Thread Rating:
  • 11 Vote(s) - 3.18 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Non-erotic সমাহার by নীললোহিত

Showing only the posts of ddey333: 23 of 37 posts. Show all posts
#1

Collected from Xossip web archive




সমাহার



এটা কোনও একটা গল্প নয়। বরং অনেকগুলো গল্পের সমাহার। আবার এগুলোকে গল্পও হয়তো বলা যায়না। মনের মধ্যে জমে থাকা কতকগুলো প্রশ্নকে শব্দের ছাঁচে ফেলার চেষ্টা করেছি। চাইব সবাই এগুলো পড়ুক। তারপর জানাক সেগুলো কতটা সত্যি।  [b]   নীললোহিত[/b]
[+] 2 users Like ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

অনাহুত

আজ আমার জন্মদিন। এ বছর আমি পনেরোয় পা দিলাম। বাবা কলকাতায় কাজ করে। ঘরে মা, আমি আর ঠাকুমা থাকি। কলেজে এখন গ্রীষ্মের ছুটি চলছে। জৈষ্ঠ্য মাসের প্রথম সপ্তাহে আমার জন্মদিনে প্রতি বছরই ছুটি পাই আমি। প্রতি বছরের মত এ বছরও বাবা সবার আগে ভোরবেলায় আমাকে ঘুম থেকে তুলে ফোনে শুভেচ্ছা জানিয়েছে। বেলার দিকে আমরা তিনজনে জলখাবার খাচ্ছি। জন্মদিনে মুড়ি খেতে নেই বলে মা আমাকে লুচি ভেজে দিয়েছে। গরম গরম বেগুনভাজা সহকারে লুচি খাচ্ছি। মা আর ঠাকুমাও আমার সঙ্গে জলখাবার খেয়ে নিচ্ছে। এমন সময় আমার দৃষ্টি পড়ল সদর দরজার দিকে। দেখতে পেলাম একটা নুব্জ্যদেহী বুড়ি আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। তার চলনটা পরিষ্কার নয় বরং কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কাঁধে একটা ঝোলাও নজরে এল। প্রথম দর্শনে তাকে ভিখারিনী বলেই মনে হল। হয়ত ভিক্ষে করতে বেরিয়েছে। কিন্তু আমার এই মনে হওয়াটাকে ভুল প্রমাণ করে সে সটান আমাদের বাড়িতে ঢুকে পড়ল। তারপর ঠাকুমাকে উদ্দেশ্য করে অদ্ভুত একটা খনখনে কর্কশ গলায় গলায় বলল, “চিনতে পারছ, মা ঠাকরুণ?” আমরা বাইরের দাওয়ায় বসেছিলাম। ঠাকুমা নিজের শরীরটাকে এগিয়ে নিয়ে গিয়ে বুড়িটাকে আপাদমস্তক ভালো করে লক্ষ্য করল। তারপর কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে, হঠাৎ বিস্মিত গলায় বলল, “আরে হাড়িবউ যে! তুই এখনও মরিসনি?”

“
মরতে আর পারলুম কই, মা ঠাকরুণ।”
“
তা কোথায় ছিলিস এতদিন? তোকে তো অনেকদিন দেখিনি। আমি তো ভেবেছিলুম হয়ত মরে হেজে গেছিস।” ঠাকুমা জিজ্ঞাসা করল।
“
মেয়ের বাড়িতে ছিলুম মা। তা জামাই বললে, অনেকদিন তো মেয়ের অন্ন ধ্বংস করলে, এবার যাও ছেলের কাছে। তা এখানে চলে এলুম। ছেলে বললে, এমনি এমনি খেতে পাবেনে। ভিক্ষে করে চাল জোগাড় করে আনো, তবে খেতে পাবে। তাই বেরিয়েছি মা, ভিক্ষে করতে।” একটানা কথা বলে বুড়ীটা হাঁফাতে লাগল। ঠাকুমা বলল, “বোস্, কিছু খেয়ে যা।” তারপর মাকে বলল, “যাও তো বউমা, ওকে কিছু খেতে দাও।” ততক্ষণে মায়ের খাওয়া হয়ে গেছিল। মা রান্নাঘরে চলে গেল। খাবারের কথা শুনে বুড়িটা ততক্ষণে দুয়ারের এককোণে বসে পড়েছে। ঠাকুমা হঠাৎ আমাকে দেখিয়ে বলল, “একে চিনতে পারছিস বউ?” বুড়ীটা ঘোলাটে চোখ দিয়ে খানিকক্ষণ আমার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর বলল, “শ্বশুরখেকো না! ওমা কত্ত বড় হয়ে গেছো!” ঠাকুমা হেসে বলল, “নামটা ভুলিসনি এখনও।” উত্তরে বুড়িটাও মৃদু হাসল।
“
কী করে ভুলব মা? আমার শ্বশুরখেকো তো ঐ একজন আছে।” এমন সময় মা রান্নাঘর থেকে একটা বাটিতে কিছুটা মুড়ি এনে বুড়িটার ময়লা কাপড়ের আঁচলে আলগোছে ঢেলে দিল। এবার ঠাকুমাও রান্নাঘরে চলে গেল। মনে হয় আমার পায়েসটা রাঁধতে গেল। আমার জন্মদিনের পায়েসটা প্রতিবছর ঠাকুমাই রান্না করে। ততক্ষণে বুড়িটা মুড়ি খেতে শুরু করে দিয়েছে। কাঁপা কাঁপা হাতে মুড়ি তুলে ফোকলা মুখে ফেলছে। আমি ওকে ভাল করে দেখতে লাগলাম। বয়সটা ঠাকুমার মত না হলেও কমপক্ষে ৭০/৭২ তো হবেই। অথচ একে যেন ঠাকুমার চেয়েও বেশী বুড়ি লাগছে। একমাথা শনের মত সাদা চুলে কতদিন যে তেল পড়েনি, তার ঠিক নেই। ফলে চুলগুলো অনেকটা জটার মত মনে হচ্ছে। তেলের অভাবে সাদা চুলগুলো লাল হয়ে গেছে। পরনের কাপড়টা অত্যন্ত ময়লা আর তেলচিটে। কাপড়ের রংটা হয়ত এককালে হলুদ ছিল, কিন্তু এখন সেটা কালক্রমে সাদা রঙে এসে ঠেকেছে। কাপড়ের আঁচলটাতেই অন্তত চার জায়গায় রিফু পড়েছে। বাকীটার কথা তো বাদই দিলাম।
[+] 2 users Like ddey333's post
Like Reply
#3

এতক্ষণে সব মুড়িগুলো খেয়ে নিয়ে টিউবওয়েলের কাছে গিয়ে টিপে আঁচলাভরে জল খেল বুড়ীটা। তারপর আবার এসে বসল দুয়ারের এককোণে। এমন সময় ঠাকুমা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বুড়িটাকে বলল, “হাড়িবউ চলে যাসনি যেন। আজ সোনার জন্মদিন। দুপুরে ভাত খেয়ে যাস।” বুড়িটা আনন্দে ঘাড় নেড়ে আনন্দিত গলায় বলল, “ ওমা, তাই নাকি! আমার শ্বশুরখেকোর জন্মদিন! আজ অনেকদিন পর পেটপুরে খাব মা।” তারপর বলল, “তোমাকে আশীব্বাদ করি, বাপধন আমার। শতায়ু হও। মাথার যত চুল আছে, তত তোমার আয়ু হোক।” বলে কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিয়ে আমার মাথাটা ছোঁয়ার চেষ্টা করল। এমন সময় ঠাকুমা চেঁচিয়ে বলল, “ও কী করছিস বউ! সোনাকে ছুঁবি যে!” সঙ্গে সঙ্গে বজ্রাহতের মত হাতটা সরিয়ে নিল বুড়িটা। “সরে বোস্ বাপু। ছুঁয়ে একসা করিসনি যেন।” বলে ঠাকুমা রান্নাঘরে ঢুকে গেল। হঠাৎ বিড়বিড় করতে শুরু করল সে, “এত্তটুকু ছিলে বাপ তুমি। তোমার মা তোমাকে নিতে পারত নি। আমিই তোমাকে নাইয়েছি, গান গেয়ে ঘুম পাড়িয়েছি। তোমার জন্য কতদিন রাত্তিরে ঘুমোতে পারিনি। ঠায় কোলে করে নিয়ে বসে থাকতুম।” আমি অবাক হয়ে ভাবতে লাগলাম বুড়িটা কে? আমাকে স্নান করিয়েছে, ঘুম পাড়িয়েছে বলছে, অথচ এর আগে কখনও ওকে দেখিনি। বুড়িটা হঠাৎই বিড়বিড়ানি থামিয়ে দিয়ে ঝিমোতে লাগল। ঘাড়টা ঝুঁকে পড়েছে বুকের কাছে। বেঁকা পিঠটা দুয়ারের খুঁটিতে ঠেস দিয়ে ঝিমোতে লেগেছে। নিঃশ্বাসের তালে তালে বুকটা ক্রমাগত ওঠানামা করছে। এইটুকুই যেন ওর বেঁচে থাকার সাক্ষ্য দিচ্ছে। পাশে রাখা ময়লা ঝোলাটার ভিতর উঁকি মেরে দেখলাম। খানিকটা চাল আর গোটা ছয়েক আলু রয়েছে তাতে। এই হল ওর আজকের উপার্জন। হয়তো রাতে এগুলোই ফুটিয়ে খাবে। তারপর কাল সকাল থেকে আবার বের হবে উপার্জনের সন্ধানে।

এদিকে বেলা বাড়ছে। জৈষ্ঠ্যের দুপুরের গরমের তাত লাগছে গায়ে। আমি উঠে পড়লাম। বাবলু আজকে সকালে ওদের বাড়ি যেতে বলেছিল। কিন্তু এই রোদে আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না। রোদ কমলে ওবেলা যাব ভেবে ঘরে এলাম। এই ঘরের জানালা দিয়ে খিড়কি পুকুরের খানিকটা দেখা যায়। এই পুকুরের পাশ দিয়ে চলে গেছে একটা পায়ে চলা মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে একে একে বামুনপাড়া, কায়েতপাড়া, তেলীপাড়া, কলুপাড়া, বাগদীপাড়া, আর গ্রামের একদম শেষপ্রান্তে মুচিপাড়া আর হাড়িপাড়া। তারপর ধূ ধূ মাঠ। সেই মাঠের মাঝখানে একটা পুকুর। সেই পুকুরের দু’পাশে দুটো শ্মশান। এই দুটো শ্মশানেই আমাদের গ্রামের প্রত্যেক বাড়িরই মৃতদেহ দাহ করা হয়। একটা জিনিস ভেবে আমার খুব আশ্চর্য লাগে, এই জাতপাত, অস্পৃশ্যতা, শুচিবায়ুগ্রস্থতা মৃত্যুর পরেও সমান ভাবে বহাল আছে। আমি বামুন, তুই দুলে। তুই অস্পৃশ্য। তোকে ছুঁলে আমার জাত যাবে। মৃত্যুর পর শিবনারায়ণ মুখার্জীকে দাহ করা হয় পুবপাড়ের শ্মশানে আর হারু ঘড়ুইকে দাহ করা হয় পশ্চিমপাড়ের শ্মশানে। মৃত্যুর পরেও জাতের ভেদাভেদ, অস্পৃশ্যতা সমান তালে রয়ে যায় * ধর্মের অভ্যন্তরে। এমন সময় কাকের চিৎকারে ঘোর কাটল। কাকটা আমাদের উঠোনেই ডাকছে। বেলা বেড়েছে অনেক। রোদের তাতও বেড়েছে পাল্লা দিয়ে। ঘরের ভিতর বসেও সেই তাত ভালমতই টের পাওয়া যাচ্ছে। এমন সময় মা ঘরে ঢুকে বলল, “একিরে, তুই এখনও বসে আছিস! যা চান করে আয়, রান্না হয়ে গেছে।” মা চলে যেতেই আমি গামছা নিয়ে স্নান করতে বের হলাম। দেখি ঠাকুমা বুড়িটাকে বলছে, “যারে বউ, নেয়ে আয় পুকুর থেকে। তারপরে খেতে দেব।”
[+] 2 users Like ddey333's post
Like Reply
#4

