওর আর সুমিতের অফিস ছুটি ছিল। তাই সোমবারটা ছুটি নিয়ে একটা 'এক্সটেন্ডেড উইকএন্ড' বানিয়ে ওরা দুজন একটু ঘুরতে গেছিল। আজ দুপুরে ফিরেছে। ঘরে পা দিয়েই সুমিত ঢুকে গেল বাথরুমে। সেই ফাঁকে বাবা-মা কে ফোন করে পৌঁছনোর খবর দিয়ে শাশুড়ি মাকেও ফোন করেছিল অমৃতা। উনি "যাক বাবা, ঠিক মতো ঘুরেছিস তো?" জিজ্ঞেস - টিজ্ঞেস করে বললেন "আজ কিন্তু অক্ষয় তৃতীয়া, এতদিন বাড়ির বাইরে, একটু পুজো করিস... পারলে একটু মিষ্টান্ন ভোগ দিস ঠাকুরকে।" ও "হ্যাঁ" বলে ফোন রেখে দিয়েছে, কিন্তু তারপরেই মনটা কেমন খচখচ করছে!
মা কে হ্যাঁ তো বলে দিল, কিন্তু এই এতদিন পরে বাড়িতে এসেছে... জানলা - দরজা সব বন্ধ ছিল, তাও কিভাবে যেন ধুলো ঢুকেছে ঘরে। ঝাঁট -টাঁট দিয়ে ঘর মুছে স্নানে যাবে ভেবেছিল - সুমিত সেই ফাঁকে সিদ্ধভাত বসিয়ে দেবে, এমনটাই প্ল্যান করেছিল। ক'দিন ধরে বাইরে খেয়ে খেয়ে আর ভাল লাগছে না কিছু। আবার খিদেও পেয়ে গেছে খুব - কিন্তু এখন ভোগ যে কি দেবে! এদিকে দুপুরবেলা - দোকানও তো কিছু খোলা নেই সামনা সামনি। সেই মোড়ের দিকের দোকানগুলো খোলা থাকতে পারে, কিন্তু একদম যেতে ইচ্ছে করছে না।
এদিকে মা বললেন... ওর নিজেরও ইচ্ছে করছে... আজ একটা শুভদিন...
ভাবতে ভাবতেই কলিংবেলের শব্দ।
"এই ভরদুপুরে আবার কে এলো!" ভাবতে ভাবতে দরজা খুলল অমৃতা। আর, অবাক হয়ে দেখে ওদের ফ্ল্যাটের সিকিউরিটির দায়িত্বে থাকা ওসমান চাচা এসেছেন, হাতে একটা ছোট্ট টিফিনবাক্স!
"দিদি, আপনারা আজ ফিরবেন মনে হচ্ছিল... তাই এলাম। এই এতে একটু চালের রুটি আর শেমাই আছে... আপনার আর দাদার জন্য।"
"আমাদের জন্য! কী মজা! থ্যাংকইউ চাচা!" পিছন থেকে বলে উঠল সুমিত।
"চাচা, আপনি আমাদের থেকে অনেক বড়, কদমবুশি তো করতে জানি না, এমনিই নমস্কার করছি আপনাকে। আচ্ছা চাচা, এই শেমাই আমরা ঠাকুরকে নিবেদন করতে পারব?" জিজ্ঞেস করে অমৃতা।
"ঠাকুরকে? তা তো জানি না দিদি, তবে আমরা বুড়ো-বুড়ি গোস্ত খাই না। তাই মাংসের ছোঁওয়া নেই এই শেমাইতে..." একটু হেসে বলেন চাচা।
"ব্যস, তাহলেই হবে। চাচা, আমার কিন্তু ঈদের উপহার চাই... আপনি আমাকে আর 'আপনি' করে বলবেন না! খুব রেগে যাব কিন্তু তবে!" বলে ওঠে অমৃতা।
"তাহলে আমাকেও 'তুমি' করেই ডাকতে হবে চাচা" বলে ওঠে সুমিত ও।
"আচ্ছা, আচ্ছা... বেশ বেশ " বলে হাসেন চাচা। চোখটা একটু জ্বালা জ্বালা করছে যেন...
একটু পরে, যখন শেমাই প্রসাদ খাচ্ছিল সুমিত আর অমৃতা - ওদের মনে হচ্ছিল সাকার আর নিরাকার স্রষ্টা যেন এভাবেই মিলেমিশে গেলেন ওদের মধ্যে। যেভাবে খুশির ঈদ আর পবিত্র অক্ষয় তৃতীয়া মিলে যায়... আর ভরিয়ে দেয় অপার শান্তিতে আর ভালবাসায়...
 

[+] 2 users Like ddey333's post
Like Reply

# অণুগল্প

 
হ্যাঁ, লাজবন্তী জানে ও খিটখিটে।
কারণে অকারণে ওর মেজাজ গরম হয়ে যায়। অফিসে অনেকে ওকে 'মর্জিনা' বলে ডাকে ও জানে। সবসময় মর্জি মতো কিছু না হলেই রাগ হয় বলেই এই নাম! নামটার মধ্যে ক্রিয়েটিভিটি আছে বলে একটু হাসি পেয়েছিল ওর। কিন্তু তারপরেই মনে হয়েছে "শয়তান এক একটা! সিনিয়রদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানে না!"
আর, সবসময় মাথাগরম থাকবে না ই বা কেন? যার কেউ নেই, তার তো কাউকে তুষ্ট করে চলারও দায় নেই! পনেরো সালে বাবা আর আঠেরোয় মা চলে গেছেন। দাদা ভিন রাজ্যে থাকে। একটা বয়ফ্রেন্ড ছিল, প্রেমের বেলায় ছিল, বিয়ের কথা ওঠার পরেই সুড়সুড় করে বাবা-মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে নিল! ওর এখন কেউ নেই জাস্ট! শুধু নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, ভাল চাকরি করে, কাউকে পাত্তা দেয় না ও। হুঁহ!
আর কাকেই বা দেবে? দাদা মাঝেমাঝে ফোন করে, ওইটুকুই। কখনও বলে নি "আমার কাছে চলে আয়। এখানে চাকরি পেয়ে যাবি। তোর যোগ্যতা আছে, ভাবনা কি..."।
এই বাইরে প্রচন্ড গরম আর অফিসে, বাড়িতে এসির ঠান্ডা - দুয়ে মিলে জ্বর এসে গেছে লাজবন্তীর। তাই অফিসে যেতে পারেনি বুধবার থেকে। ফেব্রুয়ারি মাসে ওদের 'ওয়ার্ক ফ্রম অফিস' চালু হবার পরে এই প্রথম ছুটি নিল ও।
দুদিন মাথা তুলতে পারছিল না ও। আজ একটু সুস্থ লাগছে। এই দুদিন বাড়ির যে কাজ করে, সেই শাবানাকে আসতে বারণ করেছিল ও। আবার কোভিড বাড়ছে - বলা তো যায় না! ওর তো একটা দায়িত্ব আছে! শাবানা শুনে "দিদি, আমি না গেলে তুমি কি খাবে? ও কিছু হবে না, আমি চলে যাব!" বলেছিল। কিন্তু ও রাজি হয়নি। নিজেই ভাতেভাত করে খেয়ে নিয়েছে। আর বাইরে থেকে খাবার অর্ডারও করেছে। কিন্তু আজ শরীর বেশ ভাল। ডাক্তারবাবুও বললেন কোভিড না, এমনিই গরম-ঠান্ডা থেকে জ্বর হয়েছে। তাই শাবানাকে ফোন করে বলে দিল "তুমি চাইলে আসতে পারো।" শাবানা একটু চুপ করে ছিল। তারপর বলল "আচ্ছা দিদি, আমি বাড়ির কাছেই আছি, আসছি।"
তা, মিনিট পাঁচেকের মধ্যেই চলে এসেছিল শাবানা। সঙ্গে ওর ছেলে। বছর পাঁচেক বয়স, রোগা টিংটিঙে চেহারা। তবে আজ বেশ বাহারের কুর্তা - প্যান্ট পরা। এর আগে যতবার এসেছে আদুল গায়ে এসেছে! আজ শাবানাও একটা ঝলমলে চুড়িদার পরে আছে।
"এত সেজেগুজে?" জিজ্ঞেস করল লাজবন্তী।
"ওই যে, ওকে নিয়ে একটু ডানলপের রথের মেলায় যাব দিদি। এদিক পানেই আসছিলাম, তাই তো তাড়াতাড়ি চলে আসতে পারলাম গো" বকবক করে বলে ওঠে শাবানা।
রথের মেলায় শাবানা!
এই ভিড়ে!
খুব অবাক লাগে ওর। তারপর জিজ্ঞেস করেই ফেলে "রথের মেলা তো থাকবে কয়েকদিন। পরে যেতে পারতে!"
"কি বলব দিদি, ছেলে শুনবেই না। ওর জগন্নাথ ঠাকুরকে খুব পছন্দ। আমাদের পাশের ঘরের ওরা তো উড়িয়া! ওরা পুরী গেছল, প্রসাদ দিয়েছে। ব্যস, ছেলে তারপর থেকে ঠাকুরের নামে পাগল!"
"তোমার জগন্নাথ ঠাকুরকে ভাল লাগে?" জিজ্ঞেস করল লাজবন্তী বাচ্চাটিকে।
"হ্যাঁ, উনি কেমন হাত বাড়িয়ে রাখেন জড়িয়ে ধরবেন বলে। আব্বাও বাড়ি এলে ওমনি করে হাত ছড়ায়ে রাখে, আমি গিয়ে জড়িয়ে ধরি!"
শুনতে শুনতে চোখে জল আসছিল লাজবন্তীর।
"হাত কাটা জগন্নাথ", 'ঠুঁটো জগন্নাথ' বলে অনেকে। একটা খারাপ ইঙ্গিত দিয়েও কথা বলে অনেকে। কিন্তু... কখনও তো মনে হয়নি, আসলে ওটা কাটা হাত না, মেলে থাকা হাত! বুকে নেবার অপেক্ষায়!
কথাটা ভেবেও যে কী শান্তি! আহ্!
আচ্ছা, ও যে ভাবে, ওর কেউ নেই - নেই কি আসলে? উনিই তো আছেন! আলিঙ্গনের অপেক্ষায়...
আর ও কিনা... অভিমান, অতিমান থেকে মেজাজ গরম করে রাখে সবসময়! ধ্যাত!
সামনে দাঁড়িয়ে থাকা সাদেকের চুলটা একটু ঘেঁটে দেয় লাজবন্তী।
এখন শরীরটা বেশ ভাল লাগছে।
অনেকবছর যায় নি, আজ একটু মেলায় গেলে কেমন হয়?
একটু পাঁপরভাজা - জিলিপি কিনলে কেমন হয়?
ভাবতেই ভাল লাগছিল লাজবন্তীর।
না, না - লাজুর! জগন্নাথদেবের লাজু! একজন তো আছেনই, ওকে 'লাজু' ভাবার!
 

[+] 1 user Likes ddey333's post
Like Reply

অসাধারণ !!!