(21-06-2021, 09:45 AM)satyakam Wrote:  নীললোহিত তো সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম।

ইনি একই নামে Xossip এ লিখতেন , খুব জনপ্রিয় লেখক ছিলেন .....  
Like Reply
#5

“আমার আর কাপড় নেই সঙ্গে। নাইলে পরব কী?”
“
দাঁড়া, আমার একটা থান দিই তোকে।” বলে ঠাকুমা ঘর থেকে ঠাকুমার একটা সাদা কাপড় এনে বুড়িটার কোলে আলগেছে ফেলে দিল ছোঁয়া বাঁচিয়ে। তারপর একটা ভাঙ্গা কাপে করে খানিকটা তেল এনে দিয়ে ঠাকুমা বলল, “যা, এটা মেখে নেয়ে আয়। চুলগুলোর যা অবস্থা করেছিস। আর একদিন ঐ চুল দেখেই হিংসে হত। এত চুল ছিল তোর।”
“
কী করব মা। সবই অদেষ্ট। রোজ রোজ তেল পাব কোথায়?”
আমি আর দাঁড়িয়ে না থেকে চান করতে চলে গেলাম। দেখি বুড়িটাও আমার পিছন পিছন এসেছে চান করতে। চান করে উঠে আসার সময় দেখি সব তেলটা মেখে চান করছে। আমি ঘরে চলে এলাম। এরমধ্যেই মা আমার খাবার জন্য জল-আসন করে দিয়েছে। আমি নতুন জামা কাপড় পরে বসে পড়তেই মা নতুন থালায় ভাত, ডাল, ভাজাভুজি, তরকারী সাজিয়ে দিয়ে গেল। বুড়িটাও চলে এসেছে ততক্ষণে। ঠাকুমা একটা প্রদীপ জ্বালল। তারপর শাঁখে জোরদার তিনটে ফুঁ দিল। সেই শব্দে ভয় পেয়ে দুটো কাক কা-কা শব্দে উড়ে গেল। এবার প্রথমে ঠাকুমা তারপর মা ধান আর দূর্বাঘাস দিয়ে আশীর্বাদ করল আমাকে। হঠাৎ আমার দৃষ্টি পড়ল বুড়িটার মুখের দিকে। ওর মুখে অদ্ভুত একটা অস্থিরতা। হয়ত কিছু বলতে চাইছে, কিন্ত ঠাকুমার ভয়ে বলতে পারছে না। আমি খাওয়া শুরু করলাম। মা এবার ঠাকুমার আর নিজের খাবার বেড়ে নিয়ে এল। অবশেষে বুড়িটার থালা নিয়ে এল। একটা কানাউঁচু অ্যালুমিনিয়ামের থালা, তাতে ভাত আর অন্যান্য তরকারী সাজনো আছে। খাবারগুলো দেখে বুড়িটার চোখেমুখে একট অদ্ভুত ভাব জেগে উঠল। সেটা লোভ হতে পারে অথবা আনন্দ। ঠিক বুঝতে পারলাম না।

সবারই খাওয়া প্রায় শেষের মুখে, এমন সময় ঠাকুমা মাকে উদ্দেশ্য করে বলল, “যাও বউমাকে, হাড়িবউকে পায়েস এনে দাও।” মা খাওয়া শেষ করে রান্নাঘর থেকে বাটি করে খানিকটা পায়েস এনে উঁচু করে বুড়িটার থালায় ঢালতে লাগল। ঘটনাটা ঘটল তখনই। সামান্য হাওয়ায় মায়ের কাপড়ের একট প্রান্ত উড়ে গিয়ে বুড়িটার থালায় ঠেকে গেল। ঘটনাটা ঠাকুমার দৃষ্টি এড়াল না। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, “তোমার কি কখনও জ্ঞান হবেন বউমা? ওর এঁটো থালাতে কাপড় ছোঁয়ালে! যাও, আগে নেয়ে এসো, তারপর হেঁশেলে ঢুকবে। আর তোকেই বলি বউ, কি হুঁশ তোর? একটু গা বাঁচিয়ে বসবি তো। যা, খেয়ে উঠে থালাটা ধুয়ে আন। আর জায়গাটা গোবর দিয়ে নিকিয়ে দে।” ঠাকুমার কথা শুনে বুড়িটা কাঁচুমাচু মুখ করে কোনরকমে খাওয়া শেষ করে থালাটা নিয়ে পুকুরঘাটে চলে গেল। মা-ও ঠাকুমার কথা মত চান করতে চলে গেল। আমি হাতমুখ ধুয়ে, ঘরে এলাম। জানালা দিয়ে দেখলাম বুড়িটা ঘাটে সে কি যেন ভাবছে। তারপর থালাটা ধুয়ে ঘরের দিকে এল। কিছুপরেই ঠাকুমার গলা শুনতে পেলাম। “বেশী করে গোবর দিয়েছিস তো?”
“
হ্যাঁ মা।”
“
ঠিক আছে। ওখানটা নিকিয়ে নে। আঃ, কি করিস। ঐখানে ভাত পড়ে আছে, এখনও দেখতে পাচ্ছিস নি? ওখানটা আরেকবার নিকিয়ে নে।” আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম বুড়িটা কে? এমন সময় মা ভিজে কাপড়ে ঘরে ঢুকল। মাকে জিজ্ঞাসা করাম, “মা, ঐ বুড়িটা কে?”
“
ওমা, তুই ওকে চিনতে পারিসনি! অবশ্য তোরও কোন দোষ নেই। ও যখন শে়ষবার আসে, তখন তুই এতটুকু। ও হচ্ছে তোর ধাই মা। তুই যখন হোস, ও তখন আমার সঙ্গে আঁতুড়ঘরে ছিল। একুশ দিন তোর কোন ঝক্কি নিতে দেয়নি আমায়। সব নিজে হাতে করেছে। তোকে চান করিয়েছে, গান গেয়ে ঘুম পাড়িয়েছে। কি মিষ্টি গানের গলা ছিল ওর। আর তুমিও কিছু কম ছিলেনা। ওকে সারারাত ঘুমোতে দিতে না। সারারাত তোকে কোলে করে ঠায় বসে থাকত।”

মা ঘর থেকে বেরিয়ে গেল। শুনতে পেলাম মাকে বুড়িটা বলছে, “আমি এবার আসি বউ।”
“
এত রোদে যাবে, হাড়িদি?”
“
আমাদের আবার রোদ বউ। আসি”
“
দাঁড়াও, তোমার চালটা দিয়ে দিই।”
তারপর সব চুপচাপ। ভাবছি বুড়িটা হয়ত চলে গেছে। হঠাৎ খিড়কির দিকের জানালায় নজর পড়তে দেখি, ও আমাকে হাত নেড়ে ইশারায় ডাকছে। ঘর থেকে বেরিয়ে দেখি মা রান্নাঘরে কাজ করছে। ঠাকুমা নিজের ঘরে গিয়ে শুয়েছে। আমি আস্তে আস্তে পুকুরপাড়ে গিয়ে দেখি বুড়িটা দাঁড়িয়ে আছে। আমি যেতে আঁচল থেকে কতকগুলো খুচরো পয়সা বের করে আমার হাতে দিয়ে বলল, “এই পয়সা ক’টা নাও বাপ। তোমার জন্মদিনে আর কিছু দিতে পারছি নি। অনেক বড় হও। বাপ-ঠাকুদ্দার নাম উজ্জল করো।” আমি স্থাণুর মত দাঁড়িয়ে রইলাম। কি করব, কি বলব বুঝতে পারছি না। বুড়িটা বলল, “এবার আসি বাপ্। অনেক বেলা হয়ে গেল। ভাল থেকো।” হঠাৎ কি মনে হল জানিনা, আমি ওকে একটা প্রণাম করলাম। বুড়িটা চমকে উঠে পিছিয়ে গেল। তারপর কাঁপা কাঁপা হাতটা আমার মাথা আর মুখে বুলিয়ে দিয়ে রাস্তা দিয়ে এগিয়ে চলল। আমার চোখের সামনে দিয়ে একটা নুব্জ্যদেহী বুড়ি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলেছে। তার কাঁধে একটা ঝোলা। তাতে আছে কিছু ভিক্ষে করা চাল আর গোটা ছয়েক আলু। সে এইভাবে অন্যের বাড়িতে সামান্য ভাতের জন্য অস্পৃশ্যতার অপমান কুড়াবে। আবার পরক্ষণেই তার পরের বাড়িতে যাবে খাবারের সন্ধানে, ভিক্ষের সন্ধানে। এইভাবেই চলতে থাকবে ওর বাদবাকী জীবন। আর এইভাবেই একদিন সে হারিয়ে যাবে সবার বিস্মৃতির অন্তরালে। পনেরোতম জন্মদিনটা জীবনের শেষদিন পর্যন্ত আমার মনে থাকবে। কারণ এইদিনেই আমি খু্ঁজে পেয়েছি আমার এক পরমাত্মীয়াকে। সে আর কে়উ নয়, আমার আরেক মা। আমার ধাত্রী-মাতা।


সমাপ্ত



বি.দ্র.- এই কাহিনীতে কোন একটি বিশেষ জাতি বা সম্প্রদায়কে ছোট করে দেখানো হয়নি। গল্পের প্রয়োজনে কেবল মাত্র নামোল্লেখ করা হয়েছে। তবুও কারোর মনে এই বিষয়ে ব্যথা লাগলে, আমি সর্বান্তকরণে ক্ষমাপ্রার্থী। -নীললোহিত
[+] 7 users Like ddey333's post
Like Reply
#6

(21-06-2021, 09:53 AM)satyakam Wrote:  মানে আমাদের কাকাবাবুর স্রষ্টা গসিপ এ লিখতেন। উফফফফ কি শোনালেন গো দাদা সকাল সকাল।  Heart Heart Heart

তাই বলি। যখন ওনার বড়ো দের উপন্যাস পড়তাম তখন কেন এতো চটি চটি গন্ধ পেতাম।  Big Grin

সত্যি বলছি সকাল সকাল এমন একটা কথা শুনবো সেটা ভাবতেই পারিনি।  Heart

আরে না না আমি তা বলতে চাইনি ...

ইনি অন্য নীললোহিত  !!! 


:) :)
Like Reply
#7

মাস্টারমশাই

১

আমাদের গ্রামে একটি মাত্র প্রাইমারী কলেজ ছিল। এখনও তাই আছে। শুনেছি আমার দাদু ও গ্রামের অন্যান্য মাতব্বরেরা মিলে এই কলেজটি তৈরী করেছিলেন। সেসব আজ বহুকাল আগের কথা। আমার বাবা-ই তখন তিন বছরের আর বড় পিসির তখন সবে পাঁচ। তারপর থেকেই এই কলেজে পড়াশুনা হয়ে আসছে। আমাদের গ্রামের বহু ছেলেমেয়ে এমনকি আমার বাবা-পিসিও এই কলেজে পড়াশুনা করেছেন। তাই কতকটা পারিবারিক রীতি মেনেই বাবা আমাকে ঐ কলেজে ভর্তি করে দিলেন। আমি যখন ঐ কলেজে ভর্তি হই, তখন কলেজে চাকরী করতেন আমাদের গ্রামেরই মানুষ বলাইচন্দ্র মুখার্জী। কলেজে আমরা জনা ত্রিশ ছেলেমেয়ে পড়তাম। গ্রীষ্মকালে মাস্টারমশাই হাতে তালপাতার হাতপাখা নিয়ে পড়াতেন। আর কারোর পড়ায় সামান্যতম ভুল হলে বা একটু দুষ্টুমি করলেই, সেই পাখার বাঁট দিয়ে উত্তম মধ্যম মারতেন। সে মার অবশ্য আমার পিঠে না পড়লেও, মাস্টারমশাইকে বেশ ভয় পেতম আমি। তবে এটা লক্ষ্য করতাম, উনি আমার পড়াশুনার প্রতি বিশেষ দৃষ্টি দিতেন। মাস্টারমশাই ছিলেন অপুত্রক। সংসারে ওনার স্ত্রী অর্থাৎ আমাদের জ্যাঠাইমা আর আদরের গরু বুধি ছাড়া তাঁর আপনার বলতে আর কেউ ছিলনা। জ্যাঠাইমা বুধির দুধ থেকে ঘি তৈরী করতেন আর উনি সেই ঘি বিক্রি করতেন। প্রায়ই দেখতাম এক বোতল ভর্তি করে ঘি নিয়ে হেলতে দুলতে আমাদের বাড়িতে এসে মাকে হাঁক পাড়তেন, “কই বউমা, চায়ের জল চাপাও।” মা-ও অমনি একগলা ঘোমটা দিয়ে রান্নাঘর থেকে উত্তর দিত, “চাপিয়ে দিয়েছি দাদা, আপনি বসুন।” তারপর মায়ের তৈরী চা তার সাথে মুড়ি আর বেগুনি খেতে খেতে ঠাকুমার সাথে গল্প শুরু করে দিতেন। আর মাঝে মাঝে আমাকে বলতেন, “সরকার, কই কাল যে অঙ্কটা পারোনি, নিয়ে এসোতো, বুঝিয়ে দিই।” উনি আমাকে নাম ধরে না ডেকে সরকার বলে ডাকতেন। উনি যে পড়াটাই বুঝিয়ে দিতেন, সেটাই জলের মত মনে গেঁথে যেত। চা-মুড়ি খেয়ে, গল্প করে ওঠার সময় ঠাকুমাকে বলতেন, “এবার উঠি কাকীমা, অনেক রাত হল। ওদিকে আবার আপনার বউমা হয়ত চিন্তা করছে।” উনি কোনওদিন আমাদের কাছ থেকে ঘিয়ের দাম নিতেন না। কলেজ তৈরী হওয়ার পর দাদুই ওনাকে কলেজের মাস্টার করে দেন। সেই কথাটা উনি আজও ভোলেননি। ঠাকুমা যদি, “একি কথা বলাই, তুমি এত কষ্ট করে ঘি তৈরী করবে, অথচ টাকা নেবেনা, এটাতো ভাল কথা নয়” বলে টাকা দিতে যেতেন, মাস্টারমশাই অমনি খপ্ করে ঠাকুমার দু’হাত ধরে ফেলে বলতেন, “আপনাদের কাছ থেকে টাকা নিলে মহাপাতকী হবো, কাকীমা। আচ্ছা বেশ একদিন না হয় আমাকে নেমন্তন্ন করে খাইয়ে দেবেন।” উনি খেতে খুব ভালবাসতেন। তাই ঠাকুমা তাঁকে প্রায়ই নিমন্ত্রণ করে খাওয়াতেন। গরমের দিনে একটা খাটো ধুতির উপর একটা পাঞ্জাবী আর শীতকালের দিনে পাঞ্জাবীর উপর একটা মোটা খদ্দরের চাদর - এই ছিল ওনার মার্কমারা পোষাক। শুনেছি মাস্টারমশাই নিজে খুব মেধাবী ছাত্র ছিলেন। তখনকার দিনের আই.এ. পরীক্ষায় প্রথম হয়েছিলেন। কিন্তু হঠাৎ করে বাবা মারা যাওয়ায় কলেজে পড়া সম্ভব হয়নি ওনার। তাই উনি যেটা নিজে পারেননি, সেটা ওনার ছাত্রছাত্রীদের হোক, এটাই ছিল ওনার জীবনের একমাত্র লক্ষ্য। তাই শীত গ্রীষ্ম-বর্ষা একদিনও কলেজে কামাই করতেন না। অনেকদিন দেখেছি ওনাকে জ্বর গায়ে বা অসুস্থ শরীর নিয়ে আমাদের পড়াতে। যে সময়ের কথা বলছি, তখন চারিদিক এত প্রাইভেট টিউশনি বা কোচিং সেন্টারের রমরমা ছিলনা। তাই বাবা আমাকে মাস্টারমশাইয়ের কাছেই পড়ার ব্যবস্থা করেছিল। প্রতিদিন সন্ধ্যায় আমি ওনাদের বাড়িতে পড়তে যেতাম। উনি পড়া বুঝিয়ে দেবার পর প্রতিদিন একটা করে গল্প বলতেন। এক-একদিন এক-একটা নতুন গল্প।
[+] 2 users Like ddey333's post
Like Reply
#8

কোনদিন কলম্বাসের আমেরিকা আবিষ্কার কোনদিন মহাত্মা গান্ধী বা স্বামী বিবেকানন্দ বা সুভাষচন্দ্রের জীবনী, কোনদিন বা ক্যাপ্টেন স্কটের দক্ষিণ মেরু অভিযান। ওনার ঘরে অনেক বই থাকত। উনি সেইসব বই থেকে পড়ে শোনাতেন আমাকে। হ্যারিকেনের ক্ষয়াটে, হলদে আলোয় ওনার চোখদুটো অসম্ভব জ্বলজ্বল করত। দেখলে ভয় পেত, গায়ে কাঁটা দিত। সেই জ্বলজ্বলে চোখদুটোর দিকে তাকাতে পারতাম না। মাস্টারমশাই বলতেন, “জীবনে সফল নয়, বরং একজন ভাল মানুষ, সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা কোরো সরকার। সফল তো অনেকেই হয়, কিন্তু তাদের মধ্যে সত্যিকারের মানুষ ক’জন, তা কি কেউ বলতে পারে?” ঐ বয়সে ওনার সব কথা হয়তো বুঝত পারতাম না কিন্তু ওনার বলা প্রত্যেকটা কথা শুনতে খুব ভাল লাগত। গল্প শুনতে শুনতে প্রতিদিনই রাত্রি হয়ে যেত। আর জ্যাঠাইমা আমাকে জোর করে, হাত গড়া দুটো গরম রুটি আর একবাটি সরওঠা দুধ খাইয়ে দিতেন। বাবা আমাকে মাস্টারমশাইয়ের বাড়ি খেকে আনতে যেত। প্রথম প্রথম আমাকে দুধ-রুটি খেতে দেখে বাবা আপত্তি তুলত। “একি বৌদি, প্রতিদিন ওকে এইভাবে খেতে দেবেন না।” জ্যাঠাইমা নরম স্বরে বলতেন, “সেকী কথা সমর, নব আমার ছেলের মত। ও খেলে কী হবে?” বাবা তাও বলত, “তা হোক, কাল থেকে আর দেবেন না।” কিন্তু পরের দিন জ্যাঠাইমা ঠিক পড়ার শেষে আমার বরাদ্দ দুটো রুটি আর একবাটি দুধ আমার সামনে এনে রাখতেন। আর সত্যি কথা বলতে কি, আমি নিজেও জ্যাঠাইমার হাতে গড়া রুটি আর দুধটুকুর জন্য অপেক্ষা করে থাকতাম। পরে জীবনে অনেক ভাল ভাল জিনিস খেয়েছি, কিন্তু ছোটবেলার জ্যাঠাইমার হাতের মোটা রুটি আর মোটা সরওয়ালা ধোঁয়া ধোঁয়া গন্ধের দুধের স্বাদ এখনও আমার মুখে লেগে আছে। বাবা একবার আমার পড়ানোর বাবদ কিছু টাকা মাস্টারমশাইকে দিতে গেছিল। কিন্তু উনি সেই টাকা ফিরিয়ে দিয়ে বলেছিলেন, “আমি সরকারকে এমনিই পড়াই। আর ওর জ্যাঠাইমা ওকে ভালবেসে দুটো খেতে দেয়। এর জন্য আমি তোমার কাছে টাকা নিতে পারবোনা, সমর।”

[+] 2 users Like ddey333's post
Like Reply
#9

২

সময় কারোর জন্যই থেমে থাকেনা। সে তার নিজের ছন্দে বয়ে যায় নিরন্তর। একসময় আমার গ্রামের কলেজের পড়া শেষ হয়ে গেল। বাবা আমাকে বারাসতে মামাবাড়ির কাছের একটা কলেজে ভর্তি করে দিল। আমি মামাবাড়িতে থেকেই পড়াশুনা করতে লাগলাম। প্রথম কয়েক বছর ছুটিতে গ্রামে যেতাম। তখন প্রায়ই মাস্টারমশাইয়ের সাথে দেখা হত। আমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই, উনি দুটো হাত আমার মাথায় রেখে আশীর্বাদ করে বলতেন, “বেঁচে থাকো। আশীর্বাদ করি তুমি আরোও অনেক বড় হও।” তারপরেই আমার পড়াশুনার কথা, নতুন কলেজের কথা, নতুন শিক্ষক-শিক্ষিকাদের কথা, নতুন বন্ধুদের কথা জিজ্ঞাসা করতেন। এরপর পড়াশুনার চাপে ধীরে ধীরে আমার গ্রামে যাওয়া কমে আসতে লাগল। অবশেষে বছরে একবার কি দু’বার গ্রামে যেতাম। গ্রামে গেলেও থাকতাম না। তাই মাস্টারমশাইয়ের সাথে ক্কচিৎ কদাচিৎ দেখা হত। হায়ার সেকেণ্ডারীতে পড়ার সময় ঠাকুমা মারা গেল। বাবা গ্রামেই শ্রাদ্ধের ব্যবস্থা করল। আমি গিয়েছিলাম। সঙ্গে দু’চারজন বন্ধুও ছিল। শ্রাদ্ধের দিন বাবা গ্রামের সবাইকে নিমন্ত্রণ করেছিল। আমি বন্ধুদেরকে নিয়ে খেতে বসেছি, হঠাৎ নজরে এল আমাদের সামনের সারিতেই মাস্টারমশাই খেতে বসেছেন। শীতকালের দিন। তাই ওনার দেহে সেই চিরপরিচিত খাটো ধুতি আর পাঞ্জাবীর উপর খদ্দরের চাদরটি জড়ানো আছে। তবে এতগুলো বছরে সেই চাদরের অবস্থা দীর্ণ হয়ে পড়েছে। কয়েকটা জায়গায় তাপ্পিও পড়েছে দেখলাম। উনি যে চিরদিনই খেতে ভালবাসেন, এটা আগেই বলেছি। কিন্তু আমার শহুরে বন্ধুদের কাছে সেটা রীতিমত “রাক্ষুসে খাওয়া” বলে মনে হল। সেদিন বন্ধুদের নানান টিপ্পনী শুনে আমার কান জ্বলতে লাগল। সেদিন আমার বলা উচিত ছিল, “উনি আমার মাস্টারমশাই”। কিন্তু বন্ধুদের কাছে “প্রেস্টিজ” হারাবার ভয়ে আমি মুখ খুললাম না। উনি সেদিন হয়তো আমার বন্ধুদের টিপ্পনী শুনে থাকবেন। আমার নীরবতাও হয়ত ওনার দৃষ্টি এড়ায়নি। কিন্তু কারোকে কিচ্ছু না বলে, খাওয়া শেষ করেই একপ্রকার দৌড়ে চলে গেলেন। এ ঘটনাও বেশীদিন লাগল না আমার মন থেকে মুছে যেতে। আস্তে আস্তে পড়াশুনার মধ্যে হারিয়ে গেলাম। ছোটবেলা থেকেই আমি খুব মেধাবী ছাত্র ছিলাম। হায়ার সেকেণ্ডারীতে লেটার মার্কস পাওয়ায় এবং জয়েন্টে মেডিকেলে ভাল ব়্যাঙ্ক করার সুবাদে আর মেজমামার পরিচিতির জোরে কলকাতার এক নামী মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলাম। কলকাতাতেই একটা মেসে ভাড়া থেকে পড়াশুনা করতে লাগলাম। গ্রামে যাওয়া একপ্রকার বন্ধ হয়ে গেল। এরপর পরপর দু’বছরে বাবা আর তারপর মায়ের মৃত্যু আমার মন থেকে গ্রামটাকে একপ্রকার মুছিয়ে দিল। এরপর আমি মেডিক্যাল কলেজ থেকে স্কলারশিপ সহ গ্রাজুয়েট হয়ে বিদেশে চলে যাই পড়তে। সেখান থেকে বছর কয়েক পর ফিরে এসে কলকাতায় স্থায়ী হই। এখন আমি, ডা. নবকুমার সরকার, ডাক্তারমহলে একটি পরিচিত নাম। কলকাতার এক নামকরা বেসরকারী নার্সিংহোমে উচ্চপদে নিযুক্ত আছি। সল্টলেকে নিজের ফ্ল্যাট, সাথে চেম্বার, স্ত্রী-কন্যা সহ সুখের সংসার। বেশ ভালভাবেই দিন কাটছিল, হঠাৎ খবরের কাগজের পাতায় নিজের গ্রামের নামটা পড়ে চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সিনেমার ফ্ল্যাশব্যাকের মত কিছু পুরানো কথা মনে পড়ে গেল। বিধ্বংসী ঝড়ে আমাদের গ্রামের প্রভূত ক্ষতি হয়েছে। বহু মানুষ আহত হয়েছে। বেশকিছু মানুষ মারাও গেছে। গ্রামে আমার পরিবারের আর কেউ নেই ঠিকই, তবে মনের মধ্যে একটা অদ্ভুত টান অনুভব করলাম। আর বহুবছর গ্রামে যাইনি। গ্রামটার কেমন অবস্থা তাও জানিনা। তবে আমাদের বাড়িটা এখনও আছে। আর আছে কিছু জমি। সেই জমি চাষ করে আর বাড়িঘর দেখাশোনা করে বিপত্নীক নিবারণকাকা। মাঝে মাঝে আসে কলকাতায়। ওর মুখ থেকেই শুনি গ্রামের কথা। নিবারণকাকা অনেকবার বলেছে গ্রামে যেতে। কিন্তু কাজের চাপে হয়ে ওঠেনি। কিন্তু আজ গ্রামে যাবার একটা প্রবল ইচ্ছে মনের মধ্য টের পেলাম।
[+] 2 users Like ddey333's post
Like Reply
#10