স্তব্ধ হয়ে হয়ে গেলাম .... Namaskar
[+] 1 user Likes ddey333's post
Like Reply

# অণুগল্প

 
মায়ের সাথে আজ 'কাজের বাড়ি' এসেছে পিউ। অন্যদিন ওদের পাশের ঘরের কমলা পিসিদের ঘরে থাকে ও। মা সকালে দুই বাড়ি ঠিকে কাজ করে, ততক্ষণ ও কমলা পিসিদের ঘরে বসে দিদার সঙ্গে গপ্পো করে। কিন্তু এই ক'দিন হল কমলা পিসিদের বাড়িশুদ্ধু সবার জ্বর। তাই মা আজ আর ওখানে রাখতে পারেন নি। অবশ্য মা যে দুই বাড়ি কাজ করেন, তারমধ্যেও এক বাড়ির দাদু-দিদা তাঁদের মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে গেছেন, তাই শুধু একটা বাড়িতেই কাজ আছে মায়ের। নিজের লাল ফ্রক পরে বেশ আনন্দ করেই মায়ের সঙ্গে এই 'জ্যেঠিমা' দের বাড়িতে এসেছে ও।
"আরে শিবানী, এসে গেছিস এত তাড়াতাড়ি? যাক, আমার ভালোই হলো, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি বুড়োশিবতলায় যাব একটু। আমিও তাড়াহুড়ো করছি।" দরজা খুলেই বলে উঠেছিলেন ওই জ্যেঠিমা। আর অবাক হয়ে দেখছিল ওঁকে পিউ। কী সুন্দর দেখতে! আর ও ও লাল ফ্রক পরে আছে, এই জ্যেঠিমাটাও লাল নাইটি জামা পরে আছেন!
"ওমা, এটা তোর মেয়ে বুঝি?" ওকে দেখেই জিজ্ঞেস করেছিলেন জ্যেঠিমা।
"হ্যাঁ গো, বৌদি, ওকে পাশের যে ঘরে রাখি, তাদের সবার জ্বর। তাই নিয়ে এলাম। এমনিতেই সময় খারাপ।" কিন্তু কিন্তু করে বলে উঠেছিলেন মা।
"তা ভাল করেছিস। ওকে কিছু খেতে দে আগে। আমি তাহলে স্নানে যাই? মন্দিরে একটু আগে যেতে পারলে ভাল হয়।"
"হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি সব কাজ সেরে নিচ্ছি। তুমি ভেবো না। আজ প্রথম সোমবার, ভিড় হবে এমনিতেই।" বলে কাজে চলে গেলেন পিউয়ের মা। ওকে একটা চেয়ারে বসতে বলে।
চেয়ারে বসে ঘরটা দেখছিল পিউ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে । কী সুন্দর করে সাজানো! ওদের তো একটা ছোট্ট ঘর - বারান্দাতে মা রান্না করে। কমলা পিসি আর ওরা একটাই বাথরুম ব্যবহার করে। আর এই বাড়িটা কী সুন্দর! এক একটা দেওয়ালে এক একরকম রং! আবার কত্ত বড় একটা টিভি! কত বই! আচ্ছা, ও বড় হলে এরকম অনেক বই পড়তে পারবে? ওর মা তো সবসময় বলেন "তোকে অনেক লেখাপড়া করতে হবে রে মা। আমাদের সময়ে এত কিছু ছিল না। পেট চালাব না লেখাপড়া করব! বাবা ইকলেজ ছাড়িয়ে দিলেন। কত কাঁদাকাটা করেছি। তুই কিন্তু অনেক পড়বি। আমি আরও চারবাড়ি কাজ ধরব দরকার হলে।" তা, পিউ এখনও অনেক ছোট, তাই এত কিছু বোঝে না ও।
মায়ের কথা ভাবতে ভাবতেই ঘরে রাখা খাবার টেবিলের দিকে নজর গেল। টেবিলের ওপর একটা ঝুড়ি মতো আছে, সেখানে অনেক গুলো ফল রাখা। আর পাশেই মিষ্টির প্যাকেট। এই বাড়ির জ্যেঠিমা যে ওকে কিছু খেতে দিতে বলেছিলেন, কই মা দিলেন না তো! মা ও ভুলে গেলেন দিতে? সকালে দুটো বিস্কুট খেয়েছে মাত্র, এখন খিদে পাচ্ছে তো...। মায়ের ওপর অভিমান হচ্ছে খুব পিউয়ের। মা বলেছেন অন্য কারো খাবারে আর জিনিসে লোভ না করতে, তাই মনে মনে অন্য কথা ভাবতে শুরু করে পিউ।
"বাবা তারকনাথের চরণের সেবা লাগি, মহাদেব! মা, কিছু হবে?" ডাক শুনে তাকায় পিউ। ঘরের পাশেই বারান্দা, সেখান থেকে আওয়াজ আসছে। চুপি চুপি উঁকি মেরে দেখে একজন বয়স্ক দাদু দাঁড়িয়ে আছেন। নোংরা একটা জামা পরা, হাতে একটা লাঠি, আর একটা ছোট্ট বাটি। দাদুটা কুঁজো হয়ে দাঁড়িয়ে আছেন।
দেখে বুকটা টনটন করে উঠল পিউয়ের। ওদের বাড়িতে এমনি কেউ এলে মা ফেরাতে বারণ করেন। ওদের অভাবের সংসারেও মা কিছু খুচরো কয়েন পয়সা রেখে দেন ভিক্ষে দেবার জন্য। তবে ওকে বলা আছে জানলা দিয়েই পয়সা দিয়ে দেবার জন্য। ভুলেও যেন দরজা না খোলে। অনেকে নাকি ছেলেধরা হয়। ওকে নিয়ে গিয়ে বিক্কিরি করে দেবে, আর মায়ের দেখা পাবে না!
কিন্তু এই দাদুটার কি হবে! উনি যে কিছু চাইছেন! মা ও যে ওকে বসিয়ে দিয়ে কোথায় চলে গেলেন ভগবান জানে! মা থাকলে মা ঠিক কিছু না কিছু দিতেন দাদুটাকে।
"ও মা, কিছু হবে না?" বলে ঘুরে দাঁড়ালেন দাদুটা।
আহা, এত রোদ, আবার মাঝে মাঝে বিষ্টি পড়ছে - দাদুটা ছাতা নেন নি কেন? আচ্ছা, দাদুর কি বাড়িতে কেউ নেই? ওর মায়ের মতো? না না, ওর মায়ের তো ও আছে - এই দাদুটার কি কেউ নেই? তাই কি এভাবে ভিক্ষে করেন?
আহা রে!
চোখে জল আসছিল পিউয়ের।
দাদুটা বোধহয় কিচ্ছু খাননি। ওর ও তো খিদে পেয়েছে। তাহলে দাদুটার ও কত কষ্ট হচ্ছে!
তাড়াতাড়ি করে এদিক ওদিক তাকাতে তাকাতে চোখ পড়ল ফলের ঝুড়ির ওপর। এই তো, মিষ্টি - দই সব আছে। এই বাড়ির জ্যেঠিমাটা এত ভাল, কিছু মনে করবেন না নিশ্চয়ই! হয়ত ভাববেন পিউই খেয়ে নিয়েছে। উনি তো কত সুন্দর করে মা কে বললেন "ওকে কিছু খেতে দে আগে!" উনি কিছু মনে করতেই পারেন না!
যেমন ভাবা তেমন কাজ! তাড়াতাড়ি করে মিষ্টি আর দইটা দিয়ে দিল ও বারান্দার গ্রিল দিয়ে। আর তক্ষুণিই "পিউউউউউ এটা কি করলি তুই?" শুনে চমকে গেল ও।
মা এসেছেন। হাতে একটা ছোট্ট প্লেটে কি যেন খাবার।
"কে ওখানে? কি দিলি তুই?" মা খুব রেগে গেছেন।
"মা একজন দাদু... খাবার চাইছিলেন তাই আমি... এখানে মিষ্টি ছিল..." ভয়ে ভয়ে বলল পিউ।
"এখান থেকে নিয়ে দিয়ে দিলি? ওটা পুজোর জন্য রাখা ছিল। ওফ! তোকে নিয়ে যে আমি কি করি!" মা প্রচন্ড চিৎকার করছেন।
"তুমি তো আমাকে কিছু খেতে দাও নি, যে সেখান থেকে ওনাকে দেব। তাই..."
"তাবলে তুই ঠাকুরের জন্য রাখা প্রসাদ দিয়ে দিবি? ওফ! এটা আমার কাজের বাড়ি। এখানে কাজ করে আমি টাকা পাই, আমাদের খাওয়া - পরা চলে। একটা দিন তোকে নিয়ে এলাম, আর সেইদিনই সর্বনাশ করলি তুই আমার..." মা এগিয়ে আসছেন এবার মারার জন্য!
চোখ বন্ধ করে ফেলে পিউ!
"কি হয়েছে রে শিবানী? ওকে মারছিস কেন? " হঠাৎ বলে ওঠেন জ্যেঠিমাটা।
কান্নাভেজা চোখে সেদিকে তাকায় পিউ। স্নান করে এসেছেন উনি। মাখন মাখন লাগছে দেখতে! কান্নাও যেন ভুলে যায় ও।
"কী বলি বৌদি। কে এক 'দাদু' এসেছিল ভিক্ষা নিতে। ও আর কিছু না পেয়ে টেবিলে মিষ্টির প্যাকেট, দইয়ের ভাঁড় দেখে সেটাই দিয়ে দিয়েছে। আবার উলটে আমাকে বলছে তুমি ওকে খেতে দিতে বলেছিলে, আমি দিই নি, আমার দোষ, ও তাই যা হাতের সামনে পেয়েছে দিয়ে দিয়েছে। এরপরেও মারব না?" বলে উঠলেন মা।
"তাই, পিউ? " জিজ্ঞেস করলেন জ্যেঠিমা।
"হ্যাঁ... মা ই আমাকে বলেছেন কাউকে না ফেরাতে। আর এই দাদুটার অনেক বয়েস। লাঠি নিয়ে হাঁটেন। আর কিছু দেখতে পাইনি গো... তাই দিয়ে দিছি..." কাঁদতে কাঁদতে বলে পিউ। ও বুঝে গেছে আজ আরও মার আছে কপালে!
একটু চুপ করে থাকেন জ্যেঠিমা।
তারপর বলেন "শিবানী, তুই ওকে বকিস না। ওর মধ্যেও শিশু ভোলানাথ আছেন। আর বুড়োশিবতলায় যাঁর কাছে আমি যেতাম, তিনিও যে ভিখারী! তিনি সর্বশক্তিমান তবু ভিক্ষুক! তিনি দেবাদিদেব, আবার অন্নপূর্ণা মায়ের অন্নভোগ প্রার্থী! তাই পিউ ওর 'দাদু'কে মিষ্টি দিয়ে কোনো অন্যায় করে নি... ও বরং আমার চোখ খুলে দিয়েছে। শুধু শ্রাবণ মাসের সোমবার কেন... যদি রোজ একজনকেও সামান্য কিছুও দেওয়া যায়... "
নিজের মনেই বিড়বিড় করে কথা বলছিলেন জ্যেঠিমা। চোখে জল। মা ও শুনতে শুনতে কাঁদছিলেন।
শুধু পিউ আর কাঁদছিল না। ওর মনে পড়ছিল মিষ্টির প্যাকেটটা দেখে ওই দাদুটা কেমন সুন্দর করে ফোকলা দাঁতে হেসে উঠেছিলেন! উনি এবার মজা করে দই-মিষ্টি খাবেন। তারপর জল। পেট ভরবে ওনার। কী মজা!
এই বাড়ি থেকে বুড়োশিবতলা বেশ দূরে... নইলে পিউ দেখতে পেত ত্রিভুবনেশ্বর ও আজ হাসছেন খুব। অবিকল সেই 'দাদু'র মতো হাসি!

[+] 3 users Like ddey333's post
Like Reply

# কথোপকথন

 
-"উফ! একটু তর সয় না! বেল বাজিয়েই যাচ্ছে! একটুও সিভিক সেন্স নেই... কেএএএএএ?"
-"এত দেরি হল কেন? "
-"তুই? হঠাৎ?"
-"আগে বল, এত দেরি কেন হল?"
-"তুই কে রে? যে তোকে এত উত্তর দেব?"
-"সেই এক দোষ তোর! প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে নেই, জানিস না?"
-"ব এ আকার..."
-"ল! হ্যাঁ, বানান টা জানিস, আমি জানি।"
-"কি চাই তোর?"
-"তোর কি চাই?"
-'মানেটা কি? আমার বাড়ির নিচে এসে ট্যাঁ ট্যাঁ করে বেল বাজাচ্ছিস, আবার আমাকে বলছিস আমার কি চাই?"
-"হ্যাঁ বলছি। বাজার-হাট, ওষুধপত্র - চাই কিছু?"
-"মানে?"
-"উফ, মানে মানে আর মানে! মানেবই একটা! ফেসবুকে স্টেটাস দিয়েছিস না যে আবার 'তাঁর' কৃপা হয়েছে, তাই জিজ্ঞেস করছি। লাগবে কিছু? এনে দেব?"
-'উমম... না সব আছে।"
-"পাক্কা?"
-"হ্যাঁ রে বাবা। অনলাইন আনিয়েছি সব। এখন দশ মিনিটেই পৌঁছে যায় সব।"
-"সেই... সব ই অনলাইন হয়ে গেছে এখন। যাই হোক, ঠিক আছিস এখন? অক্সিজেন লেভেল চেক করেছিস?"
-"হ্যাঁ... পঁচানব্বই আছে।"
-"আর জ্বর কত?"
-"এখন নেই। প্রথম দু'দিন ছিল।"
-"মাথার যন্ত্রণা? সর্দি -কাশি? উইকনেস?"
-"উফ! কত্ত প্রশ্ন!"
-"চিন্তা হয় না বুঝি? গতবার তো খুব খারাপ অবস্থা হয়েছিল তোর।"
-"তা যতই চিন্তা হোক, ব্রেক আপ হয়েছে একমাস ও হয়নি, তোর আসার কি দরকার ছিল?"
-"হুঁহ! আমার জায়গায় থাকলে বুঝতিস!"
-"তোর জায়গা মানে?"
-"মানে আমি তোকে যতটা ভালবেসেছি, তুই ও যদি আমাকে ততটা ভালবাসতিস তবে বুঝতিস।"
-"মরণ!"
-"মরণ নয়, মোরোন! আমি এক্কেবারে ইডিয়ট একটা। গাধা। ছাগল। গরু।"
-"এই গরু না... গরু খুব কিউট হয়। বাকিগুলো সব ঠিক। আমি কয়েকটা যোগ ও করতে পারি।"
-"তোর জন্য ছুটে ছুটে এলাম, স্টেটাস দেখে - এরকম বলছিস ভাই!"
-"আসতে কে বলেছিল? তোর না 'স্পেস' দরকার ছিল?"
-"স্টেটাসটা দেখে থাকতে পারছিলাম না তো। পারা যায়, বল?"
-"বাবা!"
-"ওই যে বললাম, আমার মতো ভালবাসলে বুঝতিস।"
-"তা তোর কি মনে হয়, ব্রেক আপ, আনফ্রেন্ড করা... সবকিছুর পরেও আমি পোস্ট টা 'পাবলিক' কেন করেছিলাম?"
-"ওরে শয়তান।"
-"আমি তো জানিই রোজ রোজ স্টক করিস তুই আমাকে।"
-"হুম।"
-"শোন, তোকে ভুল বলেছি। আমার একটা জিনিস চাই।"
-"দেখেছিস? আমি জানতাম! কিছু না কিছু তোর লাগবেই। বল, আমি এক্ষুণি এনে দিচ্ছি। আচ্ছা, তুই কি খাচ্ছিস? তোর রজনীদি আসছে? আমি খাবার পৌঁছে দেব? উফ! এসময় প্রোটিন খেতে হয় বেশি করে..."
-"সাহিল! চুপ। আমাকে বলতে দে প্লিজ, আমার কি চাই?"
-"হ্যাঁ হ্যাঁ বল..."
-"ক্যান আই গেট আ হাগ, প্লিজ?"
-"বাবু..."
-"হুম..."
-"আই মিসড ইউ সো মাচ! অ্যান্ড আই লাভ ইউ। কোনো স্পেস চাই না আমার। একটা পাশবালিশের মতো স্পেস ও না..."
-"সত্যি?"
-"তিন সত্যি..."
-" Heart Heart "
[+] 1 user Likes ddey333's post
Like Reply