আর নিবারণকাকারও একটা খবর নেওয়া উচিত। ড্রাইভার অতনুকে গাড়ি বের করতে বললাম। আজকের রাতটা গ্রামেই কাটাব মনে করে কিছু জামাকাপড় ব্যাগে ভরে বিকেলের পর গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু ভাগ্য খুবই খারাপ। সন্ধ্যে হতে না হতেই আকাশ কালো করে মেঘ উঠল। সঙ্গে প্রবল বৃষ্টি আর বজ্রপাত। অতনু অবশেষে গাড়ি চালাতে না পেরে রাস্তার একপাশে একটা চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে দিল। বৃষ্টির বেগ যখন কিছুটা কমল তখন হাতঘড়িতে দেখলাম প্রায় আটটা বাজতে যাচ্ছে। অতনু গাড়ি স্টার্ট করতে গিয়ে দেখল স্টার্ট নিচ্ছেনা গাড়ি। ও অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিল। চায়ের দোকানের ছোকরা মালিকটা জানাল গ্রামে যাবার শেষ বাসটা নাকি এখনও যায়নি। তাতে করে আমি চলে যেতে পারব। অবশেষে ঠিক হল আমি বাসে করে গ্রামে চলে যাব। আর অতনু গাড়িটা সারিয়ে নিয়ে কাল সকালে আমাদের গ্রামে গিয়ে আমাকে আবার কলকাতায় নিয়ে যাবে। মিনিট দশেকের মধ্যেই বাসটা চলে এল। অতনুকে গ্রামে যাবার রাস্তা ভালভাবে বুঝিয়ে দিয়ে আমি বাসে চড়ে বসলাম।
[+] 2 users Like ddey333's post
Like Reply
#11

৩

বাসটা যখন আমায় গ্রামের বাসস্ট্যান্ডে নামিয়ে দিল, তখন হাতঘড়ি জানাচ্ছে রাত পৌনে দশটা বাজে। বাসস্ট্যান্ড থেকে আমাদের গ্রাম প্রায় দেড় কিলোমিটার রাস্তা। আকাশে এখন মেঘ সরে গিয়ে চতুর্থীর আধখাওয়া চাঁদ উঠেছে। সেই আলোতেই পথ চলতে শুরু করলাম। সঙ্গের ব্যাগেতে টর্চ ছিল। কিন্তু তাড়াতাড়িতে সেটা গাড়িতেই ফেলে এসেছি। তাই অগত্যা চাঁদই ভরসা। প্রায় এক কিলোমিটার হাঁটার পর গ্রামে ঢোকার ঠিক মুখে একটা প্রকাণ্ড বটগাছ আছে। সেই বটগাছের গুঁড়ির চারিদিকে বেদী করে গ্রামের মানুষেরা সন্ধ্যার পর এসে বসত। এখানেই আমাদের গ্রামের হাট বসত সপ্তাহে একদিন। রথের আর গাজনের মেলাও বসত এখানেই। আমি সেই মেলাতে যাবার জন্য বাবার কাছে বায়না করতাম। তারপর বাবার হাত ধরে আসতাম মেলাতে। আর ফেরার সময় সাথে মাটির পুতুল, খেলনা, মুঠো ভর্তি জিভেগজা আর পাঁপড়ভাজা থাকত। সেসব যেন পূর্বজন্মের স্মৃতি! একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে আবার হাঁটতে শুরু করলাম। দূর থেকে দেখলাম বটগাছটা এখনও আছে। বিধ্বংসী ঝড় এই মহীরুহকে উপড়ে ফেলতে না পারলেও, কিছু মোটা মোটা ডালকে ভেঙ্গে দিয়ে তাকে বেশ জখম করে দিয়েছে। আরো কিছুটা এগোতেই দেখতে পেলাম একজন মানুষ বটগাছের বেদীতে চাদরমুড়ি দিয়ে ঘাড় হেঁট করে বসে আছে। আরেকটু এগোতেই চাঁদের আবছা আলোতে মানুষটাকে চিনতে পেরে চমকে গেলাম। মানুষটার কাছে গিয়ে বললাম, “একি মাস্টারমশাই, এত রাতে এখানে বসে আছেন, কি ব্যাপার!?” উনি চমকে উঠে আমার মুখের দিকে তাকালেন। তারপর কষ্ট করে চোখদুটোকে কুঁচকে যেন আমাকে চেনার চেষ্টা করলেন। তারপর ভাঙ্গা গলায় বললেন, “তুমি কে বলো তো? ঠিক চিনতে পারছি না।” উত্তর দিলাম, “আমি সরকার পাড়ার নব, সমরেন্দ্র সরকারের ছেলে। আজ কাগজে গ্রামের খবরটা দেখলাম। তাই ভাবলাম একবার ঘুরে দেখে যাই।” মাস্টারমশাই বললেন, “ভালো করেছো বাবা, ভাল করেছো। কিন্তু কি দেখবে বাবা? সব তছনছ হয়ে গেছে। কত বাড়ি ভেঙ্গেছে, কত মানুষ যে আহত হয়েছে, তার কোন হিসাব নেই। কত মানুষ যে মারা গেছে, তার সব কথা কি তোমাদের কাগজে দিয়েছে?” বুঝলাম মানুষটা অভিমান করে এসব কথা বলছেন। আমি এগিয়ে গিয়ে ওনাকে প্রণাম করতে গেলাম। উনি চট করে পা দুটোকে টেনে নিয়ে বললেন, “থাক বাবা, রাস্তাঘাটে আর প্রণাম করতে হবেনা। তোমাকে আর কি বলব বাবা। অনেক বড় হয়েছ, নামডাক হয়েছে, বাবা-দাদুর মুখ উজ্জ্বল করেছো। তোমরাই তো এই গ্রামের গর্ব।” বললাম, “সবই আপনাদের আশীর্বাদে মাস্টারমশাই।” উনি বললেন, “তুমি বাড়িতে যাচ্ছো তো? চলো তোমার সঙ্গে কিছুটা যাই। অনেকদিন তোমার দেখা পাইনি। চলো তোমার সাথে কথা বলতে বলতে একটু যাই।” ওনার কথার উত্তর দিত দিতে হাঁটতে লাগলাম। ওনাকে দেখে কেমন যেন অসুস্থ বলে মনে হল। আগের থেকে অনেক রোগা হয়ে গেছেন। গালদুটোও বসে গেছে। গলাটাও কেমন যেন ধরা ধরা লাগছে। বললাম, “আপনার কি শরীর খারাপ নাকি?” মৃদু হেসে উত্তর দিলেন, “আর শরীর। চোখে ভাল দেখতে পাই না আজকাল। জ্বরটাও ক’দিন থেকে ছাড়ছে না।” বললাম, “তাহলে এতরাতে বটতলায় বসেছিলেন কেন? শরীর তো আরো খারাপ হবে।” “ধুর। শরীর ভাবলেই শরীর। না ভাবলে কিছু নয়। শুয়ে থাকতে থাকতে হাঁফিয়ে উঠেছিলাম। তাই ভাবলাম যাই একবার বটতলায় গিয়ে বসি। তবে এসে ভালোই করেছিলাম। তোমার সঙ্গে দেখা হয়ে গেল। এখন তো গ্রামে আসা বন্ধই করে দিয়েছো।” বুঝলাম এখনও উনি অভিমান করে আছেন আমার উপর। কোন উত্তর দিলাম না। চুপচাপ ওনার সঙ্গে হাঁটতে লাগলাম। লক্ষ্য করলাম এটুকু হাঁটার কারণে হাঁফাচ্ছেন। জ্বরের ফলে বেশ দূর্বল হয়ে পড়েছেন। কিছুক্ষণ চলার পর মাস্টারমশাই হঠাৎ বললেন, “চলো, তোমাকে তোমার কলেজটা দেখিয়ে আনি।” অত রাতে কলেজ দেখতে যাবার ইচ্ছা ছিল না। কিন্তু ওনার গলার স্বরে এমন একটা ভাব ছিল যে আমি আর না করতে পারলাম না। যাব না বললে হয়ত মনে দুঃখ পাবেন। তাই ওনার পিছন পিছন যেতে লাগলাম। যেতে যেতে বলতে লাগলেন, “জানো সরকার, কলেজটার অবস্থা খুবই খারাপ। বর্ষাকালে ঘরগুলোতে জল পড়ে। ছেলেমেয়েগুলোর খুব অসুবিধা হয় জানো। করোগেটগুলো পাল্টালে ভাল হয়। আর মাটির দেওয়ালগুলো.........”
[+] 2 users Like ddey333's post
Like Reply
#12