মুক্তি

 
কাল রাত্তিরে বাড়ি ফিরেই শুয়ে পড়েছিলেন শামিমা।
খুব টায়ারিং একটা দিন গেছে কাল!
সকালে বাড়িতে পতাকা উত্তোলন করেছিলেন - সাদা সালোয়ার কামিজ পরে। ওঁর সোশ্যাল মিডিয়া টিম ভিডিও বানিয়েছে যত্ন করে। তারপর মানানসই গান বসিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। পতাকা উত্তোলনের মতো আবেগপূর্ণ কাজ হলেও প্রায় শ্যুট করার মতো করেই হয়েছে - তিনবার রিটেকও করতে হয়েছে। বেস্ট অফ থ্রি! যে ভিডিওতে এক্সপ্রেশান সবচেয়ে ভাল এসেছে, সেটাকেই আরও একটু এডিট, কালার কারেকশান করতে হয়েছে টিমকে।
এরপরে একটা রেস্তোরাঁয় যেতে হয়েছিল, গেস্ট হিসেবে। সেখানে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফুড ফেস্টিভ্যাল শুরু হয়েছে - সেখানে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স। সন্ধ্যেবেলা সরকারের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেখানে যেতে হয়েছিল।
ক্লান্ত লাগে আজকাল শামিমার। কিন্তু... কিছু যে করার নেই!
কোনো একটা অনুষ্ঠানে না গেলেই পিছিয়ে পড়তে হবে ইঁদুর দৌড়ে। এমনিতেই এখন একঝাঁক নতুন ছেলেমেয়ে এসে গেছে অভিনয় জগতে। সিনেমা থেকে ওয়েবসিরিজ - দাপিয়ে অভিনয় করছে তারা। এরমধ্যে শামিমার মতো অভিনেত্রীরা টিকে আছেন বেশিরভাগই এন্ডোর্সমেন্ট, অর্থাৎ বিজ্ঞাপনের জেরে। আর বিজ্ঞাপন করতে গেলে দরকার পাবলিক, সাধারণ মানুষের চোখের সামনে থাকা। তারজন্য চাই জনসংযোগ। সেজন্যই ছোট ছোট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দেওয়া... বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া... যাতে প্রেস কভারেজ পাওয়া যায়...
তবে, বয়স হচ্ছে - আজকাল খুব ক্লান্ত লাগে শামিমার!
মেঘে মেঘে তো কম বেলা হল না! মাত্র আঠেরো বছর বয়সেই প্রথম সুযোগ মিলেছিল, একটি বাংলা ছবিতে, নায়িকার বোন হিসেবে। নাচের ওপর ছিল ছবিটি। ছোটবেলা থেকেই নাচের তালিম নেবার সূত্রে নাচ এবং অভিব্যক্তি - দুইই ভাল লেগেছিল দর্শকদের। তারপর আরেকটি বাংলা ছবি করে পাড়ি দিয়েছিলেন মুম্বাইতে। মা খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, সবসময় বলতেন "তোকে পারতেই হবে। রূপ-গুন সবার থাকে না। তোর আছে, পারবি তুই।"
তা, মায়ের কথাতেই হোক, বা ভাগ্যের জেরে, বিখ্যাত বিনায়ক ফিল্মসের চোখে পড়ে গেছিলেন উনি। তারপর... লম্বা পথ। কখনও চড়াই, কখনও বা শুধুই হতাশা। এভাবেই যে কিভাবে এতগুলো বছর কেটে গেল...
আঠেরোয় শুরু করেছিলেন 'নর্তকী' দিয়ে, তারপর হিন্দিতে প্রথম সুপারহিট 'ঝুটি মনজিল'। 'দেশভক্ত', 'খিলোনা' 'নদীয়া পার' 'মোহে রং দে' - মাঝের বাইশ বছরে হিট ছবি ঝুলিতে কম নেই ওঁর। তবে এখন... ক্লান্ত লাগে মাঝেমাঝেই। বাইশ বছর ধরে একটানা চলছে তো চলছেই। তবে কাজ না থাকার থেকে কাজ করে ক্লান্ত হওয়া ভাল। নইলে যে কি হবে...
আগেকার দিনে নাকি নায়িকারা নিজেদের আসল বয়স বলতেন না কিছুতেই। কিন্তু এখন ইন্টারনেটের যুগ - কিছুই লুকোনো থাকে না। তাই বছর পাঁচেক আগে ওঁর পি আর টিমের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওঁকে 'এভারগ্রীন বিউটি' হিসেবে প্রোজেক্ট করা হবে। বলা হবে স্বাস্থ্যকর জীবনযাত্রা, যোগব্যায়াম - এসব করেই তরতাজা আছেন উনি। চল্লিশ ছুঁইছুঁই চেহারাতেও তারুণ্যের ঝলক। মোমমসৃন ত্বক। ক্ষীনকটি। এভাবে প্রোজেক্ট করার সুফলও পাওয়া গেছিল অচিরেই। এখন নিজের পোষাক লাইন, মেকআপ সামগ্রী এবং যোগব্যায়াম শেখানোর অ্যাপ - সবই আছে ওঁর।
সবই আছে - তাও যেন কিছুই নেই!
বিছানা থেকে উঠে একটু স্ট্রেচিং করলেন শামিমা। একটু স্পট জাম্পিং। অন্যান্যদিন মুখ হাত ধুয়ে যোগব্যায়াম করেন বা জিমে যান উনি। সেখানেও ফটো শুট হয়। যেমন আজ বাড়ির লনে ম্যাট পেতে ব্যায়াম করার পালা। ওঁর টিমের একজন তার ভিডিও করবে। সেটা পার্ট করে করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হবে। এসবই প্ল্যানের অঙ্গ। কোনও কোনওদিন জিমে যাবার সময় পাপারাৎজিরা দাঁড়িয়ে থাকেন, সেদিন ইচ্ছে করেই একটু অন্যরকম জামা-কাপড় পরতে হয়। সবই নিউজে থাকার জন্য...
অথচ আজকাল সত্যি একটু অন্যভাবে জীবন কাটাতে ইচ্ছে করে ওঁর। মনে হয় কদিনের জন্য সাধারণ একটা মেয়ে হয়ে ঘুরে বেড়াতে। বেশ একটা পাহাড়ি এলাকায় ছোট্ট হোমস্টে হবে... কাছেই কোথাও কুলুকুলু বয়ে যাবে নদী। কাঠের বারান্দায় বসে পাহাড়ের রংবদল দেখতে দেখতেই সময় কেটে যাবে। মাঝে মাঝে কফির কাপে চুমুক। ইচ্ছে হলে যে বইটা লেখার ইচ্ছে অনেকদিন - সেই বইটার দুটো একটা পরিচ্ছদ লেখা... আর ইচ্ছেমত খাবার, দেদার ঘুম!
গত কয়েকবছর ধরেই এরকম ইচ্ছে করে, কিন্তু হয় আর কোথায়!
মাকে বললেই বলবেন "বেশ তো, ইউরোপে হলিডে করে এসো।" পি আর টিম টাই-আপ প্রোপোজাল নিয়ে আসবে। বেড়াতে গিয়েও সেইসব প্রোডাক্টকে প্রোমোট করতে হবে। সেইসব হোটেলেই থাকতে হবে। ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিতে হবে। নিজের মতো করে নিজের জীবন কাটানোর স্বাধীনতা একেবারেই নেই ওঁর। এমনকি কিছু লিখতে চান, এমনটা মা কে বলার পরে মা বলেছিলেন "বেশ বেশ - হেলদি ফুড হ্যাবিট আর লাইফস্টাইলের ওপর লেখ। বা ওয়েট লস। পাবলিক এগুলোই চায়।" ওঁর টিমও সহমত হয়েছিল সঙ্গে সঙ্গেই। 'ডিভা'র লেখা 'বেঙ্গলি' উপন্যাসের থেকে এইধরণের বইয়ের বাজার অনেক ভাল। পেপারব্যাক আর কিন্ডল এডিশান বের করা হবে... ব্র‍্যান্ডিং আরও ভাল হবে।
আর শামিমার চাওয়া? নাহ্, সে তো সব বন্ধক রেখেছে...
ষাট পেরিয়েও মা প্রবল ব্যক্তিত্বময়ী এখনও। উঠতে বসতে বুঝিয়ে দিতে কসুর করেন না শামিমা 'শামিমা' হয়েছেন ওঁর জন্য। মাঝেমাঝে যে শামিমা প্রতিবাদ করেননি তা না। বলে উঠেছেন "আর আমার ট্যালেন্ট, আম্মি? সেটা কিছু না?" মা হাত নেড়ে বলে উঠেছেন "ওরকম ট্যালেন্ট কতলোকের থাকে! সবাই কি তোর মতো হতে পারে? দেখ মেয়ে, টাকা- টাকা! টাকার চেয়ে বড় দোস্ত -ইয়ার কেউ নয়। আর এটাই খাটার বয়স! খেটে যা।" আবার কখনও চোখে জল এনে বলেছেন "কার জন্য বলি এসব? তোর জন্যই তো... আজ তোর আব্বু থাকলে..."। কথা শেষ হবার আগেই হার মেনে নেন শামিমা। কুমাতা যে কেউ হতে পারেন না!
এভাবেই চলে এসেছে জীবন। কখনও পচা শামুকে পা কেটেছে। কখনও বা হৃদয় ভেঙেছে। হ্যাঁ, কাকে ভালবাসবে, কাকে না - মা নির্ধারণ করে দিয়েছেন সবটাই। তাই বিবাহিত হওয়া সত্ত্বেও সাহিলের সাথে ফ্লার্ট করতে হয়েছে শামিমাকে, যাতে ওঁর ছবির লিড রোল পাওয়া যায়। আবার 'মিডিওকার' অভিজিৎকে - বলা হয়নি, বলতে পারা যায় নি কিছুই... অথচ, সেই গভীর বাঙ্ময় চোখদুটি... ভুলতে পারেননি আজও।
এখন অবশ্য মেনেই নিয়েছেন উনি। প্রেমহীন একটা জীবন কাটাতে হবে। অর্থসর্বস্ব এবং অর্থহীন একটি জীবন! তবে, সেই জীবনও এখন ব্র‍্যান্ডিং হবার অপেক্ষায়। এভারগ্রিন এবং লোনলি বিউটি। নিঃসঙ্গ সুন্দরী!
ব্রাশ করে চোখে মুখে জল দিতে দিতে নিজেকে দেখছিলেন শামিমা। চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আর... কিছু ফাইন লাইনস! চল্লিশ আসছে যে!
'চল্লিশ' শব্দটি মনে পড়তেই গতকালের সন্ধ্যা মনে পড়ে গেল শামিমার। ঝাঁ চকচকে হলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেকদিন পরে দেখা হয়েছিল সেতারবাদক পন্ডিত আজহার খাঁ সাহেবের সঙ্গে। উনি প্রায় চল্লিশবছর ধরে বাজাচ্ছেন! তবে এখন আর অনুষ্ঠানে বাজান না। কাল বলছিলেন "কোনো দুঃখ নেই আমার জানো! নো রিগ্রেট অ্যাট অল! আই লিভড মাই লাইফ অ্যাজ পার মাই উইশ! যতদিন ইচ্ছে হয়েছে সবার জন্য বাজিয়েছি। এখন নিজের জন্য বাজাই...একা... কাউকে অ্যালাও করি না। পরিবারকে যা দেবার, সব দেওয়া হয়ে গেছে।" বলতে বলতে হাসছিলেন উনি। চোখে মুখে কত বলিরেখা - তবু সে হাসি তারার মতো উজ্জ্বল!
একটু হাসলেন শামিমা।
তারপর সিদ্ধান্ত নিলেন।
অনেকটাই তো করেছেন উনিও। অভিনয় কমে এলেও ব্যবসা থেকে আয় মন্দ না। এবার থেকে অন্তত নিজের জীবনের রাশটা নিজের হাতে নিলে হয় না? চলে যাবে ঠিকই, বরং আজকাল যে নিজেকে পন্য মনে হয় - সেটা থেকে মুক্ত হবে।
মা! আম্মি!
হ্যাঁ, আম্মি সত্যিই অনেক করেছেন। নইলে এতদিন হয়ত ও কোথায় কোন মাঝবয়সী লোকের বিবি হয়ে সংসার সামলাতে ব্যস্ত থাকত। কিন্তু সেজন্য তো এতগুলো বছর কেটে গেল! বাইশ বছর! দ্য গোল্ডেন ইয়ার্স!
মুখটা ভাল করে মুছে বাইরে এলেন শামিমা। ব্যায়ামের পোষাক পরলেন। এইসময়েও ওঁকে হাল্কা মেক আপ করতে হয়। চোখের কালি, স্পট ঢাকার জন্য কনসিলার... গালে রক্তিম আভার জন্য চিক টিন্ট! ভিডিওতে যাতে সুন্দর লাগে। অথচ আর পাঁচজন কি ব্যায়াম করার আগে সাজগোজ করেন?
এক্কেবারে তৈরি হয়ে বেরিয়ে এলেন উনি ঘর থেকে। মা দেখে অবাক হয়ে বললেন "কেমন একটা লাগছে আজ তোকে! গালটা শুকনো?"
"তাই? আসলে আজ মুখে কিছু লাগাইনি... তাই হয়ত।" হেসে বলে ওঠে ও।
"ওমা! কেন? তাই তো কেমন একটা লাগছে।" বলেন মা।
"কেমন লাগছে আম্মি?"
"কেমন আর... একটু বুড়োটে..." মা বরাবরই স্ট্রেট ফরোয়ার্ড!
"তা তো হবেই আম্মি! আমি কি আর ইয়াং আছি! বয়স বাড়ছে না আমার? " খুব মজা হচ্ছে আজ শামিমার।
"এভাবে কেউ দেখে ফেললে?" যেন শিউরে ওঠেন মা।
"বাহ্, তাতে কি হয়েছে? আমিই না ইন্টারভিউতে বলি আত্মবিশ্বাসের চেয়ে বেশি কিচ্ছু হয় না! কনফিডেন্স ইজ দ্যা বেস্ট মেক আপ? তা আমি তো কনফিডেন্ট, তাহলে আর কিসের সমস্যা?"
"হায় আল্লা! পাগল হয়ে গেছিস নাকি তুই?"
"না মা, পাগল ছিলাম... গোলাপী চশমা পরা পাগল... এখন সুস্থ হচ্ছি..." হাসতে হাসতে বলেন শামিমা।
সামনে অনেক কাজ...
বেড়াতে যাবেন খুব শিগগিরি... নিজের পছন্দের জায়গায়... একা! কোনো ছবি থাকবে না সেখানে - শুধুই ছবির মতো কিছু দিন...
একটা কবিতার বই...
সাদা খাতা একটা...
আর... অভিজিৎ কে একবার ফোন করা... কোনো কিছুর আশা না করে... শুধু নিজের কথাটা বলার জন্য....
চোখ বন্ধ করে শ্বাস নেন শামিমা...
বাতাসে স্বাধীনতার গন্ধ...

Like Reply

#কথোপকথন

 
-"শুনছ? সিমি?"
-"..."
-"কোথায় যে সব রাখো? দরকারের সময় খুঁজে পাই না কিছু। সিমি?"
-"উফ! কি খুঁজে পাচ্ছ না তুমি?"
-"এদিকে এসো, বলছি।"
-"কাজ করছি, এখন যাবার উপায় আছে কি?"
-"আরে দরকারি জিনিস! এসো… দু মিনিট!"
-"নিজের জিনিস কেন রাখো না? এখন করবে খিটখিট! "
-"উফ! আজব পাবলিক! এসো বলছি।"
-"আশ্চর্য! আসছিইই!"
-"..."
-"কি পাচ্ছ না? বলো?"
-"বলছি। কিন্তু তার আগে, মুখটা খোলো…"
-"মুখটা? এই না না, আজ না লক্ষ্মীপুজো?"
-"তারজন্য কি পশ্চিমে উঠেছে সূর্য?"
-"আরে! আজ আমার উপোস!"
-"না খেয়ে থাকার মেয়ে তো তুই নোস!"
-"এই, আবার তুইতোকারি? মা বকা দেবেন।"
-"ওসব পরে হবে। আপনি এখন চুপচাপ খাবেন।"
-"রাতুল, এটা কি ঠিক হবে?"
-"খাওয়াটা বেঠিক হল কবে?"
-"না, বিয়ের পরে প্রথম লক্ষ্মীপুজো…"
-"না খাবার অন্য অজুহাত খুঁজো।"
-"আরে, বাড়ির বৌ আমি এখন।"
-"তাতে কি পালটে গেছে তোমার হরমোন?"
-"মানে?"
-"না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ হয় এটা কে না জানে?"
-"তাও…"
-"প্লিজ কথা শোনো। খাও।"
-"মা লক্ষ্মী যদি রাগ করেন?"
-"মা? মা তো তোমার… আমাদের? তবে খুশিই হবেন।"
-"তোমার যুক্তির কাছে আমি বারবার হেরে যাই!"
-"আর প্রশংসা করো না,আই অ্যাম ফিলিং শাই!"
-"শোনো… তোমার মনে আছে প্রথমবার তোমাকে দেওয়া আমার কম্পলিমেন্ট?"
-"হা হা হা! তা আবার থাকবে না? আমি নাকি ডানদিক থেকে হৃত্বিক রোশন ফিফটি পারসেন্ট?"
-"কথাটা পাল্টাতে চাই, বুঝলি?"
-"এবার কে 'তুই' বলছে? আচ্ছা, কি পাল্টাবি?"
-"আই লাভ ইউ অ্যান্ড ইউ আর বেটার দ্যান রোশন!"
-"আই ব্বাস! এ কি শুনলাম! থ্যাংকইউ! জানেমন!"
 
Like Reply

নষ্টা

 
ঘুম থেকে উঠেই অভ্র দেখল দয়িতার স্নান সারা হয়ে গেছে। একটা নীল রঙা কুর্তি আর ঢোলা পালাজো পরেছে। ভেজা চুল। চোখে ওর ট্রেড মার্ক, গাঢ় কাজল। ড্রয়িংরুমের মেঝেতে বসে জামা-কাপড় ভাঁজ করছে।
ওর জামা-কাপড়!
দয়িতা চলেই যাবে, তাহলে?
কথা না বাড়িয়ে চুপচাপ বাথরুমে ঢুকে গেল অভ্র। দাঁত মাজতে মাজতে সামনের ছোট্ট আয়নায় চোখ গেল। আর নিজেকে নয়, অবিকল যেন একটা 'গাধা'র প্রতিবিম্ব দেখছে বলে মনে হল। এমন একটা গাধা, যে এতদিন এক ছাদের নিচে থেকেও বুঝতে পারেনি তার বিয়ে করা বৌ আসলে কি! "নষ্ট মেয়েছেলে, শা লী!" দাঁত কিড়মিড় করে বলে উঠল অভ্র। "আউচ" - অসাবধানে ব্রাশের খোঁচা লেগে গেছে মুখের ভেতর দিকে!
বাথরুম থেকে বেরিয়ে দেখে দুটো বড় বড় ট্রলি রাখা আছে একচিলতে রান্নাঘরের সামনে। শা লী বাড়ি থেকে বেরিয়ে যাবার জন্য তৈরি তবে! যাক, বাঁচা যাবে! নষ্ট মেয়েছেলে কোথাকার!
সেদিনের কথাটা ভাবতেই ঘেন্নায় গা টা যেন গুলিয়ে উঠল অভ্রর। দয়িতা স্নানে গেছিল। ফোনটা রাখা ছিল ডাইনিং টেবিলের ওপর। হঠাৎ করেই চোখে পড়েছিল ফেসবুকের মেসেঞ্জারে আসা একটা মেসেজের নোটিফিকেশন - "গুড মর্নিং! ঘুমিয়েছিলে রাতে? আমার তো একটুও ঘুম হয়নি! খালি মনে হচ্ছিল, আমাদের 'আমরা' হতে আর কতদিন অপেক্ষা করতে হবে? আর যে পারছি না আমি!"
অবাক হয়ে ফোনটা হাতে তুলে নিয়েছিল অভ্র। দয়িতার ফোনের পাসওয়ার্ড জানে না ও। তাই ফোন খুলে পুরো মেসেজটা, বা তার আগের কোনো মেসেজ দেখতে পায়নি। শুধু সেন্ডারের নামটাই চোখে পড়েছিল। সোমনাথ সেনগুপ্ত।
কিন্তু কে এই সোমনাথ সেনগুপ্ত? আর দয়িতাকে এরকম "ঘুমোতে পারছি না" মার্কা গদগদ মেসেজ কেন পাঠিয়েছে? স্নানঘরের দিকে একনজর দেখে নিজের ফোনটা হাতে তুলে নিয়েছিল অভ্র। দয়িতার ফেসবুক প্রোফাইল খুলেছিল। গত জুনে পুরী গেছিল দয়িতা, সেইসময় সমুদ্র সৈকতে তোলা একটা ছবি আছে প্রোফাইলে। কভার ফটোতে সমুদ্রের সূর্যাস্ত। আগে নজরে পড়েনি, হলুদ লম্বা জামায় বেশ ভাল লাগছে দয়িতাকে! মানে, এমনি যা লাগে, তার চেয়ে অনেক ভাল! নইলে প্রায় নব্বই কেজি ওজন, হাতির মতোই লাগে তো ওকে! চুল স্ট্রেট করিয়েছিল একবার, এখন ঝাঁটার কাঠির মতো লাগে। চোখের কোণে ফাইন লাইনস এসে গেছে। বুকও আর আগের মতো নেই! ঝুলে টুলে একশা! আর সেই মেয়েকে নিয়ে নাকি কেউ 'আমরা' হবার স্বপ্ন দেখে! হুহ্! ভেবেই হাসি পাচ্ছিল অভ্রর।
তবে সারাদিন ধরে ভাবার পরে কিন্তু আর হাসি পায়নি একটুও। খালি মনে হচ্ছিল, এটাই তো একমাত্র মেসেজ না! এর আগেও কত কথা হয়েছে দুজনের মধ্যে। আরও কত কি হয়েছে কে জানে! ইআর মেসেজটা দেখে তো মনেই হচ্ছে দুজন অনেক কিছু প্ল্যান ও সেরে ফেলেছে! বা ল! অত যেন সোজা! দয়িতা মিত্র অভ্রাংশু মিত্রের ওয়াইফ! রীতিমতো আইনি বিয়ে। অত সোজা! আর মেসেঞ্জারে ন্যাকামি করে চ্যাট করা যায়, কিন্তু বাড়িতে একসঙ্গে থাকতে গেলেই বোঝা যায় কত ধানে কত চাল!
দিন গড়াতে গড়াতেই সকালের পরিহাস যেন একটা অক্ষম রাগে পালটে গেল অভ্রর। এই মুহূর্তে অভ্র অফিসে, দয়িতাও কলেজে। কিন্তু হয়ত এখনও চ্যাট করছে দুজনে। 'আমরা' হবে! কত সখ!
আরেকবার ফেসবুক খুলে দয়িতার প্রোফাইল খুলল অভ্র। সেখান থেকে সোমনাথ সেনগুপ্তর প্রোফাইল। "দেখি বদনখানা একবার!" একটাই সোমনাথ আছে দয়িতার প্রোফাইলে। এইই সে! কিন্তু মা ল তো প্রোফাইল লক করে রেখেছে। কিছুই দেখা গেল না। না ছবি, না ফ্রেন্ডলিস্ট। এই হয়েছে এক নতুন ন্যাকামি! প্রোফাইল লক করে রাখা! শা লা জুকের বার্গ!
রাগে দাঁত কিড়মিড় করছিল অভ্রর। অফিস থেকে বেরিয়ে কোনোদিকে না তাকিয়েই চলে এসেছিল বাড়িতে। দয়িতা তখন বই পড়ছিল টেবিলে বসে। নেকি! নাগ রের সাথে লটরপটর করে আবার বই পড়া! এই নাকি টিচার! আবার সে নাকি স্পিরিচুয়াল! ঘটা করে পুজো করে! সোমবার করে নিরামিষ খায়!
কোনোরকম ভনিতা না করে চেঁচিয়ে উঠেছিল অভ্র। "সোমনাথ কে?"
"কে সোমনাথ?" চমকে তাকিয়েছিল দয়িতা। একটু যেন ভয় পেয়েছিল প্রশ্নটা শুনে।
"ন্যাকামি করো না তো। আমি সব জানি। কে এই সোমনাথ?" সারাদিন পরে ফেটে পড়েছিল অভ্র।
বেশি কিছু বলে নি দয়িতা। চুপ করেই ছিল। তারপর বলে উঠেছিল "শোনো, স্যরি... আসলে... তুমি আমাকে একদম সময় দাও না... একা লাগত খুব... এইভাবেই... একদিন ওঁর মেসেজ এলো..."
"আর অমনি ভুলে গেলে তুমি একটা বাড়ির বৌ? লদকা লদকি চালু করে দিলে? আবার ঘটা করে পুজো করে! উপোস করে! নষ্ট মেয়েছেলে কোথাকার!" অভ্রর মাথায় আগুন জ্বলছিল যেন।
"আমি স্যরি। তোমাকে এভাবে...। কিন্তু তুমি তো জানোই মাঝেমাঝে আমাদের নিজেদের ওপর কন্ট্রোল থাকে না!"
"শা লী মা গী! এত কথা তোর বেরোয় কি করে?" চিৎকার করছিল অভ্র।
"বললাম তো, স্যরি!"
"কু ত্তী! বাবা মায়ের এই তো শিক্ষা.."
"তুমি আমাদের মধ্যে বাবা মা কে কেন টানছ? "
"কেন টানব না? শিক্ষা দিতে পেরেছে নাকি তোকে ওরা? বিবাহিতা মহিলা হয়ে পিরীত মা রাচ্ছে!" রাগলে অভ্র 'বাপের কুপুত্তুর'!
"প্লিজ, বাবা মা কে নিয়ে কিছু বলো না। যা হয়েছে তার দায় আমার একার।" দয়িতা তখনও বলে যাচ্ছিল।
আর সহ্য হয়নি অভ্রর। চুলের মুঠি ধরেছিল দয়িতার। "শা লী!"
"গালাগাল দিও না এভাবে প্লিজ। তুমি তো সবসময় আজেবাজে কথা বলো আমাকে। আমি নাকি হাতি! আলুর বস্তা! আমাকে নিয়ে বন্ধুদের বাড়ি যাওয়া যায় না! শেষ কবে একটু আদর করেছ, ভাল করে কথা বলেছ মনে আছে তোমার?" কঁকিয়ে উঠেছিল দয়িতা।
"ভাল করে কথা! আদর! তুই তার যোগ্য! তুই কাছে এলেই আমার গা বমি করে। সত্যিই তো তুই আলুর বস্তা!"
আর কথা বাড়ায় নি দয়িতা। শুধু বলেছিল "আমার গায়ে হাত দিও না। আইন তো জানোই। ফেঁসে যাবে কিন্তু।"
চুপ করে গেছিল অভ্র। ওর বন্ধু চঞ্চল মাস কয়েক খুব ভুগেছে ডোমেস্টিক ভায়োলেন্স কেসে। প্রায় জেল হয় হয় অবস্থা ছিল। জলের মতো টাকা খরচ হয়েছিল। সবই শুনেছে অভ্র। তাই বাধ্য হয়েই চুপ করে গেছিল।
তবে, 'চুপ' করেনি। দয়িতার বাবা নেই, মা আছেন। সেই মানুষটিকে জানিয়েছে সব। দয়িতার বেশ কয়েকজন 'নেকি' বন্ধু আছে। তাদের সাথে বিশাল হা হা হি হি চলে দয়িতার। তাদেরকেও জানিয়েছে সবটা। নিজের দিকের সব আত্মীয় স্বজনদেরকেও জানাতে ছাড়েনি। আর এরমধ্যেই আরও একবার একটা মেসেজ চোখে পড়েছিল "বেবি, আর ইউ ওকে? প্লিজ লেট মি নো হোয়েন ক্যান উই টক টুডে। কান্ট ওয়েট টু স্পিক। লাভ!" লেখা একটা মেসেজ।
তার মানে এতকিছুর মধ্যেও সব চলছে!
আরেকপ্রস্থ ঝামেলা লেগেছিল ওদের মাঝে। দয়িতার মাকে ফোন করেছিল। বলে উঠেছিল "আপনার নষ্ট, ক্যারেকটার লেস মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলুন। আমাদের বাড়িতে থেকে এমনি করা যাবে না। কী কী সব করেছে ভগবান জানে! নোংরা মেয়েছেলে"
কেঁদে উঠেছিল মুটকিটা! ফোন ছাড়ার পর বলে উঠেছিল "তুমি নিজে কোন মুখে কথা বলো? মৌসুমীর কথা ভুলে গেলে? কিসব মেসেজ করতে তুমি ওকে... সব তো ছিল আমার কাছে। আমিও তো তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম।"
"চোপ! মৌসুমীর সঙ্গে তোর তুলনা? ও ৩৬-৩২-৩৬! আর তুই? ৪০-৪০-৪০ - সব সমান, শুয়োয়ের মতো!"
সেই শেষ! সেইদিনই দয়িতা বলে দিয়েছিল ও আর এই বাড়িতে থাকবে না। সামনের রবিবার চলে যাবে। পরে ডিভোর্সের নোটিস পাঠিয়ে দেবে।
আজ সেই রবিবার। আর সত্যিই দয়িতা চলে যাচ্ছে!
ওই সোমনাথ সেনগুপ্তের ভরসায়! ফেসবুক থেকে এত কিছু!
ওকে দেখে উঠে দাঁড়ায় দয়িতা। পা মুড়ে বসতে পারে না, উঠতে বেশ কষ্টই হল। উঠে বলল, "আমার বাড়ি থেকে দেওয়া গয়না গুলোই শুধু নিলাম, যদিও সব গয়নাই আইনত আমার প্রাপ্য, তাও তোমাদের দিকের গুলো রেখে যাচ্ছি। দেখে নাও আর এই কাগজটায় সই করে দাও।" একটা এ ফোর কাগজ ওর হাতে।
"চলেই যাচ্ছ তুমি? এত পিরীত? সে দুদিন পরেই ছেড়ে দেবে তোমাকে। তখন বুঝবে। কাছে গেলেই বুঝবে কোন মা লের পেছনে পড়েছে!" হাত দিয়ে অশ্লীল একটা ইঙ্গিত করল অভ্র।
আর প্রায় সঙ্গে সঙ্গেই দয়িতার হাতের ফোনটা বেজে উঠল।
"হ্যালো? হ্যাঁ দাদা, আমি লোকেশানেই আছি, দু মিনিটে আসছি।" বলে ফোনটা কাটল ও। দু এক সেকেন্ড চুপ করে রইল। তারপর অভ্রর দিকে তাকিয়ে বলে উঠল "আসছি। ভাল থেকো, অভ্রাংশু!"
নাহ্, একবারও পিছনে ফিরে তাকায় নি মেয়েটা।
চোখের জলটুকু দেখাতে চায় নি!
অনেক স্বপ্ন নিয়েই তো সংসার করতে এসেছিল আর পাঁচটা মেয়ের মতো। কী যে হয়ে গেল!
সব কষ্ট একদিকে... আর একজন চেনা মানুষ অচেনা হয়ে যাবার শূন্যতা... অন্যদিকে। তার গভীরতা আরও অসহনীয়!
গাড়িতে বসে ফোনটা ব্যাগে ঢোকায় দয়িতা।
এখন আর ফোনটার দরকার নেই। আগে তো ইচ্ছে করেই এদিক সেদিক ফেলে রাখত... যাতে 'সোমনাথে'র মেসেজ গুলো অভ্রর চোখে পড়ে। ভেবেছিল যদি... যদি কিছু পালটায়! যদি ওকে এখনও ভালবাসে অভ্র! যদি বলে "এসো আবার শুরু করি!" কিন্তু না... সে পাল্টাবার না!
বড্ড একা লাগছে ওর। বড্ড খালি।
শুধু অভ্রই না, সোমনাথের ও যে আর প্রয়োজন নেই! এবার অ্যাকাউন্টটা ডিঅ্যাকটিভেট করে দিতে হবে...
বেচারা অভ্র! ভাবতেও পারল না - সোমনাথ আর কেউ না... স্বয়ং ওর আরাধ্য, মহাদেবের আরেক নাম!
গাড়ি চলছে হু হু করে।
দয়িতা কাঁদছে।
তা কাঁদুক। সব জল না হয় শেষ হয়ে মরুভূমি হয়ে যাক...
তারপরেই তো মরুদ্যান আসবে....
 