মাস্টারমশাই হঠাৎ চুপ করে গেলেন। বললাম, “মাটির দেওয়ালে কি হয়েছে?” উনি ফ্যাকাশে দৃষ্টি মেলে আমার দিকে চেয়ে বললেন, “কি হয়েছে নিজের চোখেই দেখবে চলো। প্রায় এসেই গেছি।” এসে যে গেছি সেটা আমিও বুঝতে পারছিলাম। দূর থেকে কলেজবাড়িটার পাশের বিশাল বড় আমগাছটাকে দেখতে পাচ্ছিলাম। টিফিনের সময় ঐ আমগাছের তলাতেই আমরা সবাই মিলে খেলতাম। সবাই বলতে আমি, রাজু, বাবু, তনু, অভি আরো অনেকে। গ্রীষ্মকালে ঐ গাছ থেকেই আম পেড়ে সবাই মিলে ভাগ করে খেতাম। আবার হয়তো নিজের অজান্তেই দীর্ঘনিঃশ্বাস পড়ল। আর সেটা শুনেই মাস্টারমশাই বললেন, “পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে তো! বুঝলে সরকার, স্মৃতি সবসময়ই বড় ব্যথার। যত ভাববে ততই যন্ত্রণা বাড়বে। এবার একটু দেখে এসো। রাস্তাটা খারাপ।” শেষের কথাগুলো উনি রাস্তার দিকে চেয়ে বললেন। আমরা ততক্ষণে কলেজবাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। আমি কলেজবাড়ির দিকে মানে আগে যেখানে কলেজবাড়িটা ছিল সেদিকে চেয়ে চমকে উঠলাম। ছিল বলছি তার কারণ কলেজবাড়িটা এখন একটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মাটির দেওয়ালগুলো ভেঙ্গে এদিক ওদিকে ছিটকে পড়েছে। ছাউনির করোগেট টিনগুলো দুমড়ে মুচড়ে বেঁকে গেছে। সবচেয়ে ভয়ানক ঘটনা হল আমগাছটার সবচেয়ে মোটা ডালটা ভেঙ্গে পড়েছে কলেজবাড়িটার উপরেই। আমি অবাক হয়ে এসব দেখছি, এমন সময় মাস্টারমশাই বললেন, “সবই তো নিজের চোখে দেখছো, সরকার। এই কলেজটাকে আবার নতুন করে তৈরী করতে অনেক খরচা লাগবে। সেসব ব্যবস্থা আমি একলা কি করে.....” হঠাৎ উনি চুপ করে গেলেন। তারপর আমার দিকে চেয়ে বললেন, “একটা অনুরোধ করব, সরকার?” আমি অপ্রস্তুত হয়ে বললাম, “অনুরোধ বলছেন কেন? বলুন কি বলবেন।” মাস্টারমশাই আমার হাতদুটো শক্ত করে বললেন, “তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ চাইছি। তুমি উদ্যোগ নিয়ে এই গ্রামে একটা নতুন কলেজ গড়ে তোলো। যাতে সেই কলেজে পড়ে আরোও অনেক ডা. নবকুমার সরকার তৈরী হতে পারে। বলো, তুমি একাজ করবে। আমার অনুরোধ রাখবে। আমার গা ছুঁয়ে শপথ করো, সরকার।” বললাম, “আপনি উত্তেজিত হবেন না, মাস্টারমশাই। আচ্ছা, আমি আপনাকে কথা দিচ্ছি, এই গ্রামে একটা নতুন কলেজ তৈরী করার ব্যবস্থা করে দেবো। এখন ঘরে চলুন, অনেক রাত হল।” উনি বললেন, “এখন আমি সম্পূর্ণ নিশ্চিন্ত হলাম, সরকার। চলো, তোমাকে কিছুটা এগিয়ে দিই।” আমি বারণ করলেও, মাস্টারমশাই আমার সঙ্গে যেতে লাগলেন। তারপর জিজ্ঞাসা করলেন, “এখন কিছুদিন আছো তো, সরকার?” বললাম, “না, মাস্টারমশাই। কাল সকালেই আমি চলে যাব। আপনি ভাববেন না। আমি কাল যাবার আগে একবার জ্যাঠাইমার সাথে দেখা করে যাব। অনেকদিন দেখা হয়নি জ্যাঠাইমার সঙ্গে।” উনি বললেন, “যেও। এখনও তোমার কথা বলে। তুমি গেলে খুশী হবে।” তারপর দাঁড়িয়ে পড়ে বললেন, “আমি আর যাবো না। আমাকে এখন অনেক দূর যেতে হবে। আমি এখন আসি।” বলে মাস্টারমশাই অন্ধকারের মধ্যেই হনহন করে হেঁটে চলে গেলেন। আমি বাড়ির কাছেই চলে এসেছিলাম। হাতঘড়িতে দেখলাম এগারোটা বাজতে যাচ্ছে। দরজার কড়া নাড়তেই নিবারণকাকা দরজা খুলল। এতরাতে আমাকে দেখে উপর্যপরি অবাক আর আনন্দিত হয়ে গেল। আমাকে ভিতরে নিয়ে গেল। বলল আগে থেকে খবর দিয়ে এলে তৈরী হয়ে থাকতে পারত। দেখলাম নিবারণকাকা একলা মানুষ হলেও বাড়িটার যত্ন নেয়। ঝড়ে বাড়িটার ক্ষতি হয়েছে, তবে মারাত্মক কিছু নয়। বারণ করা সত্ত্বেও নিবারণকাকা অতরাতে আমার জন্য রুটি-তরকারী তৈরী করল। হাত পা ধুয়ে খেতে বসেছি এমন সময় দূর থেকে ক্ষীণ একটা কান্নার আওয়াজ ভেসে এল। নিবারণকাকাকে জিজ্ঞাসা করলাম, “কে কাঁদছে বলো তো?” নিবারণকাকা বলল, “আবার কেউ হয়তো মারা গেল। ঝড়ে অনেকেই আহত হয়েছে।” আমি আর কিছু বললাম না। খেয়েদেয়ে শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে শুয়ে মাস্টারমশাইয়ের কথা চিন্তা করতে লাগলাম। আশ্চর্য মানুষ বটে! অসুস্থ শরীর নিয়েও বাইরে বেরিয়ে পড়েছেন। তবে একট কথা মানতেই হবে কলেজটাকে উনি অসম্ভব ভালবাসেন। কলকাতায় গিয়ে ভাবতে হবে নতুন কলেজবাড়িটা কোথায়, কিভাবে তৈরী করা যায়। তবে তার আগে মাস্টারমশাইকে কলকাতায় নিয়ে যেতে হবে। বলছিলেন চোখে ভাল দেখতে পান না। আমার একজন চক্ষু-চিকিৎসক বন্ধু আছে। তার কাছে মাস্টারমশাইকে নিয়ে যেতে হবে। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে ওনার। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেই জানিনা। ঘুম ভাঙ্গল নিবারণকাকার ডাকে। দেখি সকাল হয়ে গেছে। মুখ হাত ধুয়ে, চা খেয়ে পাড়ায় বেরোলাম। পরিচিতদের সঙ্গে দেখা করলাম। সবাই খুশী হল আমাকে দেখে। তবে প্রত্যেকেই অভিযোগ করল কেন আমি এতদিন গ্রামে আসিনি। তারপর বাড়ি ফিরে স্নান করে জলখাবার খেয়ে নিবারণকাকা কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। অতনু এখনও আসেনি। ওকে আমাদের বাড়ি রাস্তা বুঝিয়ে দিয়েছিলাম। ও হয়ত এখানেই আসবে। তাই নিবারণকাকাকে বলে এলাম অতনু এলে যেন ওকে মাস্টারমশাইয়ের বাড়িটা দেখিয়ে দেয়। আমি ওখানেই থাকব। মাস্টারমশাইয়ের বাড়ির সামনে পৌঁছে দেখি বাড়ির সামনে একটা ছোটখাট জটলা হচ্ছে। আর বাড়ির ভিতর থেকে জ্যাঠাইমার গলায় কান্নার আওয়াজ পেলাম। আমি তাড়াতাড়ি ভীড় ঠেলে বাড়ির ভিতর ঢুকে স্তম্ভিত হয়ে গেলাম। বাড়ির উঠানে মাস্টারমশাইয়ের দেহটাকে শোয়ানো আছে। আর ওনারই সেই খদ্দরের চাদরটা দিয়ে ওনার সারা দেহ ঢাকা আছে। জ্যাঠাইমা মাস্টারমশাইয়ের পায়ের কাছে সে কাঁদছেন। আমি জ্যাঠাইমার কাছে গিয়ে বললাম, “জ্যাঠাইমা, আমার দিকে তাকান। আমায় চিনতে পারছেন। আমি সরকারপাড়ার নব। কি করে এসব হল?” জ্যাঠাইমা আমায় চিনতে পেরে আমার হাতদুটো ধরে কাঁদতে কাঁদতে বললেন, “সবই আমার অদৃষ্ট, বাবা। সেদিন ঝড় থেমে যাওয়ার পর অতরাতে হ্যারিকেন নিয়ে কলেজ দেখতে বেরিয়ে গেলেন। গায়ে ধুম জ্বর। চোখে ভাল দেখতে পাননা। কত করে বারণ করলাম। শুনল না। বেরিয়ে গেল। কলেজের কাছে যেতেই আমগাছটা ভেঙ্গে ওনার মাথায় পড়ে গেল। সঙ্গে সঙ্গে অজ্ঞান। পাড়ার ছেলেরাই তুলে ঘরে নিয়ে এল। ডাক্তার দেখে বলল, বাঁচবে না। কাল সন্ধ্যে পর্যন্ত ভালই ছিল। হঠাৎ সাড়ে ন’টার পর কথা বন্ধ হয়ে গেল। ডাক্তারকে খবর দিলাম। এগারোটায় ডাক্তার এল। ডাক্তার দেখে বলল, উনি আর নেই।” জ্যাঠাইমার কথা শুনে আমার মাথা ঘুরতে লাগল। পা দুটো টলতে লাগল। আমি ধপ্ করে বসে পড়লাম। আমার আশেপাশের লোকগুলো বলাবলি করতে লাগল, “ইকলেজের জন্য যেন পাগল হয়ে গেছিল মানুষটা। ইকলেজটা সারানোর জন্য এমন কেউ নেই, যার কাছে হাত পাতেনি। ঐ ইকলেজটাই ওকে শেষ করে দিল।” এমন সময় দেখি অতনু আমার খোঁজ করে হাজির হয়েছে। অতনুকে গাড়ি রেডি করতে বলে আমি উঠে পড়লাম। স্থানীয় কয়েকটি ছেলের সঙ্গে কথা বলে মাস্টারমশাইয়ের দাহকার্যের ব্যবস্থা করলাম। তারপর জ্যাঠাইমার কাছে বিদায় নিয়ে, মাস্টারমশাইয়ের পাদুটোতে শেষ প্রণাম জানিয়ে ওখান থেকে চলে এলাম। পথে আসতে আসতে গাড়িতে ভাবতে লাগলাম, মাস্টারমশাইয়ের শেষ অনুরোধ আমাকে রাখতেই হবে। আমি যে ওনার গা ছুঁয়ে কথা দিয়েছি। ঠিক করে নিলাম আমি একাই নতুন পাকা কলেজবাড়ি গড়ে তুলব। সেই কলেজের নাম হবে “বলাইচন্দ্র মেমোরিয়াল কলেজ”। যেখান থেকে পড়ে আরো অনেক ডা. নবকুমার সরকার তৈরী না হোক, অন্তত একটা বলাইচন্দ্র মুখার্জী তৈরী হবে। যে হবে একজন সত্যিকারের ভাল মানুষ এবং কর্তব্যপরায়ণ। কারণ আমার মাস্টারমশাই ছিলেন একজন কর্তব্যনিষ্ঠ মানুষ, যিনি মৃত্যুর পরেও নিজের কর্তব্য সমাধা করে গেছেন।


সমাপ্ত



বি.দ্র.- এই গল্পের মাধ্যমে সেইসব মাস্টারমশাইদের প্রতি সম্মান জানালাম, যাঁরা নিজেদের জীবনের অধিকাংশ সময় ধরে চুপচাপ কেবল নিজেদের কর্তব্য করে গেছেন।-নীললোহিত
[+] 6 users Like ddey333's post
Like Reply
#13