[+] 1 user Likes ddey333's post
Like Reply

বৃত্ত

 
মা চলে যাবার পর থেকেই আগের ফ্ল্যাটটা একদম ভাল লাগছিল না ঈশানের। সারাদিন অফিসে কাটিয়ে বাড়িতে ফিরলেই মনে হতো ঘরটা এক্কেবারে খাঁ খাঁ করছে যেন! বাবা তো অনেক ছোটবেলা থেকেই নেই, দিম্মা আর মা ই ছিলেন ঈশানের সবকিছু। দিম্মা তবু বয়সের জ্বালায়, আর বেশ একটু ভুগেই মারা গেছিলেন, তাই সেটা মেনে নিতে পেরেছিল ঈশান। কিন্তু... মা? নাহ্! সবকিছু আরেকদিকে... আর নিজের হাতে প্রিয়তম মানুষটির দাহ করার যে অসহায়ত্ব... তা অন্যদিকে।
একা হয়ে গেলেও মানিয়ে নেবার চেষ্টা করেছিল ঈশান আপ্রাণ। এমনকি অফিসে বেশি বেশি করে সময় কাটিয়েছে। ডেডলাইনের আগেই অ্যাসাইনমেন্ট শেষ করে দিয়েছে। বাড়ি ফেরার জন্য ক্লান্ত শরীরে পার্কিং লটে এসেই মনে পড়েছে বাড়িতে কেউ অপেক্ষা করে নেই! সেই হোম ডেলিভারির ঠান্ডা খাবার... আর বিছানায় শুয়ে এদিক ওদিক করে রাত্তিরটুকু কাটানো...
আর উইকেন্ডগুলো তো আরও খারাপ! দেরী করে ঘুম থেকে ওঠাই সার... তারপরেই মনে হতো কি হবে সারাটা দিন! মন ঠিক করার জন্য সিনেমা দেখেছে, মদ টদ খেয়েছে উইকএন্ডে... কিন্তু মনের গভীরে ঢুকে থাকা একাকীত্ব কাটেনি।
তাই শেষমেষ বাড়িটা বিক্রিই করে দিল। এমনিতেই একতলায় ফ্ল্যাটটা ছিল, একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। মাকে অনেকবার বলেওছিল ঈশান, নতুন কোথাও শিফট করতে, কিন্তু মা রাজি হননি। খালি বলতেন "এই একতলাই আমার ভাল... হাঁটুতে যে ব্যথা..."।
এখন যে ফ্ল্যাটটা নিয়েছে ঈশান, সেটা ওয়ান বি এইচ কে হলেও খোলামেলা বেশ। একটা ছোট্ট বারান্দা আছে। ছুটির দিনগুলোতে ওখানে বসে বসে নিউজপেপার পড়তে, চা-সিগারেট খেতে খুব ভাল লাগে ওর। নতুন বাড়ি বলেই হয়ত এখন আর খুব একটা একা লাগে না। না, মায়ের অভাব, মায়ের গায়ের গন্ধ, মায়ের রান্না, মায়ের বকাঝকা, আবার রাতে ঘুমের মধ্যেই মা ঘরে এসে যেভাবে গায়ে চাদর দিয়ে যেতেন, ফ্যান আর এসি একসঙ্গে চলছে দেখে, সবটাই খুব মিস করে ঈশান। কিন্তু, এখন মেনে নিয়েছে "আছে দুঃখ আছে মৃত্যু।" ওর থেরাপিস্ট, মানে যাঁর কাছে ও কিছুদিন কাউন্সেলিং করেছিল উনিও ওর ইম্প্রুভমেন্ট দেখে খুব খুশি। তবে সবচেয়ে বেশি খুশি বোধহয় অফিসে ওর টিম লিডার। সেদিনই হাসতে হাসতে বলছিলেন "ঈশান রে, তুই যে হারে তড়িঘড়ি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছিলি, আমি তো টেনশানে পড়ে যাচ্ছিলাম যে তোকে এরপরে কি কাজ দেব!"
তবে, মোটামুটি অবস্থাটা শুধরে এলেও এই পাড়ায় সেভাবে কারো সাথে আলাপ নেই... ফ্ল্যাটেও চেনা কেউ নেই... এটাই অস্বস্তির। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে মেইনটেনেন্স সংক্রান্ত আলোচনা হয়, কার বাড়ির সামনে নোংরা পড়ে আছে, কে জানলা দিয়ে রাস্তার কুকুরকে বিস্কুট ছুঁড়তে গিয়ে কার মাথায় পড়েছে... কে লিফটের দরজা ঠিক করে আটকায় না... এইসব নিয়ে ঝগড়া হয় দিনভর। ঈশান ভয়ে ভয়েই ওই গ্রুপটা এড়িয়ে চলে। মাত্র আঠেরোটা ফ্ল্যাট নিয়ে বাড়ি, কিন্তু মতামত আঠেরো হাজার রকম!
আজ বিশ্বকর্মা পুজো। শনিবার, তাই অফিসও ছুটি। বেশ ফুরফুরে মনে ঘুম থেকে উঠল ঈশান। দুদিন ধরেই আকাশের মুখ ভার। পুজোটা বোধহয় এবারও গেল! একটু মনটা খারাপই হয়ে গেল ওর। একটা সিগারেট ধরিয়ে বারান্দায় এসে দাঁড়াল ঈশান। ধোঁয়া ছাড়ল... আহ... শান্তি!
আর প্রায় তক্ষুণি, চোখ পড়ে গেল পাশের ফ্ল্যাটের বারান্দার দিকে। ওদের এই বাড়িটা জি প্লাস সিক্স। তার ওপরে ছাদ। একেকটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট, একটা ওয়ান, একটা টু আর একটা থ্রি বি এইচ কে। আর তিনটে ফ্ল্যাটেরই বারান্দাগুলো মোটামুটি একই লাইনে তৈরি, তাই পাশের ব্যালকনির দিকে চোখ চলেই যায়।
থ্রি বি এইচ কে তে একজন ভদ্রলোক থাকেন, তিনিই আবার এই ফ্ল্যাটের সেক্রেটারি। বেশ ব্যস্ত মানুষ। ফোনে থাকতেই বেশিরভাগ সময় দেখেছে ঈশান ওঁকে।
আর টু বিএইচকেটায় একজন ভদ্রমহিলা থাকেন। ঈশানের থেকে কয়েক বছরের বড়ই হবেন। বাড়িতে আর কে আছে ও জানে না, তবে মহিলা সারা শনি-রবিবার জুড়ে "বাবাই,,বাবাই" বলে ছেলেকে ডাকতে থাকেন। ছেলেটির সাড়া পায়নি এখনও ঈশান, তবে খুব শান্ত ছেলে নিশ্চয়ই। আর, উনি বোধহয় সিঙ্গল মাদার। ওর মায়েরই মতো,,প্রায়। নইলে আর কারো আওয়াজ কেন পাওয়া যায় না বাড়িতে। যদিও মাত্রই মাস তিনেক হয়েছে ঈশান এসেছে এই ফ্ল্যাটে। কারো সাথেই আলাপ পরিচয়টুকুও হয়নি, সেক্রেটারি ভদ্রলোক ছাড়া।
"সাত সমুন্দর পার... তেরে পিছে পিছে আ গ্যায়ি" গান শুরু হয়ে গেল হঠাৎ করেই। আর একটা ইয়াব্বড় হাসি এসে গেল ঈশানের মুখে। এই গানটাকে ওর এই বিশেষ দিনটার 'অ্যান্থেম' মনে হয়!এই তো, এবার বেশ পুজো পুজো ভাব আসছে। পরের সপ্তাহে মহালয়া... তারপরেই তো...। যদিও ঈশান এবার কলকাতা থাকবে না, আগে থেকেই টিকিট কেটে রেখেছিল, পঞ্চমীর রাতেই পাড়ি দিচ্ছে নর্থবেঙ্গল।
কিন্তু পুজোর শুরু হয়ে গেল... আজ একটু স্পেশ্যাল কিছু খেলে কেমন হয়? আগে, ওই বাড়িতে থাকাকালীন রোজ হোম ডেলিভারির খাবার খেত, পেট খারাপ হয়ে যেত প্রায়ই। এখন নিজেই কিছুকিছু রান্না শিখেছে। সামান্যই... ডাল সেদ্ধ করে ফোড়ন দেওয়া, ভাত বানানো, ডিম ভাজা এইসব। তবু এখন অনেকটা ভাল আছে। ইউটিউবের একটা রান্নার চ্যানেল দেখেই শিখেছে ও, আর মনে মনে ভেবেছে "মা এতবার করে বলতেন আগে, কেন যে কিছু শিখিনি!"
সে যাই হোক, কিছুদিন আগেই ওই চ্যানেলটায় 'চিকেন পিসপাস' নামের একটি ওয়ান পট মিল শিখেছে ঈশান। খুব সোজা রান্না। আজ নাহয় সেটাই বানাবে। স্পেশ্যাল আর হেলদি, দুটোই হবে।
রেসিপি মেনে সবকিছু দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিল ও। ব্যাস! এবার একটুখানির অপেক্ষা, তারপরেই এক্কেবারে ব্রাঞ্চ। এই ফাঁকে স্নানটা সেরে নিলে কেমন হয়?
স্নানের পরে বেশ কিছুক্ষণ কেটে গেল... এদিকে প্রেশার কুকারে সিটি আর পড়ে না! খিদেও পেয়েছে জব্বর! কি হল রে বাবা!
তড়িঘড়ি একচিলতে রান্নাঘরটায় গিয়ে দেখে গ্যাস অন, কিন্তু আগুন জ্বলছে না... গ্যাস শেষ!
বাড়ি চেঞ্জের সময়ে মায়ের নাম থেকে নিজের নামে ট্রান্সফার করেছিল গ্যাস ঈশান। তখনই একেবারে দুটো গ্যাসই রিফিল হয়ে গেছিল। এতদিন প্রথম গ্যাসটাই চলেছে... আজ শেষ হল... কিন্তু ও যে গ্যাস সিলিন্ডার লাগাতে পারে না! কি হবে! এদিকে এত খাবার... সব প্রেশার কুকারে বসানো... নষ্ট হবে? খিদেও পেয়েছে খুব... এখন অর্ডার দিলে আসতে আসতেই জাস্ট মরে যাবে ঈশান...
কেন যে এটুকুও শেখেনি ও! মা কতবার বলেছেন...
বাধ্য হয়েই পাশের ফ্ল্যাটে গেল ঈশান। সেক্রেটারি কাকু বলেছিলেন "কোনোরকম দরকারে বলো"... আর আজ তো মহা দরকার... এক্কেবারে পেটের দায়!
"সান্যালদারা কেউ নেই..." আওয়াজ শুনে চমকে উঠল ঈশান।
টু বিএইচকের মেয়েটি।
"নেই? তাহলে কি হবে?" বোকার মতো বলে উঠল ও।
মেয়েটিও ভ্যাবাচ্যাকা খেয়ে গেল যেন। তারপর বলল "কিছু দরকার ছিল...মানে যদি আমার সাধ্যের মধ্যে থাকে..."
"ইয়ে... আসলে আমার গ্যাস শেষ হয়ে গেছে..."
"ও হো! আমাদের এখানের ডিষ্ট্রিবিউটারের নাম্বার নেই আপনার কাছে? যদিও আজ তো পাওয়া যাবে না... পুজোর দিন... কাল হয়ত..." বলে ওঠে মেয়েটি।
"না না, আমার আছে... মানে আরেকটা সিলিন্ডার আছে। কিন্তু আমি লাগাতে পারি না..." অসহায় গলায় বলল ঈশান।
"আচ্ছা... আমি লাগিয়ে দেব? আমি পারি।"
"দেবেন?"
"শিওর!" বলেই ঘরের ভিতরে তাকিয়ে মেয়েটি বলে ওঠে "বাবাই, আমি এক্ষুণি আসছি, এই আঙ্কেলের বাড়ি থেকে, কেমন?"
"আপনার ছেলে কিন্তু খুব শান্ত, কোনো আওয়াজই করে না। খুব লক্ষ্মী ছেলে।" সিলিন্ডার পাল্টানোর পরে বলল ঈশান।
"হ্যাঁ, খুব শান্ত! আসলে রেসকিউড বাচ্চা তো! এখনও ট্রমার মধ্যে থাকে। আমি কাছে বেশিক্ষণ না থাকলেই ভয় পায়, ভাবে আমিও যদি ছেড়ে যাই! "
"রেসকিউড বাচ্চা?"
"হ্যাঁ... ওর আগের মালিক একটা চায়ের দোকানে ফেলে রেখে গেছিল... সেই থেকেই আমার কাছে... যদিও আমাকেই একরকম রেসকিউ করেছে ও।"
"মালিক মানে?"
"মানে... ওহ্, আপনি বোঝেননি না? ও আসলে বার্ক করে না খুব একটা তো... ও তো আমার চারপেয়ে সন্তান... বয়স হয়ে গেছিল, ওর আগের মালিক... জাস্ট ফেলে গেছিল ওকে, জানেন? সারা গায়ে পোকা... কিছু খেত না... সেই থেকে আমার কাছে... আমার সবটা জুড়ে আছে ও..."
"ও হো... না আমি জানতাম না..."
"আসুন না, আলাপ করবেন। যদিও ও এখনও আমাকে আর আমার যে দিদি আসেন, সারাদিন থাকেন, সেই রীতাদি ছাড়া কাউকে এখনও ভরসা করতে পারে না... ভয় পায়..."
"আর আপনার বাড়ির অন্য লোকজনেদের?" অভদ্রতা জেনেও জিজ্ঞেস করে ফেলে ঈশান।
খুব ইন্টারেস্টিং মহিলা তো!
"অন্য আর কেউ নেই আসলে আমার। মা -বাবা কেউ নেই। আর একজন ছিল, কিন্তু ছিলও না... তাই তাকেও মুক্তি দিয়েছি।" হাসতে হাসতেই বলল মেয়েটি। কিন্তু চোখে যেন গভীর বিষাদ!
"আই অ্যাম স্যরি।" মাথা নাড়ে ঈশান।
"প্লিজ ডোন্ট বী! আই অ্যাম নট স্যরি। ভুল সময়ে, একজন ভুল মানুষকে ভালবেসেছিলাম বড্ড। সংসার পেতেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু সে আমাকে আমার এই মোটাসোটা শরীরটার বাইরে আর কিছুই ভাবতে পারেনি। তাই আমার একটা সামান্য পরীক্ষাতেও পাশ করতে পারেনি। তা... আগে কষ্ট ছিল একটা... এখন আর নেই! এভাবেই ভাল আছি আমি। আর, আমার ছোট্ট বাবাই সোনা তো আছেই..."।
"দেখুন, আত্মসম্মানের চেয়ে বড় আর কিছু হয় না। আর... আপনি মোটাসোটা না... আমার এভাবে বলা ঠিক হচ্ছে না... কিন্তু না বলে থাকতেও পারছি না... আপনি বিখ্যাত পেইন্টার রুবেনের পেইন্টিং এর মতো... আপনি... আপনি 'রুবেনেস্ক'..."
"রুবেনেস্ক মানে?" অবাক হয়ে জিজ্ঞেস করল মেয়েটি।
"প্লিজ, গুগলে দেখে নেবেন। আর যেভাবে আমাকে হেল্প করলেন, অযাচিতভাবে... তাতে বোঝা যায়, ইউ আর আ ভেরী কাইন্ড লেডি। ইউ আর র‍্যাদার এনচ্যানটিং!" এভাবে... কতবছর কাউকে বলেনি কিছু ঈশান...
"আপনার নামটাই তো জানা হলো না" বলে উঠল মেয়েটি। একটু একটু ব্লাশ করছে যেন!
"আমার নাম ঈশান। মা অবশ্য 'ভোলা' বলে ডাকতেন, শিবের নাম বলে"। আগে ভোলা নামটায় লজ্জা পেত ঈশান, এখন ভাল লাগে!
"ঈশান! খুব সুন্দর নাম।"
"আর আপনি?" বড্ড ইচ্ছে করছে নামটা জানতে...
"দয়িতা। দয়িতা সেন। মাঝে কিছুদিন 'মিত্র' হয়েছিলাম যদিও।"
দয়িতার দিকে ভাল করে একবার তাকাল ঈশান।
তারপর এক পা এগিয়ে গেল।
বন্ধুত্বের হাত বাড়িয়ে...
তারপর যদি কিছু... কখনও কিছু....
দুজনেই যে বড় একা!
আর ভালবাসা না পাওয়া, ভালবাসা না দেওয়া - দুইইই যে বড় কষ্টের...
পাড়ায় তখনই কারা যেন চেঁচিয়ে বলে উঠল "ভোওওওকাট্টা....!"
 