অসতী

আজ সারাদিনটা ভয়ে ভয়েই কেটে গেল মালতির। এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যে হব হব। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, ভয়টা ততই জমাট পাথরের মত চেপে বসছে বুকের মধ্যে। কাজে বারবার ভুল হচ্ছে। নমিতা বৌদি এইমাত্র তাড়া দিয়ে গেল কাচের প্লেটগুলোর জন্য। একঘর লোক বসে আছে, অথচ তাদেরকে খাবার দেওয়া যাচ্ছেনা। আজকে নমিতা বৌদির বড়মেয়ে মৌমিতাদির দেখাশোনা। অনেকে মিলে দেখতে এসেছে মৌদিকে। আজ মৌদি সেজেছেও দারুণ। বাসন্তী রঙের শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছে ওকে। মৌদিকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে। একথা আগেও ওকে বলেছে মালতি। শোনেনি। বরং হেসেই উড়িয়ে দিয়েছে সে কথা। আজকালকার মেয়েরা ঠিক করে শাড়ি পরতেই জানে না। কি সব জামাকাপড় পরে। কোনোটা বগল কাটা। কোনোটা বুক কাটা বা পিঠ কাটা। সেদিন মৌদি একটা প্যান্ট পরে বেরোল, তার সর্বাঙ্গ ছেঁড়া। মালতি বলল, “ও দিদি, ঐ ছেঁড়া প্যান্টটা পরে কোথায় যাচ্ছো? লোকে দেখলে কি ভাববে?” ওর কথা শুনে মৌদি তো হেসে কুটোকুটি। বলল, “উফ্ মালতি, তোকে নিয়ে আর পারা যায়না। এ প্যান্টটা ছেঁড়া না। এইকরমই। এটাই এখন ফ্যাশান। আমার এরকম অনেক প্যান্ট আছে। তোকে একটা দেবো, পরে কাজ করতে আসবি।” শুনে নাক সিঁটকে মালতি বলেছিল, “ইস্ মাগো, ঐ জিনিস আমি পরতে পারবনি। সর্বাঙ্গ দেখা যাচ্ছে! ছিঃ!” শুনে মৌদির কি হাসি। আজকে শাড়ি পরে মৌদিকে একদম অন্যরকম লাগছে। চেনাই যাচ্ছেনা। আজকে মৌদির দেখাশোনার কারণে ওর নিজের বিয়ের কথাটা মনে পড়ে যাচ্ছে বারবার। সে আজ থেকে চার-পাঁচবছর আগের কথা। মালতি গ্রামের মেয়ে। হুগলী জেলার কামারপুকুরে ওর বাড়ি। ক্লাস ফোর পর্যন্ত বিদ্যে। তারপরেই পড়াশোনায় ইতি। তবে নিজের নামটা লিখতে পারে, ছোটখাট হিসাব করতে পারে। তবে ওর বর রতন মোটেও ইকলেজের ধার মাড়ায়নি। বারো-তেরো বছর বয়স থেকেই মালতি পরের বাড়িতে কাজ করছে। তখন থেকেই ওর সাথে রতনের প্রেম। চিন্তার মাঝেই রান্নাঘরে ঢুকল নমিতা বৌদি। প্লেট হাতে মালতিকে তন্ময় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে চাপাগলায় বলল, “অ্যাই মালতি কি তখন থেকে ঐ চারটে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি কর্। ওদিকে যে ওনাদেরকে কখন থেকে বসিয়ে রেখেছি। নয়তো সর্, আমিই বাকীগুলো ধুয়ে নিই।” বৌদির কথায় লজ্জা পেয়ে ও বলল, “না, না, তোমাকে ধুতে হবেনে। আমি ধুয়ে দিচ্ছি।” বলে বাকী প্লেটগুলো তাড়াতাড়ি করে ধুয়ে বৌদির হাতে দিয়ে দিল। বৌদি প্লেটগুলোতে নানারকম খাবার সাজিয়ে প্লেটগুলো একটা ট্রেতে তুলে নিল। তারপর ট্রেটা নিজের হাতে তুলে নিয়ে বলল, “আমি এটা নিয়ে যাচ্ছি। তুই জলের গ্লাসগুলো ঐ ট্রেটায় তুলে নিয়ে আয়। আবার দেখিস ফেলে গ্লাসগুলোকে ভাঙ্গিস না যেন। অনেক দাম। সাবধানে নিয়ে আসিস।” ঘাড় নেড়ে বৌদিকে আশ্বস্ত করল ও। বৌদি খাবারের ট্রেটা নিয়ে চলে গেল। মালতি কাপড়ের আঁচলটাকে ভাল করে গাছ কোমর করে বেঁধে নিয়ে, গ্লাসভর্তি ট্রেটা তুলে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এল। বসার ঘর থেকে হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। মালতি ট্রেটা নিয়ে ঢুকল। তবু কেউ ওর দিকে তাকাল না। বাড়ির ঝির দিকে কেই বা কবে ভাল করে দেখেছে। বৌদি একটা ছোট্ট টেবিলের উপর খাবারের প্লেটগুলো নামিয়ে রাখছিল। একজন মোটা করে মহিলা তা দেখে বলল, “একি করেছেন দিদি! এই অসময়ে কে এত খাবে! আমরা এতকিছু খেতে পারব না।” তাই শুনে বৌদি হেসে বলল, “খুব পারবেন, দিদি। ঐতো সামান্য ক’টা মিষ্টি।” মালতিও বৌদির দেখাদেখি জলের গ্লাসগুলো সাবধানে টেবিলে নামিয়ে রাখল। বৌদি চোখের ইশারায় ওকে চলে যেতে বলল। যাওয়ার আগে ছেলেটিকে দেখে নিল মালতি। কেমন যেন নাড়ু গোপাল ধরনের। তবে দেখতে সুন্দর। রঙটা মৌদির মত না হলেও ফর্সাই বলা চলে। ও আবার রান্নাঘরে চলে এল। ছেলেটাকে দেখে পাঁচবছর আগের রতনের কথা মনে পড়ে গেল ওর। রতনের বাবা রিক্শা চালাত। একদিন বড় রাস্তায় রিক্শা চালাতে গিয়ে লরীর চাকায় পিষে গেল রতনের বাবা। সেই খবর পেয়ে রতনের মা কেমন যেন পাগলের মত হয়ে গেল। নিজের মনে বকত। কখনো হাসত, কখনও বা গলা ছেড়ে কাঁদত। রতন ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে। কোনো ভাই বা বোন ছিলনা। বাবা যখন মারা যায় তখন রতনের চোদ্দ কি পনেরো। তখন থেকেই বাবার রিক্শাটা চালাতে শুরু করল ও। বাড়িতে পাগলী মা আর রতন। তারপর একদিন হঠাৎ মা কোথায় যেন চলে গেল। কেউ বলল পালিয়ে গেছে, কেউ বলল মারা গেছে। আরো কত কি। তখন থেকেই ওর সাথে মালতির প্রেম। রতন ওর গ্রামের ছেলে হলেও, আলাদা পাড়ায় বাড়ি। তবে রাস্তাঘাটে প্রায়ই দেখা হত দুজনের। সওয়ারী নিয়ে ওর পাশ দিয়ে যাওয়ার সময় ওর দিকে তাকিয়ে মুচকি হাসি ছুঁড়ে দিয়ে যেত রতন। রঙটা কালো হলেও হাসিটা চিরকালই খুব মিষ্টি রতনের। অন্তত মালতির তো তাই মনে হয়। প্রথম প্রথম রাগ হত মালতির। তারপর আস্তে আস্তে ভাল লেগে গেল ছেলেটাকে। একদিন সন্ধ্যেবেলা সামনা সামনি দেখা হয়ে গেল দুজনের। তখন রতনের রিক্শাতে কোন সওয়ারী নেই। রিক্শাতে চড়ে বসল মালতি। বলল, “চল্।” “কোথায়?” “বড়মাঠে।” গ্রামের একদম শেষপ্রান্তে একটি মাঠ আছে। সবাই বলে বড়মাঠ। রথের মেলা বসে। ফুটবল টুর্ণামেন্ট বসে। শীতকালে যাত্রাপালা হয়। তবে সন্ধ্যের পর ওখানে বড় কেউ একটা যায়না। মালতিকে গন্তব্যে পৌঁছে দিল রতন। রিক্শা থেকে নেমে রতনকে বলল, “আয়।” বিনা বাক্যব্যয়ে ওর সাথে যেতে লাগল রতন। মাঠের একধারে পাশাপাশি বসল দু’জনে। কিছুক্ষণ কারোর মুখেই কোন কথা নেই। প্রথম কথা বলল মালতি। “অ্যাই, তুই আমাকে দেখে হাসিস কেন রে?” “এমনি।” “এমনি? মামাবাড়ি পেয়েছিস নাকি? জানিস আমি কে?” মালতির কথা শুনে মুচকি হেসে রতন বলল, “এমন ভাবে বলছিস, যেন লাটসাহেবের নাতনি! খুব জানি। ও পাড়ার পঞ্চা দুলের মেজমেয়ে মালতি। তোর বাপ প্রতিদিন ভরসন্ধ্যেয় বাংলা খেয়ে হাটতলায় বাওয়াল করে।” রতনের মুখে নিজের বাপের অপমান শুনে মালতিও চুপ থাকেনা। সেও বলে, “আর তোর কি? বাপটা মরল লরীর চাকায়, আর মাটা যে কোন চুলোয় তা ভগবানও জানেনা।” রতন বলল, “তুই কি ঝগড়া করবি বলে আমাকে এখানে নিয়ে এলি?” মালতি বলল, “তুইই তো শুরু করলি।”
[+] 2 users Like ddey333's post
Like Reply
#14

এইভাবে ঝগড়া দিয়ে ওদের দুজনের প্রেমের শুরু। তারপর একে অপরকে ভাললাগা। সেই ভাললাগা কখন যে ভালবাসায় পরিণত হয়েছে, তা ওরা কেউই বুঝতে পারেনি। লুকিয়ে সন্ধ্যের পর বড়মাঠে দেখা করা। ফুচকা খাওয়া, টিকিট কেটে সলমন খানের সিনেমা দেখা। সময়ের সঙ্গে সঙ্গে ওদের প্রেমটা গাঢ়ত্ব পাচ্ছিল। প্রথম প্রথম একটা সন্দেহ ছিল। সেটা অবশ্য মালতির মায়ের। গত কয়েকমাস ধরে নিজের মেজমেয়েটির হাবভাব বেশ সন্দেহজনক লাগছিল তার। অবশেষে একদিন বাপের হাতে ধরা পড়ে গেল মালতি। পেটে বাংলা পড়লে মানুষটার দেহে দানবের শক্তি ভর করে। মাথাটাও ঠিক রাখতে পারেনা। হাটতলার মাঝখান থেকে একরাশ লোকের সামনে পঞ্চা দুলে ওর মেজমেয়েটাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এ দৃশ্য সেদিন অনেকেই দেখেছিল। এরপর সবার সঙ্গে যা হয়, তা সবই হয়েছিল মালতির সঙ্গে। নির্মম মারের মুখে পড়েও সে বলতে ভোলেনি, ও রতনকে ভালবাসে। এরপর থেকে মালতির বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। অথচ কেউ বুঝতে পারেনি ঠিক কি কারণে রতনকে পছন্দ নয় পঞ্চার আর ওর বউয়ের। ঠিক এই সময়েই একজন জ্ঞাতির পরিচয়ে একটি ছেলেকে পছন্দ হয়ে গেল পঞ্চার। এক সপ্তাহের মধ্যেই বিয়ের ঠিক হয়ে গেল। অথচ মালতির তখন সবে সতেরো। কিন্তু সে বিয়েটা হয়নি। হঠাৎ নমিতা বৌদির ডাকে হুঁশ ফিরল মালতির। বসার ঘর থেকে ডাকছে। মালতি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বসার ঘরে এল। দেখল এর মধ্যেই ছেলের বাড়ির লোকগুলো চলে গেছে। মালতিকে দেখে বৌদি বলল, “মালতি, প্লেট আর গ্লাসগুলো সাবধানে নিয়ে গিয়ে বেসিনে রাখ্।” মালতি বলল, “বৌদি, ওরা কি চলে গেল?” “হ্যাঁ।” “কি বলল গো? মৌদিকে পছন্দ হয়েছে ওদের?” বৌদি ঠোঁট বেঁকিয়ে বলল, “কি জানি বাপু। কিছুই তো বলল না। বলল পরে খবর দেবে।” মালতি উৎসাহে বলল, “ছেলেটা দেখতে কিন্তু বেশ। মৌদির সঙ্গে মানাবে কিন্তু।” “দাঁড়া বাপু, গাছে কাঁঠাল গোঁফে তেল। কি বলে দেখি। নে, নে, তাড়াতাড়ি কর্। প্লেটগুলো বেসিনে নিয়ে যা। আর মেজে ফেল। দেখিস, আবার ভাঙ্গিস না যেন।” বৌদির তাড়াতে আর কোনো কথা না বলে গ্লাস আর প্লেটগুলোকে তুলে নিয়ে আসে। তারপর রান্নাঘরের বেসিনে সেগুলো রেখে একএক করে মাজতে থাকে। কিন্তু ওর মনটা আবার ফিরে যেতে থাকে পিছনে। ফেলে আসা অতীতে। বাপ-মায়ের ঠিক করা ছেলের সাথে বিয়ের দিন তিনেক আগে এক রাতে রতনের সাথে পালিয়ে যায় মালতি। যোগাযোগটা করিয়ে দেয় মালতির ছোটবেলার বন্ধু পদ্মা। রিক্শাটা আগেই বিক্রি করে দিয়েছিল রতন। সেই টাকায় মালতিকে কলকাতায় নিয়ে চলে আসে। ওঠে শিয়ালদার কাছের একটা বস্তিতে। ওখানে ওর এক মাসতুতো দাদা আর বৌদি থাকে। তাদের দয়াতে মাথার উপর একটা ছাদের খোঁজ পায় ওরা। পরেরদিনই কালীঘাটে নিয়ে গিয়ে মালতির সিঁথিতে সিঁদুর ঘষে দেয় রতন। এটা প্রায় পাঁচ বছর আগের কথা। দাদার কথায় একটা গ্যারাজে চাকরি পায় রতন। আর বৌদি দু’-তিন ঘরের কাজ পাইয়ে দেয় মালতিকে। এভাবেই দু’জনের পথচলা শুরু।
[+] 2 users Like ddey333's post
Like Reply
#15