Like Reply

বরাভয়

 
কদিন ধরেই মিমি যেন ঠিক নিজের মধ্যে নেই, লক্ষ্য করছেন সুমনা। ছটফটে মেয়ে, কিন্তু কথাই বলছে না তেমন করে। খুব চুপচাপ। বারবার জিজ্ঞেস করেছেন "কি হয়েছে?" কিন্তু প্রতিবারই উত্তর এসেছে "কিচ্ছু না, মা।" বা "কি আবার হবে!" কিন্তু কিছু একটা হয়েছে, এক্কেবারে সিওর! নইলে যে মেয়ে মোবাইল ছেড়ে থাকে না, সে মোবাইল ও হাতে নিচ্ছে না। বরং চুপচাপ বসে আছে পড়ার বই খুলে! তাও পুজো মিটতে না মিটতেই! আবার চোখের কোণে কালি পড়ে গেছে এই কদিনেই। মানে ঘুম ও ঠিক মতো হচ্ছে না।
ভোগ রান্না শেষ, এবার আলপনা দিতে হবে। অন্যান্যবার মিমি আলপনা দেয়। কিন্তু এবার সকালেই বলে দিয়েছে ওর নাকি খুব শরীর খারাপ, তাই শুয়ে থাকবে। উনি জিজ্ঞেস করেছিলেন "পিরিয়ডস হয়েছে তোর? সেঁক দিবি গরম জলের?" কিন্তু মাথা নেড়ে "না" বলেছে। পিরিয়ডস হয়নি। যদিও ও জানে, রজঃস্বলা হলেও পুজোর কাজে বাধা দেন না উনি কোনোদিনই,কারণ মায়েরা নিজেরাও তো 'মা'। তাই এসব নিছক কুসংস্কার ছাড়া আর কিচ্ছু না।
আজ কোমরে বেশ ব্যথা করছে। তাই আর সিঁড়িতে আলপনা দিলেন না সুমনা। এই ঘটের সামনের অংশটুকু, আর ঘরের সামনে, চালের ড্রামের ওপর… এইইই যথেষ্ট। মিমি একটু সাহায্য করলে ভাল হতো…
প্রতিবারের মতোই নিজেই পুজো করে নিলেন উনি। মায়ের হাসি হাসি মুখ দেখে মন ভুলে যায় এক্কেবারে। "মা গো, তুমি আমার ঘরে অচলা হও মা। আমার কর্মে আর বাক্যে তোমার অধিষ্ঠান হোন। ইহ গচ্ছ ইহ গচ্ছ, ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ। আমার পুজো গ্রহণ করো। আমার মেয়ে আর মেয়ের বাবা যেন সুস্থ থাকে।" পুজো শেষ করে একমনে বলে যাচ্ছিলেন সুমনা।
পুজোর সময় মিমি এসে বসেছিল পাশে। তারপর হাতে হাতে সাহায্য করেছে প্রসাদ এক জায়গায় করতে। কিন্তু কিছুতেই আশেপাশের ফ্ল্যাটে প্রসাদ দিতে যেতে চায়নি। অথচ অন্যান্যবার উনি বাকি কাজ গুলো সামলান আর মিমিই যায় প্রসাদ বিতরণ করতে। কী যে হয়েছে মেয়েটার! আর বয়সটাও ভাল না… 'আঠেরো বছর বয়স কী দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলনার দাবী"। দিনকাল ভাল না, মনে যে কি চলছে মেয়েটার কে জানে!
মেয়ের বাবাকে প্রসাদ দিয়ে কয়েকটা নাড়ু নিয়ে মিমির ঘরে এলেন সুমনা।।মেয়ে নাড়ু বড় ভালবাসে। বিশেষ করে চিনির নাড়ু। ক'টা যদি খাওয়াতে পারা যায় এখন। দুপুরেও সেরকম কিছু খায়নি, ফ্রিজে পরশুদিনের পিৎজা রাখা ছিল সেটা খেয়েছে। বারণ শোনেনি।
"মিমি, নাড়ু খাবি? চিনির নাড়ু?" পুজোর দিনেও মেয়েটা ঘরের লাইট বন্ধ রেখেছে! তাড়াতাড়ি স্যুইচ টিপে লাইট জ্বালালেন উনি।
"না না এখন খাব না, পরে খাব।" বলে উঠল মিমি। শুয়ে আছে এই ভর সন্ধ্যেবেলায়!
আর, গালে যেন শুকিয়ে আসা জলের দাগ! কাঁদছে কেন মেয়ে? লক্ষ্মীপুজোর দিনে একি!
"কাঁদছিস কেন মা? কি হয়েছে? আমাকে বলবি না?" খুব নরম গলায় বলেন সুমনা।
"কিছু হয়নি মা। বললাম তো?"
"হ্যাঁ রে, তুই আমার মা না আমি তোর মা? আমি সব বুঝি। কি হয়েছে বল।"
"ওফ, তুমি যাও তো! বলছি কিছু হয়নি।" বিরক্ত, অধৈর্য্য গলা মিমির।
"তা বললে তো হবে না! নবমীর দিন বন্ধুদের সঙ্গে বেরোলি, আর ফেরার পর থেকেই দেখছি তুই একদম চুপ করে আছিস। এবার আমার সঙ্গে বরণের সময়েও যেতে চাইছিলি না, অথচ প্রত্যেকবার বায়না করিস। কি হয়েছে বল আগে, নইলে কিন্তু… আমি এখনও উপোস ভঙ্গ করিনি মিমি। তুই বল আগে, তারপর জল খাব।"
"আমি খুব খারাপ মা। খুব খুব খারাপ। খুব বিপদে পড়েছি তাই।" চোখ থেকে অঝোরে জল পড়ছে মিমির।
বুকটা কেঁপে উঠল সুমনার।
কি বিপদ হলো মেয়ের? যার জন্য এতটা বিচলিত ও?
"মা… আমার সাথে সোশ্যাল মিডিয়ায় রণ ছিল। টুকটাক চ্যাট হতো। তারপর ও আমাকে প্রপোজ করল।"
"রণ টা আবার কে?"
"আরে বি ব্লকের রণজয়।"
"আচ্ছা, বেশ। তারপর?"
"পুজোর আগে আগেই প্রপোজ করেছিল। বলেছিল আমাকে ওর ভাল লাগে, এইসব। আমারও ওকে ভাল লাগত। "
"সে তো হতেই পারে" একবুক ভয় নিয়েই বললেন সুমনা। দুজনেরই উঠতি বয়স। মিমি আঠেরো, রণ বোধহয় বাইশ তেইশ হবে। বখাটে ছেলে, সারাদিন বাইক নিয়ে ঘোরে।
"মা, নবমীতে ওর সাথেই দেখা করেছিলাম। বাগবাজারে গেলাম, ঠাকুর দেখলাম। রোল খেলাম। আমি বাড়ি ফিরে আসতে চেয়েছিলাম, ও বলল এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি হবে লেটস হ্যাভ ফান।"
"ফান?" উফ, কী যে ভয় করছে সুমনার!
"মা… হি ওয়ান্টেড মি টু টেক ইন আ হোটেল…আমি যাই নি মা। ওকে না বলে চলে এসেছি বাড়িতে।"
"ভাল করেছিস মিমি। কিছু কিছু জিনিস… প্রাকৃতিক। কিন্তু তাও সঠিক সময়ে আর সঠিক মানুষের সঙ্গে হওয়াই বাঞ্ছনীয়।" কী যে বলবেন সুমনা ভেবে পাচ্ছিলেন না।
"উফ মা! আমি জানি সেটা। কিন্তু মা, এখন রণ বলছে ও সবাইকে বলবে যে… আমি ওকে ন্যুডস পাঠিয়েছি। কিছু ছবি ডাউনলোড করে রেখে ও বলছে ওগুলো নাকি আমার ছবি। ও নাকি সবাইকে দেখিয়ে দেবে।"
"সেকি? তুই ওকে কিছু পাঠাসনি তো?"
"না মা, কক্ষণও না। কিন্তু ও যদি সবাইকে পাঠিয়ে দেয়? সবাই তো ভাববে ওটা আমি। আর তারপর?" অঝোরে কাঁদছে মিমি।
"শোন, কাঁদিস না প্লিজ। তুই তো জানিস তুই কিছু করিস নি। কাউকে ভাললাগা অন্যায় নয়। তবে হ্যাঁ, খুব পারসোনাল হবার আগে অনেক ধাপ পেরোতে হয়।" হাতে হাত রাখলেন মেয়ের সুমনা।
"মা, তুমি বিশ্বাস করো, আমি কোনো ছবি পাঠাইনি। শুধু অষ্টমীর দিনে অঞ্জলি দিতে গিয়ে ওই সকালবেলার ছবিটা পাঠিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম ও আমাকে ভালবাসে। এরকম বলবে কিভাবে বুঝব?"
"শোন মামণি, রণ যেটা করছে সেটা অন্যায়। তোর কাছে ওর বলা এই কথাগুলোর কোনো চ্যাটের রেকর্ড আছে?"
"মানে… হ্যাঁ, দু একটা কথার আছে… যে ও আমার ছবি বলে ছড়িয়ে দেবে, পাড়ায় বদনাম করে দেবে, এইসব।" কাঁপতে কাঁপতে বলে মিমি।
"বেশ। তুই রেডি হ। আমিও হচ্ছি। থানায় যাই চল। সাইবার ক্রাইম অনুযায়ী এগুলো সব ঘৃন্য অপরাধ। আমরা অভিযোগ জানাব।"
"কিন্তু মা… সবাই জেনে গেলে কি হবে?"
"তা বলে অন্যায়টা মেনে নেব? চুপ করে থাকব? কভি নেহি! আর সবাই যদি এরকম কোনো ছবিকে ভেবে নেয় সেটা তোর ছবি… তাহলে সেই মানুষগুলো কি আদৌ আমাদের কাছে ম্যাটার করে? এভাবে কেউ ছবি দেখালে তো প্রথমেই সেই ছেলেটিকেই ভুল বোঝা উচিত। পারসোনাল স্পেস কে,,ব্যক্তিগত আধারকে পাবলিক করা কারা? ছিঃ!" রাগে গা জ্বলছ সুমনার।
মিমিও অবাক হয়ে দেখছে মা কে আজ।
তার শান্তশিষ্ট মায়ের মধ্যে এ যেন অন্য এক রূপ!
"মা, থানায় যাব? ভয় লাগছে।"
"ভয়ের কিচ্ছু নেই, ওঁরা সাহায্য করবেন নিশ্চয়ই। তুই যদি অন্যায় না করিস তবে দোষী সাজা পাবেই। আর হ্যাঁ… নাড়ু খেয়ে জল টা খা।"
"তুমি তো শান্ত মানুষ মা… এত জেদ কিভাবে এলো?" মা কে নতুন রূপে দেখছে আজ মিমি।
একটু হাসলেন সুমনা। তারপর বললেন "দশভূজা মা যেমন মহিষাসুরকে বধ করেন, তেমনি বরাভয় ও প্রদান করেন। তিনি যেমন লক্ষ্মী, তেমনি কালের অধিকারিণী, কালী! আর আমি তো মা দুর্গার অংশ, সব মেয়েদের মতো! তাই আমিও পারব…চল এখন…"
মা - মেয়ে বেরিয়ে গেল একটু পরেই থানার উদ্দেশ্যে।
নজর করে দেখলে বুঝতে পারত বরাভয়দাত্রী মা লক্ষ্মীর মুখে তখন অনাবিল হাসি। শক্তি আর সাহসের প্রতিচ্ছবি যে উনিও।

[+] 1 user Likes ddey333's post
Like Reply

আপেক্ষিক

 
আজ খুব, খুব ক্লান্ত লাগছে তিস্তার। অবশ্য ক্লান্তির কি দোষ? বয়স তো বাড়ছে? তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওজন, পায়ে ব্যথা, ব্যাক পেইন! মাঝে মাঝে এত্ত বিরক্ত লাগে! আজ তো অত রোদের মধ্যে সকালে অফিসে পৌঁছে একটু জল খাচ্ছে, বোতলের ঢাকনাটা পড়ে গেল নীচে। চেয়ারে বসা অবস্থাতে নিচু হয়ে সেটা তুলতে গিয়ে কোমরে লাগল। ছোট্ট জিনিস, কিন্তু ব্যথা ছিল যথেষ্ট। তাই ব্যাগ থেকে ব্যথা কমার স্প্রে টা বের করে লাগাচ্ছিল, ঝাঁঝালো গন্ধ পেয়ে অণিমেষদা ওর দিকে তাকালেন, আর কিছু না জেনে, না শুনেই বলে উঠলেন "আবার লাগল নাকি? উফ! পারো বটে! ওজন কমাও, এই বয়সেই এই অবস্থা, পরে যে কি হবে!"
হ্যাঁ, তিস্তা জানে ওর সেডেন্টারি জীবনযাত্রা, খাওয়ার অনিয়ম, পি সি ও ডি - সবমিলিয়ে ওর ওজন বেড়ে গেছে অনেকটাই। তাই বলে এই ভাবে লোকে বলবে? খুব রাগ হয়েছিল ওর।
সারাদিন ধরে চলতে চলতে সেই রাগটাই বিরক্তিতে পরিণত হয়ে গেল।
ওদের সি এ ফার্মে একটা মেইল পাঠানোর ছিল, পাঠিয়ে দেখে, ফাইলটা অ্যাটাচ করতে ভুলে গেছে! আবার 'প্লিজ ইগনোর দ্যা প্রিভিয়াস মেইল' পাঠালেও শর্মা ম্যামের কাছে ঝাড় খেতে হল। তারপর অফিস থেকে বেরিয়ে মনে পড়ল জলের মেশিনটা খারাপ হয়ে আছে, কেনা মিনারেল ওয়াটার খেতে হচ্ছে, তবু একবার হেল্পলাইনে ফোন করা হল না আজও। অথচ একটা ফোন করার মতোও কি সময় ছিল না? ইডিয়ট একটা ও!
তবু ভাল, আজ বাসে বসার সিট পাওয়া গেছিল কসবা থেকে। বাসে বসে জলের বোতল বের করে এক ঢোঁক জল খেল তিস্তা। উফ, শান্তি! বাড়ির স্টপেজ আসতে এখনও আধ ঘন্টা, একটু ফেসবুকটা খোলা যাক।
ফেসবুক খুলে একটু স্ক্রল করতে করতেই বুঝতে পারল ও আসলে কি! সেইজন্যই সবকিছু শুধু আজ না… এত দিন ধরে উল্টোপাল্টা!
বাড়ির স্টপেজে নেমে চোখের জল যেন বাঁধ মানছিল না। বাসে কোনোরকমে আটকেছে, এত লোকের সামনে চোখে জল এলে কী বিচ্ছিরি ব্যাপার হতো! কিন্তু এখন তো ও অনর্গল হতে পারে!
আজ যেন পা চলছিলই না তিস্তার। বাড়িতেই বা এত তাড়াতাড়ি যাবার কী আছে! তারচেয়ে বাড়ির কাছেই পুকুরপাড়ে একটা ছোট্ট পার্ক মতো হয়েছে। দু'চারটে লোহার বেঞ্চ, একটা করে স্লিপ আর দোলনা, বাচ্চাদের জন্য। ভালোই লাগে।
একটা বেঞ্চে গিয়ে বসল তিস্তা। ব্যাগটা তো ভারী ছিলই, জলের বোতল থাকে। বৃষ্টির কোনো স্থিরতা নেই বলে ছাতা থাকে। টিফিনবাক্স থাকে। আজ আবার বাজারও করতে হয়েছে। অনেকগুলো মুখ অপেক্ষায় থাকে। তাই হাতের ব্যাগও ভারী হয়েছে বেশ। পাশে নামিয়ে রেখে আরাম লাগছিল তিস্তার।
কদিন আগেই কোজাগরী পূর্ণিমা গেছে। আকাশে বেশ বড় চাঁদ আজ। বেশ লাগছে দেখতে।
তন্ময় হয়ে চাঁদ দেখছিল তিস্তা, হঠাৎ কানে এলো "আজ আকাশটা কী সুন্দর তাই না?"
একটু চমকে গেল ও। তাকিয়ে দেখে একটি ছায়ামূর্তি। "হুম" বলে ও।
"আচ্ছা, আপনার কি মনখারাপ কোনো কারণে?"
"আমার? না তো?"
"আহা, বলুন না!"
"আশ্চর্য তো! আপনি কে? আর আপনার সাথে কথাই বা বলব কেন?"
"বলবেন না ই বা কেন? আচ্ছা, আমাকে চেনেন না বলে? আমার নাম বিবেক। বাবা স্বামীজির ভক্ত ছিলেন, তাই এই নাম। এবার বলুন দেখি ম্যাডাম, মন খারাপ, আপনার?"
ইচ্ছে ছিল না কথা বলার। তাও বাড়ি যেতেও ইচ্ছে করছে না। আর… বিবেকবাবুর গা থেকে বেশ সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। ভিক্স, ধুনো আর সিন্থল সাবান মেশানো গন্ধ যেন!
"একটু মনখারাপ। কিন্তু সে ঠিক আছে।"
"কেন মনখারাপ, বলা যাবে? দেখুন, ওই সুন্দর চাঁদের দিব্যি, আমি আপনাকে 'জাজ' করব না। ভাবব না যে আপনি খারাপ, আপনি ঠিক না…"
"ও আপনিও বুঝে গেছেন, তাই না?" একেই অপরিচিত মানুষ,,তারপরে খারাপ টারাপ বলছে ঘুরিয়ে…
"কি বুঝে গেছি বলুন তো?"
"যে আজ আমার দিন।"
"আপনার দিন মানে? জন্মদিন নাকি? আরে, হ্যাপ.."
"না না, জন্মদিন না। আজ তো ১৩ ই অক্টোবর, ফেসবুকে দেখলাম আজ নাকি 'ইন্টারন্যাশনাল ফেইলিওরস ডে'। সব ব্যর্থ, হেরে যাওয়া মানুষদের দিন।"
"ওমা, তাই নাকি! নতুন তথ্য তো! তা, আপনার দিন কেন বলছেন বলুন তো? কমবেশি আমরা সবাই তো ফেইলিওর, তাই না?"
"অন্যের কথা জানি না। আমি তো বটেই।" ফাঁকা গলায় বলে ওঠে তিস্তা।
"কেন বলছেন বলুন তো? নিজেকে ফেইলিওর ভাবার কারণ কি?"
"অনেক কারণ আছে।"
"যেমন? একটু এক্সপ্লেইন করুন! দেখুন আমি আপনাকে চিনি না, তাই অসুবিধা নেই।"
"হুম! এত কথা কেন আপনাকে বলছি জানি না। আসলে…আমার কথা শোনার মতো কেউ নেই, জানেন?"
"কেউ নেই?"
"না, ডিভোর্স হয়ে গেছে, শুধু মা আর আমি থাকি। কে আর আমার মনের কথাসব শুনবে। মায়ের বয়স হয়েছে, এমনিতেই আমার জন্য কষ্টে থাকেন, আর নতুন করে বোঝা বাড়াতে চাই না। তাই মায়ের কাছে এমন ভান করি যেন খুব ভাল আছি। আর অফিসে কাজ নিয়েই ব্যস্ত থাকি। তাহলে আর কাকে বলব?"
"হুম! ডিভোর্স হয়ে গেছে আপনার?"
"হ্যাঁ, ধরে রাখতে পারলাম না যে তাকে। তলে তলে সে অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক রেখেছিল। জানেন, বেশিরভাগ আত্মীয় আমার দোষ দিয়েছিল। আমি নাকি মোটা হয়ে গেছি বলে ও পরনারী আসক্ত হয়েছিল। আচ্ছা, ওর যে চুল উঠে উঠে মাথার সামনে টাক, গায়ে বনমানুষের মতো লোম ছিল…কথা বলার কায়দা ভাল ছিল না… আমিও কি পারতাম না অন্যকিছু ভাবতে?"
"তাই তো।"
"তবু ভাল, চাকরি করতাম, নইলে যে কি হতো! ওই অ্যালিমনির জন্য টাকা নেওয়া - না না সে সম্ভব হতো না আমার।"
"ও আপনি চাকরি করেন? স্যরি, আপনার ব্যাগ গুলো দেখেই আমার বোঝা উচিত ছিল।"
"করি ঠিকই,,তবে তেমন ভাল কিছু না। একটা মনের মতো চাকরিও পাইনি। ছোট কোম্পানিতে কেরানিগিরি করেই কাটিয়ে দিলাম।এখানেও আমি ফেইলিওর, জানেন। বসদের 'বাটারিং' করতে পারি না, তাই মাইনেও সেভাবে বাড়ে না।"
"হুম, বুঝলাম। এইসব কারণেই আপনি ব্যর্থ, তাই তো? নাকি আরও কারণ আছে?"
"এতেও হব না? আরও চাই?" রাগ ও হচ্ছে আবার হাসিও পাচ্ছে তিস্তার। আরও চাই কারণ!
"না না, এই যথেষ্ট। তা, ম্যাডাম, এই ব্যাগটা তো বেশ ভারী মনে হচ্ছে। বাজার করে ফিরছেন নাকি?"
"হ্যাঁ, ওই একটু।"
"এটা একটু!"