দেড়বছরের মাথায় মালতি মা হয়। জন্ম হয় ওদের সন্তানের। ওদের মেয়ের। দেখতে দেখতে তারই বয়স হয়ে গেল সাড়ে তিনবছর। মায়ের খুব ন্যাওটা। পাশের বাড়ির দিদির কাছে রেখে যখন কাজে বের হয় তখন মেয়েটা খুব কাঁদে। মনটা মালতিরও খারাপ হয়ে যায়। কিন্তু কোনো উপায় নেই। কাজে যে ওকে বেরোতেই হবে। নাহলে মেয়ের মুখে খাবার জোগাবে কি করে। জীবন সবসময় এক লয়ে বয় না। মাসছয়েক আগে হঠাৎ করে গ্যারাজে অজ্ঞান হয়ে যায় রতন। গ্যারাজের লোকেরাই ওকে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষার পর জানা যায় ছোটবেলা থেকেই রতনের হার্টটা খুবই দূর্বল। একটা ভাল্ভ বন্ধ। আগে কোনো অসুবিধা না হলেও এখন যত বয়স বাড়ছে, ততই কমজোরী হয়ে পড়ছে রতনের হৃৎপিণ্ড। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতেই হবে। নাহলে আরোও নিস্তেজ হয়ে যাবে রতন এবং ওর হৃৎপিণ্ড। কিন্তু টাকার অঙ্কটা তো কম নয়। দেড় লক্ষ টাকা এই ছ’মাসেও জোগাড় করে উঠতে পারেনি মালতি। চোখের সামনে একটু একটু করে দূর্বল হয়ে পড়ে রতন। মাস খানেক থেকে তো একপ্রকার শয্যাশায়ী সে। সংসারের জোয়াল পুরোপুরি ভাবেই মালতির ঘাড়ে। দাঁতে দাঁত চেপে লড়াইটা চালিয়ে যাচ্ছে ও। কিন্তু ইদানিং মনে মনে হচ্ছে হেরে যাচ্ছে ও। পাঁচটা বাড়ির কাজ করেও ও অতগুলো টাকা জমা করতে পারেনি। নিজের ভালবাসাকে একটু একটু করে মৃত্যুর কাছে চলে যেতে দেখছে। ডাক্তার আর মাত্র একমাস সময় দিয়েছে। তারমধ্যে অপারেশন হয়ে গেলে রতন আবার আগের মত সুস্থ, স্বাভাবিক হয়ে উঠবে। আর তা না হলে..... ভাবতে গেলেও শিউড়ে ওঠে মালতি। রতনকে ছেড়ে, নিজের ভালবাসাকে ছাড়া ও বাঁচবে না। বাঁচতে পারেনা। কখন যে বৌদি ওর কাছে এসে দাঁড়িয়েছে ও বুঝতেই পারেনা। কাঁধে বৌদির হাতের স্পর্শ টের পেয়ে ঘুরে তাকায় ও। ভিজে আসা চোখের কোলদুটোকে মুছে নিয়ে বলে, “এই তো হয়ে গেছে, বৌদি। আর দুটো আছে। তাহলেই হয়ে যাবে।” “তুই আবার উল্টোপাল্টা কিছু ভাবছিলিস? একদম ভাবিস না। কিছু না কিছু উপায় একটা হয়ে যাবে।” উপায় যে একটা হয়ে গেছে সেটা বলতে গিয়েও বলতে পারেনা মালতি। চুপ করে থাকে। বৌদি বলে, “প্লেটগুলো ধুয়ে দিয়ে তুই চলে যা। অনেক রাত হয়ে গেল। মেয়েটা আবার কাঁদবে। আর শোন্, তোদের জন্য কিছু খাবার দিয়ে দেব, নিয়ে যাস। রাতে গিয়ে আর রান্না করতে হবেনা।” নমিতা বৌদিদের বাড়ি থেকে যখন বের হল তখন রাত আটটা বাজে। হাতে আর মাত্র ঘন্টা দুয়েক বাকি। তারপরেই.... রতনের অসুখটা ধরা পড়ার পর প্রায় পাগলের মত হয়ে পড়ে মালতি। হেন লোক থাকেনি, যার কাছে ও হাত পাতেনি। প্রত্যেকেই যে যার সাধ্যমত সাহায্য করেছে। ঠিক দিন পনেরো আগে রত্নাদি নতুন একটা কাজের সন্ধান আনে। পাকড়াশি বলে একজনের বাড়িতে কাজ করতে হবে। না বলেনি ও। ওর যে এখন অনেক, অনেক টাকার দরকার। পাকড়াশি খুব বড়লোক। বড় গাড়ি করে প্রতিদিন অফিস যায়। কিন্তু ওর বউ নেই। মারা গেছে অনেকদিন। তাই এমন একজনকে খুঁজছে যে রান্নাবান্না করে দেবে। মাইনে পত্র ভাল। মালতি কাজে বহাল হয়ে যায়। মানুষটা বেশ ভাল। নরম করে কথা বলে ওর সঙ্গে। হঠাৎ হপ্তা খানেক আগে ও রান্না করছে এমন সময় পাকড়াশি অফিস থেকে ফিরে ওকে ডাকল। পাকড়াশি চা খায়না। কফি খায়। কফি তৈরি করে ওকে দেয় মালতি। কফির কাপে চুমুক দিয়ে বলে, “তোমার সঙ্গে একটা কথা আছে।” ভয় পেয়ে যায় মালতি। ওকে ছাড়িয়ে দেবে নাতো? ও কি কিছু ভুল করেছে? কাঁপা কাঁপা গলায় বলল, “বলুন।” “কাজে ঢোকার সময় বলছিলে না, যে তোমার স্বামীর কি হয়েছে। অপারেশন করাতে হবে। অনেক টাকার দরকার। আমি একটা ব্যবস্থা করতে পারি।” এইপর্যন্ত বলে কফির কাপে চুমুক দেয় পাকড়াশি। সামনে দাঁড়িয়ে থাকা মালতি তখন মনে মনে ঠাকুর ডাকছে। একটা যেন ব্যবস্থা হয়ে যায়।
[+] 2 users Like ddey333's post
Like Reply
#16

একবার মালতির মুখের দিকে তাকিয়ে পাকড়াশি বলল, “তবে টাকাটা আমি দেবো না। তুমি নিজেই সেটা রোজগার করবে।” “কীভাবে?” “বলছি। তার আগে তোমাকে কয়েকটা কথা বলি, কিছু মনে কোরোনা যেন। তোমার বয়স বেশ কম, আর দেখতেও মোটামুটি খারাপ নয়।” মালতি ওর কথা ঠিক বুঝে উঠতে পারেনা। তবুও চুপ করে পাকড়াশির কথা শুনে চলে। ও বলতে থাকে, “আমি আমার অফিসের কয়েকজনকে তোমার কথা, মানে তোমার অবস্থার কথা জানাই। তারা তোমাকে সাহায্য করতে চায়।” আবার কফির কাপে চুমুক দেয় সে। এইটুকুই শুনে মালতির মনটা খুশিতে ভরে ওঠে। এতদিন পর একটা ব্যবস্থা হল। এবার ও রতনের চিকিৎসা করাতে পারবে। পাকড়াশি আবার বলতে শুরু করল “তবে একটা কথা কি জানো এইসময়ে কেউ কাউকেই এমনি এমনি কিছু দেয়না। সবাই কিছু না কিছু ফেরত চায়। আমার চার বন্ধু এবং আমি তোমাকে ত্রিশ হাজার টাকা করে অর্থাৎ মোট দেড় লাখ টাকা তোমাকে দেব। তার বদলে তোমাকে একটা কাজ করতে হবে।” “কি কাজ?” “আমাকে ভুল ভেবো না। আমরা পাঁচজন একটা পার্টি করব। তোমাকে তার ব্যবস্থা করে দিতে হবে।” “কি করতে হবে আমাকে?” “বেশি কিছু না। পার্টির সমস্ত ব্যবস্থা তোমাকে করে দিতে হবে। তবে একটা জিনিস অবশ্যই থাকতে হবে।” “কি?” “তুমি।” “মানে?” “তুমি ঐ একটা রাত আমাদের সঙ্গে থাকবে, আনন্দ করবে। সকাল হতেই আমরা তোমরা হাতে দেড়লাখ টাকা দিয়ে দেব।” কথাটা শুনে পায়ের তলা থেকে মাটিটা সরে যায় মালতির। ছিঃ! তার অসহায়তার সুযোগ নিচ্ছে ঐ নোংরা লোকটা। ইচ্ছে করছে লোকটার গালে ঠাটিয়ে একটা চড় মারতে। কিন্তু সাহস হয় না। পাকড়াশি আবার বলতে শুরু করে, “জানি তুমি আমাকে খারাপ ভাবছো। কিন্তু বিশ্বাস করো, কেউই তোমাকে এমনি এমনি অতগুলো টাকা দিতে রাজি নয়।” চুপ করে থাকে মালতি। কি বা বলার থাকতে পারে ওর? পাকড়াশি আবার বলতে শুরু করে, “আমি তোমাকে কোনোমতেই জোর করব না। তুমি ভাবো। যা ঠিক করবে, আমাকে জানিয়ে দেবে। তোমার কোনো ভয় নেই। এই সিদ্ধান্ত কেবল তোমার।” সেদিন মালতি পাকড়াশিকে কোনো কথা বলেনি। দু’দিন রতনকেও বলতে পারেনি কথাটা। অবশেষে বাধ্য হয়েই কথাটা জানায় ওকে। রতন একেবারেই রাজি হয় না। বলে ওর গায়ে শক্তি থাকলে কুত্তাটাকে বঁটি দিয়ে কুচি কুচি কেটে ফেলত। অনেক কষ্টে ওকে শান্ত করে মালতি। দু’দিন পর নিজেই সিদ্ধান্ত নেয় ও। সেকথা রতনকে জানিয়ে দেয়। শুনে খেপে যায় ও। “তুই কি পাগল হয়ে গেছিস, মালতি? তোকে এটা আমি করতে দেবনি।” মালতি কেঁদে বলে, “কেন বুঝতে পারছিস নি, এটাই আমার শেষ সুযোগ। নাহলে যে.....” “নাহলে কি? আমি মরে যাব, এই তো? মরে যেতে দে আমাকে। তবু যতক্ষণ বেঁচে আছি, তোকে এই কাজ করতে দেবনি।” “কিন্তু আমি যে তোকে মরে যেতে দেখতে পারবনি। তুই মরে গেলে আমি কি করে থাকব?” “তবু...” রতনকে মাঝপথেই থামিয়ে দিয়ে মালতি বলে, “আর কোনো কথা নয়। আমি এটা করবোই। ব্যাস।”
[+] 2 users Like ddey333's post
Like Reply
#17

এর পরেরদিনই পাকড়াশিকে মালতি জানিয়ে দেয় যে, ও রাজি। গতকাল পাকড়াশি ওকে বলেছে, আজকে রাতে হবে ওদের পার্টি। ওকে ঠিক দশটার সময় তৈরী হয়ে পাকড়াশির বাড়িতে যেতে হবে। তবে তৈরী হয়ে। বস্তিতে যখন পৌঁছাল ততক্ষণে মেয়েটা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। পাশের বাড়ি দিদি ওকে জোর করে একটু খাইয়ে দিয়েছে। ঘরে ঢুকে দেখল রতন বিছানায় শুয়ে আছে। ওকে দেখে উঠে বসল। “এত দেরী হল যে?” খাবারের প্যাকেটটা রেখে মালতি বলল, “আজ নমিতা বৌদির মেয়ের দেখাশোনা ছিল। তাই দেরী হয়ে গেল।” রতন কিছু বলল না। মালতি তাড়াতাড়ি দুজনের খাবার বেড়ে নিল। দেরি করা ঠিক হবেনা। খাওয়া শেষ হতে রতন শুয়ে পড়ল। মালতি গেল তৈরী হতে। প্রথমে গা ধুয়ে এল। বাক্স থেকে একটা নতুন শাড়ি বের করে পরল। শাড়িটা রতন ওকে গত বছর কিনে দিয়েছিল। পরা হয়নি। আজ পরল। কি মনে হতে সিঁথিতে সিঁদুরটা একটু গাঢ় করেই লাগাল। এবার সে তৈরী। তবে মনে সাহস পাচ্ছে না। ভয়টা যেন ওকে আরো বেশী করে আঁকড়ে ধরছে। মনে মনে সাহস আনল। দেখল রতন ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। মালতি বলল, “কি হল?” “তোকে আজ খুব সুন্দর লাগছে।” একটু চুপ করে থেকে রতন বলল, “যদি যেতে ইচ্ছে না হয়, ছেড়ে দে। যা হওয়ার হবে।” মৃদু হেসে মালতি বলল, “যেতে তো আমাকে হবেই। এছাড়া কোনো উপায় নেই।” ভিজে আসা চোখের কোলদুটোকে আলগোছে মুছে নিয়ে বলল, “শুধু একটাই চিন্তা।” “কি?” “কাল থেকে আমি আর তোর সেই আগের মালতি থাকবনি। আমি যে অসতি হয়ে যাব।” কান্নায় ভেঙ্গে পড়া মালতির চোখদুটোকে মুছিয়ে দিয়ে রতন বলল, “একটা কথা মনে রাখবি। ওরা শুধু তোর শরীরটাকেই ছোঁবে। তোর মনটাকে নয়। তোর মনটা আজকে যেমন পবিত্র আছে, কাল সকালেও ঠিক তেমনটাই থাকবে। আর তুই যদি অসতী হোস, তাহলে পৃথিবীর সমস্ত মেয়েই অসতী।” মালতি কোন কথা বলে না। কেবল রতনকে একবার শক্ত করে জড়িয়ে ধরে। তারপর ঘর থেকে বেরিয়ে পড়ে। অন্ধকারের মধ্যে একজন নারী, একজন স্ত্রী হাঁটতে শুরু করে। নতুন আলোর সন্ধানে।
[+] 4 users Like ddey333's post
Like Reply
#18

web archive থেকে এসব খুঁজে খুঁজে বার করতে প্রচুর প্রচুর ধৈর্য এবং সময় লাগে ...
এক একটা পাতা খুঁজে কপি করতে কখনো এক ঘন্টা লেগে যায় ..

কিন্তু এটা বোঝা যাচ্ছেনা যে কেউ আদৌ পড়ছে বা কারোর ভালো লাগছে কিনা !!

কোনো মন্ত্যব্য নেই কারো ......    
Like Reply
#19

অগ্নিপরীক্ষা

রাত প্রায় দেড়টা বাজে। কিছুক্ষণ আগেই দাহকার্য শেষ করে বাড়ি ফিরেছি। মনটা খুবই খারাপ। আজ আমার জলজ্যান্ত মেয়েটা মারা গেল। বয়স বেশী নয়, মাত্র ছাব্বিশ। আগুনে পুড়ে সমস্ত শরীরটা ঝলসে গিয়েছিল। কেবলমাত্র একটা মাংসের দলা। যে মেয়েটাকে ভয়ে আমি রান্নাঘরে পাঠাতাম না, সেই মেয়েটাই যখন দাউদাউ করে আগুনে জ্বলছিল, তখন কি করে সহ্য করেছিল ও। ও কি চিৎকার করছিল নাকি মুখ বুজে নিজেকে নিয়তির হাতে সঁপে দিয়েছিল? তা আমি জানি না। রামায়ণে পড়েছিলাম নিজের সতীত্ব প্রমাণ করার জন্য সীতাকেও অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। কিন্তু সত্যি বলছি, একবারের জন্যও ভাবিনি যে আমার মেয়েটাকেও এইভাবে অগ্নিপরীক্ষা দিতে হবে। আমার ফুলের মত মেয়েটা একটু একটু করে পুড়ে মরছিল, আমার জানোয়ার জামাই আর তার ভাই আর মা ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লুটছিল। চিন্তার জালটা ছিঁড়ে গেল। ঐ আবার শুরু হল কান্না। না, আমার নয়। আমার মেয়ের মেয়ে। মানে আমার নাতনি। যত নষ্টের কারণ ও। ও-ই আমার মেয়েটাকে খেয়েছে। যদি ও আমার মেয়ের গর্ভে জন্ম নিয়ে এই পৃথিবীতে না আসত, তাহলে আজ আমার মেয়েটাকে এইভাবে দগ্ধে দগ্ধে মরতে হত না। কিছুটা দূরেই দোলনাতে শুয়ে আছে ও। যে দোলনাতে একদিন আমার মেয়ে শুয়ে থাকত, খেলা করত। ঘুম ভেঙ্গে এই মাঝরাতে আবার কান্না জুড়েছে। এই তো কিছুক্ষণ আগে দুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছিল। এইমধ্যেই আবার খিদে পেয়ে গেল? এই রাক্ষসী খিদে নিয়েই তো পৃথিবীতে এসে প্রথমে মাকে খেল। তাতেও খিদে মেটেনি ওর? দোলনার দিকে না তাকিয়েই চেঁচিয়ে উঠলাম, “অ্যাই কে আছিস, চুপ করা না মেয়েটাকে।” কেই একজন এসে মেয়েটাকে দোলনা থেকে তুলে নিয়ে ঘরের ভিতর চলে গেল। আমি একা বসে আছি। আশেপাশে কেউ কোত্থাও নেই। জানলার গরাদ ঠেলে একচিলতে চাঁদের আলো এসে পড়েছে আমার পায়ের কাছে। চোখদুটো হু হু করে উঠল। আমি আজ কাঁদছে চাইছি। আজ আমার প্রাণের চেয়ে প্রিয় মেয়েটা নেই, এটা ভাবতেই পারছি না। একবার মনে হচ্ছে সব মিথ্যে। সব। আমি যা দেখছি, আমি যা শুনছি, আমি যা ভাবছি, সব মিথ্যে। আমার মেয়ে আছে। সে বেঁচে আছে। কাল সকালেই ফোন করবে। বলবে, “বাবা নিয়ম করে প্রেশারের ট্যাবলেটটা খাচ্ছো তো? মনে করে খাবে কিন্তু, ভুলে যেও না যেন। আর বিকেলবেলায় প্রতিদিন হাঁটতে বেরোচ্ছ তো? ওটা আবার বন্ধ করে দিওনা যেন। মনে আছে তো, ডাক্তার তোমাকে তিন কিলোমিটার করে হাঁটতে বলেছে?”
আর আমি বলব, “আমার কথা ছাড়্, তুই কবে আসবি বল্? তোকে অনেকদিন দেখিনি মা, খুব দেখতে ইচ্ছে করছে।”
“
এই তো বাবা, পরের সপ্তাহেই যাব। তোমার জামাই আমাকে ট্রেনে তুলে দেবে।”
“
একা একা আসতে পারবি তো? তার চেয়ে জামাইকেই বল্ না, একদিনের জন্য হলেও তোকে যেন দিয়ে যায়।”
“
ওরে বাবা! তার খুব কাজের চাপ। ছুটি পাবেনা। আর বাবা, তুমি না সারাজীবন সেই এক রয়ে গেলে। কতবার আমি একা একা যাতায়াত করেছি বলোতো? তোমার ভয় আর গেল না।”
“
আমি তোর বাবা, চিন্তা তো একটু হবেই, মা। নিজে তো এখন মা হয়েছিস, এবার বুঝতে পারবি সন্তানের জন্য চিন্তা কাকে বলে।”

[+] 2 users Like ddey333's post
Like Reply
#20

কথায় বলে মেয়েরা বাপ-ন্যাওটা বেশী হয়। আমার মেয়েটাও তার ব্যতিক্রম নয়। ছোটবেলা থেকেই বাবা বলতে অজ্ঞান ও। রাত্রিবেলা আমার কাছে ছাড়া ঘুমাতে চাইত না। প্রতিদিন রাত্রিবেলা ওর মাথায় হাত বুলিয়ে দিতাম, তবে ঘুমাত। জন্মের সময় ওর ছোট্ট এক পুঁচকি, ফর্সা তুলোর মত নরম শরীরটাকে হাতে নিয়েও বিশ্বাস করতে পারছিলাম না যে, আমিও বাবা হয়েছি। ওর ঐ ছোট্ট শরীর, ধুকপুক করতে থাকা একটুকরো হৃৎপিণ্ড আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল আমার দুহিতার সঙ্গে। ছোটবেলা থেকেই মেয়েটা আমার খুব শান্ত আর চাপা স্বভাবের। দুষ্টুমি খুব একটা করত না। তবুও যদি কখনও মায়ের কাছে বকা বা মার খেত, কাঁদত না। বরং সারাদিন গুম হয়ে থাকত। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরলে আমার কাছে চুপচাপ নালিশ জানাত। ওর সবচেয়ে কাছের বন্ধু ছিলাম আমি। আমার কাছেই ওর যত গল্প। আন্টিদের কথা, স্যারেদের গল্প, বন্ধুদের সাথে করা দুষ্টুমির কথা, সব বলত আমায়। একদমে বকবক করে যেত ও, আর আমি একাগ্রচিত্তে ওর সেই বকবকানি শুনে যেতাম। আমার মতন এমন বাধ্য শ্রোতা ও আর কখনও পায়নি। পড়াশোনায় খুব ভাল ছিল ও। প্রতিবারে প্রথম পাঁচজনের মধ্যে রেজাল্ট থাকত ওর। বাড়ি এসে ওর মাকে কখনও রেজাল্ট দেখাত না। বাড়ি এসে আমিই প্রথম রেজাল্ট দেখতাম। পড়াশোনা বাদে একটা বিষয়ে ওর ভয়ানক ন্যাক ছিল। না, নাচ বা গান নয়। খুব সুন্দর আঁকতে পারত ও। কিন্তু কোনদিন কারোর কাছেই আঁকা শেখেনি। যতটুকু আঁকত নিজের চেষ্টায়। তা সত্ত্বেও কি অবলীলায় এঁকে ফেলত সুন্দর সুন্দর দৃশ্য। কিন্তু কোনদিন ওকে কোনও প্রতিযোগীতায় নাম দেওয়াতে পারিনি। এতটাই লাজুক ছিল ও। নিজের মনে আঁকতেই ভালবাসত ও। সময় নিজের ছন্দে বয়ে চলছিল। আর ছোট কন্যাটি কখন যে ছোট থেকে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। কলেজ শেষ করে কলেজে ঢুকল। একা একা কলেজে যাতায়াত করতে শুরু করল। আমারও দুশ্চিন্তা বাড়তে লাগল। দু’একবার বলেছিলাম যে আমিই ওকে কলেজে ছেড়ে আসব। শুনে বলেছিল, “উফ্ বাবা, তোমাকে নিয়ে আর পারা যায় না। কলেজে আবার কেউ ছাড়তে যায় নাকি? আমি একাই যাতায়াত করতে পারব।”
[+] 2 users Like ddey333's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)