Like Reply

"আরে বেশি না। আসলে আমি কজন কুকুর বিড়ালকে খাওয়াই। না, আমার পোষা না, এমনিই রাস্তার। ওদের জন্যই একটু মাংস মাছ সব্জি এসব…"

"আচ্ছা, বাহ। এটা তো দারুণ ব্যাপার!"
"আসলে, বেশিরভাগ বেচারারাই একটু খাবারের জন্য ঘুরতে থাকে। কোনো বাড়ি থেকে সামান্য খেতে দেয় তো কোনো বাড়ি থেকে লাঠির আঘাত করে, ঢিল ছুঁড়ে মারে, জল, এমনকি গরম জলও ছিটিয়ে দেয়। তাই আমি একটু…"
"আপনি এতো ভাবেন?"
"না না, সেরকম কিছু না…"
"আপনি তো দারুণ মানুষ একজন! ওয়াও! জাস্ট ওয়াও!"
"ধ্যাত! এটা বাড়াবাড়ি করে ফেললেন।"
"ভাবুন, আপনি নিজেকে ব্যর্থ ভেবে মনখারাপ করছিলেন, এদিকে আমার মনে হচ্ছে আপনি অত্যন্ত সফল একজন মানুষ।"
"থামুন তো!" হাসি চেপে বলে তিস্তা। ও নাকি সফল! আচ্ছা পাগল তো এই অপিরিচিত!
"এই যে বললেন রাস্তার অসহায় কুকুর বিড়ালদের যত্ন করে খাওয়ান… ওরা নিশ্চয়ই আপনাকে খুব ভালবাসে?"
"তা বাসে…" ওদের কথা ভাবতেই মন ভাল হয়ে যায় তিস্তার।
"জানেন তো, ওদের ভালবাসা শর্তহীন। আপনি ওদের একদিন খেতে দিলেও ওরা আপনাকে ভালবাসায় ভরিয়ে দিত। এমনকি না খেতে দিলেও… সামান্য একটু ভালবাসলেও ওরা কৃতজ্ঞ থাকে সারাজীবন? আর সেখানে তো আপনি ওদের অন্ন আর মাছ মাংস দাতা।"
"মাছ মাংস দাতা? হি হি!"
"আর কি বললেন, আপনার বয়স্কা মা কে আপনি নিজের কষ্টের কথা বুঝতে দেন না? আগলে রাখেন নিশ্চয়ই খুব?"
"মা বাবা তো আগলে রাখারই জিনিস! মানে, জিনিস ঠিক না… তবে বয়স হলে বাবা মা ও তো বাচ্চা হয়ে যান। একটু বেশি কেয়ার, একটু বেশি আদর তখন ওঁদের প্রাপ্য হয়।"
"আরে, আপনি কাঁদছেন নাকি? এই সামান্য কথাতে?"
"আসলে বাবা নেই তো… মা ই আমার সব…"
"কত ভাল মেয়ে আপনি! অ্যাজ আ ডটার, ইউ আর অ্যামেজিং।"
"থ্যাংকইউ। আমি মা কে একটু ভাল রাখতে চাই শুধু।"
"জানেন, এইমধ্যেই কবে যেন পড়ছিলাম, করোনা অতিমারি চলাকালীন গত দুবছরে প্রায় ৫৬ লক্ষ ভারতীয় কাজ হারিয়েছেন।"
"হ্যাঁ হ্যাঁ আমিও পড়েছি।"
"তাও আপনার কাজ আছে। তারমানে নিশ্চয়ই আপনার ভাষায় 'বাটারিং' করতে না পারলেও আপনি একটা বিষয় ভাল পারেন, আপনার কাজটা। কখনও সখনও একটু আধটু ভুল তো আমাদের সবারই হয়…"
"এভাবে তো ভাবিনি কখনও।" আনমনা গলায় ভাবে তিস্তা।
"ভাবুন, ভাবুন। ভাবা প্র‍্যাক্টিশ করুন! আচ্ছা, আপনার পিসিওডি আছে, তাই না?"
"হ্যাঁ। তাই তো আমি মোটা, স্কিনটাও খুব একটা ভাল না। দেখছেন কত পিম্পল?"
"এই কম আলোতে তো ব্রণ দেখা যায় না। তবে আপনার চোখদুটি কিন্তু বড় সুন্দর। কাজল নয়না হরিণী আপনি। আগে কেউ বলেনি?"
"হুম, বলেছে। আগে।" লজ্জা পাচ্ছে তিস্তা এখন।
"তবেই বুঝুন। আর চোখ দেখেই কিন্তু মানুষ চেনা যায়। "
"হুম!"
"তাহলে বুঝলেন তো? আপনি ব্যর্থ না, একজন সফল মেয়ে। সফল মানুষ। এবং, আপনার ঝকঝকে মনটা ওই ত্বকের বাইরে থেকেও বোঝা যায়। যাওয়া উচিৎ। জানেন না, বিউটি ইজ স্কিন ডিপ?"
"হুম!"
"তবে? আজ আপনার দিন না। ইন ফ্যাক্ট, কারোরই দিন না। ফেইলিওর না থাকলে সাকসেস ভাল লাগত? মাধ্যমিকের টেস্টে ভাল রেজাল্ট না করার পরে লজ্জা আর জেদের চোটে আদা জল খেয়ে লেগে থেকে ওইরকম ভাল একটা রেজাল্ট যদি না করতেন… ভাল লাগত? ব্যর্থ হয়েছিলেন, তাই তো সফল ও হয়েছিলেন? তাই না?"
চোখে জল আসছিল তিস্তার। তাও নিজেকে সামলে বলল "হ্যাঁ, ঠিক। কিন্তু… আপনি কি করে জানলেন আমার মাধ্যমিকের রেজাল্টের কথা?"
একটু হাসলেন বিবেক বাবু। চাঁদের আলো মাখা, মায়াময় সেই হাসি। তারপর বলে উঠলেন "আমি সব জানি। কারণ আমি যে বিবেক।"
এক মুহূর্ত পরেই উঠে পড়ল তিস্তা, বেঞ্চ থেকে।
অনেক কাজ পড়ে আছে।
বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়েই রান্নাঘরে ঢুকতে হবে। বাচ্চাগুলোকে খেতে দিতে হবে। মায়ের সাথে খেতে খেতে গল্প করতে হবে। তারপর একটা শান্তির ঘুম।
কাল আবার একটা দরকারী মিটিং আছে অফিসে। কাল কোনো ভুল করবে না ও।
হাতের ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি উঠে পড়ল ও। বড় তাড়া এখন…
পিছন দিকে একবারও ফিরে তাকায়নি তিস্তা। তাকালে বুঝতে পারত পাশের বেঞ্চে বসা একজোড়া প্রেমিক প্রেমিকা ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটি বলছে, "আজব মহিলা… সাজগোজ সুন্দর, দেখে মনে হচ্ছে অফিস টফিস থেকে ফিরছে, অথচ আকাশের দিকে তাকিয়ে কাঁদছিল। তুই দেখেছিস, টুসি?"
"দেখেছি রে। আহা, কষ্ট হচ্ছিল বড্ড।" উত্তর দিল মেয়েটি।
"কি কষ্ট কে জানে। না না, সব কষ্ট মুছে যাক ওনার। বল?" আবার বলে ছেলেটি।
"একদম, ভাল থাকুন উনি। জানিস দীপ্ত, আমি ওনাকে চিনি। রাস্তায় নিউজপেপার পেতে কুকুর দের খেতে দেন। সেই লকডাউন থেকেই। কী ভাল, তাই না?"
"বাহ! সত্যি কী ভাল রে উনি। আচ্ছা, এইসময়টা আড্ডা না মেরে আমরাও ওনাকে হেল্প করতে পারি না? তাহলে তোকেও বাড়িতে বাহানা করে আমার সাথে দেখা করতে আসতে হবে না?"
"ডান! কাল থেকেই তাহলে?" হাসে মেয়েটি।
আজ তিস্তা নিজেকে ব্যর্থ ভাবছিল, কিন্তু কাল দীপ্ত আর টুসিকে দেখে হাসি ফুটবেই ওর মুখে। তাই না?
সাফল্য আর ব্যর্থতা যে বড় আপেক্ষিক...

[+] 1 user Likes ddey333's post
Like Reply

মহিলার বয়েস আন্দাজ বছর চল্লিশ-বিয়াল্লিশ হবে। পরনে ছাই রঙের রং জ্বলা একটা সুতির ছাপা। গায়ের রং কোনো এককালে ফর্সা ছিল। এখন রোদে পুড়ে বাদামি। পরিশ্রমী চেহারার একটা বিশেষ মাধুর্য থাকে, কপালের ভাঁজেও অভিজ্ঞতার চিহ্ন লেগে থাকে। হাতে ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে বাজার করছেন মহিলা। 

দুপিস পেটির মাছ দাও, আর দু পিস গাদার। বড় বড় করে কাটবে। পাঁচভাজায় একটা পেটি দেবো। 
মাছওয়ালা মাছ কাটতে কাটতেই বললো, ছেলের জন্মদিনে কী মায়ের মাছ খাওয়া বারণ? চারপিস মাছে হবে?
মহিলা হেসে বললেন, ছেলের একপিস ভাজা, দুপিস ঝালে দেবো। ওর বাবার এক পিস, ওই হবে গো... যা দাম আর দিতে হবে না। 
মাছওয়ালা বললো, তাহলে তুমি কী খাবে বৌদি?
মহিলার মুখে তৃপ্তির হাসি, সে বিট্টু আমায় না দিয়ে খাবে না। ওই ঝালের দুপিসের একপিস আমায় জোর করে খাওয়াবে। 
মাছওয়ালা বললো, আর যদি সে খেয়ে নেয়? তাহলে তুমি কি খাবে? মহিলা বললেন, তুমি তাড়াতাড়ি দাও দিকি। আমায় এরপর ছুটতে হবে মিষ্টির দোকানে। মিষ্টি নিয়ে যেতে হবে মুদিখানার।  পায়েসের চাল, ঘি, কাজু, কিসমিস সব কেনা বাকি। মন্দিরে যেতে হবে পুজো দিতে। 
ওর বাবা তো সকালেই কাজে বেরিয়ে গেছে। ফিরবে সেই দুপুরে। 
মাছওয়ালা ছেলেটার বয়েস বছর চব্বিশ হবে। ছেলেটা পাঁচপিস মাছ ব্যাগে ভরে দিয়ে বললো, তুমি একটু কম করেই দাম দাও বৌদি। কিন্তু নিজেও মাছ খেও। তোমরা মায়েরা বুঝতেই পারো না, তোমাদের শরীরেও প্রোটিন দরকার। 
আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেই ডাক্তার বলে, সব ছেলেকে খাইয়েছেন? নিজের শরীরে প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম সব ঘাটতি হয়েছে। ঐজন্য কোমরে, হাঁটুতে ব্যথা হয়। আমি বড় হয়েছি তো, এগুলো শুনে খুব কষ্ট হয় বৌদি। তখন তো এত বুঝতাম না। মা বলতো -তুই খেলেই আমার খাওয়া। এখন বুঝি কত বড় ভুল করেছি। 
মহিলা হেসে বললেন, তোমার মা তো বিশাল ধনী মানুষ গো, এমন একটা ছেলে পেয়েছে সে। আর কী চাই!
 কিছু সম্পর্কে হিসেব-নিকেস, লাভ-লোকসানের সমীকরণ কাজ করে না। পৃথিবীর আহ্নিকগতির মতই সত্য হয় এ সম্পর্ক।
 
 অর্পিতা সরকার

[+] 1 user Likes ddey333's post
Like Reply

কথোপকথন

 
-"হাই"
-"হা…হাই!"
-"হ্যালো"
-"ইয়েস…হ্যালো?"
-"আজকের দিনটা কী সুন্দর, তাই না?"
-"হ্যাঁ…"
-"অথচ এই সপ্তাহে কিরকম একটা ফোরকাস্ট ছিল ঝড়- বৃষ্টি হবার?"
-"হ্যাঁ… মানে হয়েছে তো ঝড়-বৃষ্টি।"
-"তা হয়েছে, কিন্তু কম। মানে যতটা এক্সপেক্ট করেছিলাম, তার থেকে কম, তাই না?"
-"হুম।"
-"আর মঙ্গলবার থেকেই কী দারুণ রোদ উঠে গেছে…"
-"হুম"
-"তবে, এখনই কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই না? মানে রাতে এসি চালাতে হয় না, ফ্যান ই যথেষ্ট। তাও গায়ে একটা চাদর দিলে ভাল লাগে।"
-"হ্যাঁ, ঠান্ডা লাগে রাতের দিকে।"
-"কিন্তু সকালগুলো কেমন বিউটিফুল, বলুন? ঠিক আমাদের জীবনের মতো!"
-"হুম"
-"আর শীতকাল আসছে - মজাই আলাদা! কতরকম ভাল ভাল খাবার-দাবার, কেক- পিঠেপুলি.."
-"সার্কাস… বিভিন্ন জায়গায় ঘুরেও মজা…"
-"তারপর ধরুন আপনাদের, মানে মেয়েদের মেকআপ করে মজা! মানে ঘাম টাম হয় না তো। ইয়ে…"
-"হ্যাঁ, এটা ঠিক বলেছেন। কিন্তু ভাল ভাল জামা কাপড় পরলে আবার ওপরে সোয়েটার পরতে হয়। বিয়েবাড়িতে সুন্দর শাড়ি, এদিকে শাল পরলে সব বরবাদ।"
-"হ্যাঁ কিন্তু…"
-"তবে হ্যাঁ, কিছু কিছু কমন কালার তো সবকিছুতেই ভাল যায়। একটু বুদ্ধি করে জামাকাপড় পরলেই হয়।"
-"ঠিক ঠিক।"
-"আচ্ছা, আপনি কি কোনো মেক আপ তৈরি করে এমন কোম্পানিতে আছেন?"
-"ন্ না তো?"
-"তাহলে? শীতকাল আপনাকে নিজের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডার রেখেছে নাকি? হি হি!"
-"আরে তা কেন?"
-"তাহলে… মানে… শীতকালের এত প্রশংসা হঠাৎ করে?"
-"না না, ঠিক শীতকালের না। জীবনের।"
-"জীবনের?"
-"হ্যাঁ, মানে জীবন খুব সুন্দর। মানে, মাঝে মাঝে ঝড়বৃষ্টি আসে ঠিকই। কিন্তু তারপরেই সব মেঘ কেটে গিয়ে শুধুই রোদ্দুর।"
-"হ্যাঁ, সেটা তো ঠিক।"
-"আর আমরা অনেক সময় বুঝতেই পারিনা আমাদের চারপাশে কত ভালবাসার মানুষেরা আছেন।"
-"হুম।"
-"মানে বাবা মা ছাড়াও অনেকেই আমাদের ভালবাসে, কিন্তু সাহসে কুলোয় না বলে মুখেও আনতে পারে না।"
-"আচ্ছা?"
-"হ্যাঁ তো। সবচেয়ে বড় কথা, আমাদের আমরা নিজেরা আছি। নিজেদেরকেও ভালবাসতে হয় তো।"
-"ঠিক। আচ্ছা, আপনার নাম কি?"
-"নীলাদ্রি। আপনি?"
-"দেবযানী। তা, নীলাদ্রি, আমি এখনও বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন? মানে, এতদিন এই অ্যাপ থেকে বাস বুক করে অফিসে যাতায়াত করছি, আপনি মুখচেনা, কিন্তু কখনও তো কথা বলেননি…"
-"আসলে আগে তো কখনও পাশাপাশি বসিনি আমরা।"
-"আচ্ছা। ওকে!"
-"আর, মনে হল কথাগুলো বলি। সত্যিই জীবন…"
-"হ্যাঁ, ঠিক বলেছেন। খুব সুন্দর।"
-"আপনি মানেন সেটা?"
-"অফকোর্স।কেন বলুন তো?'
-"তাহলে… দেখুন, ইটস ওকে টু ফিল লো, টু ফিল এম্পটি অ্যাট টাইমস। সেরকম হলে প্রফেশনাল হেল্প নিন।"
-"মানেটা বুঝলাম না। সত্যিই বুঝলাম না।"
-"বলছি। প্লিজ ভুল বুঝবেন না। আপনি ইউটিউবে কিছু একটা সার্চ করছিলেন, আমি আড়চোখে তাকিয়েছিলাম… দেখি আপনি লিখেছেন 'How to die…' তাই বলছি জীবন খুব সু…"
-"সুন্দর! আপনি… জানেন এটা খুব অন্যায়? কেউ তার মোবাইলে, তার পারসোনাল স্পেসে কি করছে সেটা দেখা?"
-"স্যরি। আসলে… আপনার হাতের এই ইনফিনিটি ট্যাটুটা এত সুন্দর… চোখ ফেরাতে পারছিলাম না।"
-"আচ্ছা? শুধু আমার ট্যাটুই সুন্দর? আমি না?"
-"আপনি তো বটেই! আজ একটু বেশিই সুন্দর লাগছে আপনাকে এই লেমন- ইয়েলো জামাটায়।"
-"থ্যাংকইউ! আমার দাদা দিয়েছে ভাইফোঁটায়।"
-"খুব সুন্দর।"
-"আপনার প্রিয় শব্দ 'সুন্দর', তাই না? সকাল থেকে কতবার যে শুনলাম!"
-"না মানে, আপনি আর জীবন দুইই খুব সুন্দর।"
-"আচ্ছা, আমি সুন্দর? তাহলে এতদিনে একবারও পাশে বসেননি কেন?"
-"কারণ অন্য সিট থেকে আপনাকে দেখতে সুবিধা হয়। পাশে বসলে তাকানো যায় না!"
-"ও বাবা! পেটে পেটে এত!"
-"স্যরি!"
-"শুনুন নীলাদ্রি বাবু, স্যরি বললে হবে না। ইউ নীড টু অ্যামেন্ড। কফি খাওয়াতে হবে আমাকে। আজই।"
-"শিওর, মানে উইথ প্লেজার। কিন্তু আজই কেন?"
-"কারণ আমি কাল থেকে ডায়েট করব। নো সুগার ডায়েট। আর চিনি ছাড়া কফি আমি খেতে পারি না।"
-"ডায়েট?"
-"আজ্ঞে হ্যাঁ মশাই! আমি সার্চ করতে গেছিলাম 'How to diet' তার আগেই তুমি 'জীবন কী সুন্দর' শুরু করলে।"
-"তাইইই? ইস, বোকা একটা আমি।"
-"ভাগ্যিস বোকামিটা করলে! তাহলে আজ… অফিসের পরে?"
-"অপেক্ষায় থাকব…"
Heart Heart

 

[+] 2 users Like ddey333's post
Like Reply

(02-11-2022, 02:47 PM)only4naughty2 Wrote:  Bro if possible please translate the stories from Bengali to English
Thanku

Sure , will try definitely !
Like Reply

নীলার জিজ্ঞাসার জবাবে আমি বলেছিলাম- "স্তনযুগল।"

সে আমাকে ত্যাগ করেছিলো।
 
সোমার প্রশ্নের উত্তর দিয়েছিলাম- "তোমার কোমরের ভাঁজ।"
দুদ্দাড় ছেড়ে গিয়েছিলো সেও।
 
একই প্রশ্ন শিউলি করলে, আমার জবাব ছিল- "ভরাট নিতম্বের আহ্বান।"
শিউলিও আমার ধারেকাছে আসেনি আর।
 
মমতাও জানতে চেয়েছিলো সেই তথ্যটিই, যার উত্তরে বলেছিলাম- "ওষ্ঠাধর।"
সেও আমাকে ছুঁড়ে ফেলেছিলো তৎক্ষণাৎ।
 
ওদের প্রত্যেকের কৌতূহলটি ছিল- "আমার মধ্যে কী পছন্দ তোমার?"
আমি প্রত্যেকবার সত্যটিই বলেছিলাম।
 
ওরা এখন সুখী সংসারী।
ওদের পার্টনাররা নিশ্চয়ই সেই প্রশ্নের জবাবে বলেছিলো- "তোমার হৃদয়।"
 
মানুষ মিথ্যে শুনতে ভালোবাসে।
[b] [/b]

Big Grin
 

[+] 3 users Like ddey333's post
Like Reply

(03-11-2022, 12:50 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:  জীবসেবাই শিবসেবা! অসাধারণ। ইঁহাদের ন্যয় দেবসম মনুষ্যদিগের কারণে এই বহুভোগ্যা বসুন্ধরা আজও বাসযোগ্যা। ইঁহারাই প্রকৃত ধার্ম্মিক কারণ সকল ধর্ম্মের সমস্ত সারাৎসার ইঁহারা আত্মস্থ করিয়াছেন।
এই অনন্যসুন্দর কাহিনীটি উপহার দিবার জন্য এই মহাবীর্য্য আপনারে অশেষ প্রণাম জানাইতেছে।

Namaskar Namaskar
Like Reply

[Image: 11.jpg]

তুমিও_হেঁটে_দেখো_কলকাতা

 
আমাদের একজন 'রাজা' ছিলেন।
সেই রাজা, যিনি একটা ঝিমিয়ে থাকা সমাজকে জাগানোর চেষ্টা করে গেছিলেন মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত। তিনি আমাদের সবার কাছে উজ্জ্বল জ্যোতিষ্ক, যিনি ছিলেন, তাই আমরা, মেয়েরা - বাঁচতে পেরেছিলাম। নইলে তো...
একটু আগে ভুল লিখেছি।
আমাদের একজন রাজা আছেন। অষ্টাদশ শতকের অন্ধকার সময়ে যিনি নবজাগরণের সাগ্নিক ছিলেন। শুধুমাত্র সতীদাহ প্রথা রদ করেই না, ধর্ম এবং সমাজচিন্তাতেও তাঁর অবদান অনস্বীকার্য। আর তাই, তিনি আছেন আমাদের প্রত্যেকের অস্তিত্বের মধ্যে।
কী যে লিখি আর তাঁর সম্পর্কে! শিক্ষা-সমাজচেতনা- এমনকি আমি যে বিষয়ের ছাত্রী, সেই সাংবাদিকতার ক্ষেত্রেও তাঁর অবদান শব্দের মাধ্যমে প্রকাশ করতে আমি নিতান্তই অক্ষম। শুধু এইটুকুই বলি যে, আমি তাঁকে স্মরণ করি বছরভর।
আর সেজন্যই, কিছুদিন আগে ঘুরে এলাম 'রাজা রামমোহন রায় মিউজিয়াম' থেকে। ৮৫এ, রাজা রামমোহন সরনি, যেটি আদতে মেছুয়াবাজার নামেই অধিক পরিচিত, এবং যেখানে স্বয়ং রাজা থাকতেন, সেখানেই গড়ে উঠেছে এই সংগ্রহশালাটি। এই বাড়িটি 'সিমলা বাড়ি' নামে পরিচিত ছিল একসময়ে।
তিনটি তলা জুড়ে সংগ্রহশালা রয়েছে এখানে। রাজার ব্যবহৃত পোষাক এবং অন্যান্য জিনিসপত্র ছাড়াও এখানে সমকালীন বঙ্গসমাজ সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্য আছে। এছাড়াও তাঁর জীবনের বিভিন্ন ঘটনাও বর্ণিত আছে। ব্যক্তিগত ভাবে আমার সবচেয়ে ভাল লেগেছে সেইসময়টিকে যেভাবে তুলে আনা হয়েছে অন্যান্য সমকালীন ব্যক্তিত্ব, তখনকার সংবাদপত্র ইত্যাদির মাধ্যমে, সেই প্রচেষ্টাটিকে। তাই, সাধুবাদ জানাই রামমোহন কলেজকে, যাঁদের উদ্যোগে এই মিউজিয়ামটি তৈরি হয়েছে।
একতলায় রাজার বাগান আছে, যদিও কালের নিয়মে সেখানে আগাছার পরিমাণই বেশি। এই একটি জায়গা আরেকটু পরিচ্ছন্ন হলে ভাল লাগত। এছাড়া, সবটা, সবটুকু অত্যন্ত যথাযথ। বিশেষভাবে উল্লেখ করব কর্মীদের কথা, যাঁরা খুবই হাস্যমুখ এবং তৎপর। তবে যিনি টিকিট কাউন্টারের ভারপ্রাপ্ত ছিলেন, উনি দুঃখ করে বলছিলেন যে খুব কম মানুষই মিউজিয়াম দেখতে আসেন।
সত্যি বলতে কি, দেখতে দেখতে হারিয়ে যাচ্ছিলাম আমি। চোখে জল আসছিল... আর একই সঙ্গে গায়ে কাঁটা দিচ্ছিল - স্বয়ং রাজার বাড়িতে, যে ঘরে উনি একসময় থাকতেন, যে বৈঠকখানা ঘরে বসে হয়ত প্রিভি কাউন্সিলের কাছে চিঠি লিখেছিলেন সতীদাহপ্রথা রদ করার জন্য ... সেখানে দাঁড়িয়ে আছি আমি... একবিংশ শতাব্দীর এক সামান্য মানুষ - এটা ভেবেই আপ্লুত হয়ে গেছিলাম।
একবার ঘুরে আসুন সবাই, প্লিজ। এইসব মহাপুরুষদের বেড়ে ওঠার আঁতুড়ঘর কিন্তু আমাদের কাছে উপাসনাগৃহই একরকমের...
*কিভাবে যাবেন* - মানিকতলা মোড় থেকে পায়ে হাঁটা পথে, মেছুয়াবাজার এলাকাতেই এই সংগ্রহশালা।
*সময়* - মঙ্গল থেকে রবিবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে। সোমবার বন্ধ থাকে।
*প্রবেশমূল্য* - মিউজিয়াম দেখার জন্য কুড়ি টাকা। ক্যামেরায় ছবি তোলার জন্য অতিরিক্ত পঞ্চাশ টাকা। মোবাইলে ছবি তোলার জন্যও টাকা দিতে হয়।
*বি.দ্র* -
মানিকতলাতেই রাজার আরেকটি বাড়ি আছে, যেখানে বর্তমানে কলকাতা পুলিশের একটি মিউজিয়াম আছে। সেটিও খুব কাছাকাছি, তাই পারলে একইসঙ্গে ঘুরে আসতে পারেন সেখান থেকেও। আমি আগেই গেছি সেখানে... এবং আবেগাপ্লুত হয়েছি সবকিছু দেখে। এছাড়া, স্বামী বিবেকান্দের বাড়িও হাঁটাপথেই। সেখানেও যেতে পারেন একইদিনে।

Like Reply




Users browsing this thread: 1 Guest(s)