Thread Rating:
  • 8 Vote(s) - 3.38 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL নেমেসিস

Showing only the posts of ABC06: 10 of 30 posts. Show all posts
#1

.....
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

সবসময় মুখোশ পরে থাকলে একটা সময় মুখ থেকে মুখোশটা খোলার প্রয়োজন আছে বলে আর মনে হয় না। তারপর আস্তে আস্তে সেটাই তার মুখ হয়ে ওঠে। কিন্তু, জীবনের সাপলুডো খেলার বোর্ডে আজ যে রাজা, কাল সে ফকির। মুখোশ আর মুখের এই ব‍্যবধানটা যেদিন খসে পড়ে সেদিন ভেতরের মানুষটা বেরিয়ে পড়ে।

সেই মুখোশটার পিছনের মানুষটার কাজের মূল‍্য কি ঐদিন তার কাছের মানুষদের সবাইকে চোকাতে হয় ? মুখোশের আড়ালের যে চেহারাটা বেরিয়ে আসে সেটা যে আরেকটা মুখোশ নয় তার নিশ্চয়তাই বা কে দেবে ?

সব প্রশ্নের উত্তর দিতে আসছে 'নেমেসিস'।

উপন‍্যাসের স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। এর সঙ্গে সমাজ বা কোন পরিচিত ব‍্যক্তির কোন মিল নেই। গল্পে বাস্তব খুঁজতে যাবেন না। গল্পটাকে গল্পের মতোই নেবেন।
[+] 2 users Like ABC06's post
Like Reply
#3

.....
[+] 1 user Likes ABC06's post
Like Reply
#4

অনেক রাতে অবধি পার্ক সার্কাস ক্রসিংয়ের ধারে রেস্তোরাগুলোতে ভিড় লেগেই থাকে। এর একটা কারণ হচ্ছে, আশেপাশে ব‍্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সস্তার হোটেলগুলো। এগুলোতে মূলত চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসা বাংলাদেশিরা থাকে। কাছেই রয়েছে বাংলাদেশ উপ-দূতাবাস। কুড়ি বছর আগের পার্ক সার্কাসকে এখনকার পার্ক সার্কাসের সঙ্গে মেলানো মুশকিল। একটু এগিয়ে মল্লিক বাজারের কাছে এসে মূল রাস্তা থেকে ভিতরে এলে রিপন স্ট্রিট, বেডফোর্ড লেনের মতো ঘিঞ্জি এলাকাগুলো আজ চুপচাপ।

 
ফিরোজ খান নিজেও আজকে তাড়াতাড়ি সাতটার মধ‍্যে দোকান বন্ধ করে ঘরে ঢুকে পড়েছেন। শেষবার কবে এত তাড়াতাড়ি দোকান বন্ধ করেছিলেন তার মনে পড়ছে না। কিন্তু, কিই বা করবেন, চারদিকে হাওয়া গরম। হাওয়ায় চারদিকে অনেকরকম উড়ো খবর ভাসছে। সেগুলোর কতটা সত‍্যি কেউ জানে না কিন্তু অচেনাতেই মানুষের ভয় বেশি।


কিন্তু, ডিনার শেষ করে যখন খান সাহেব আবিষ্কার করলেন ঘুমের ওষুধ ফুরিয়ে গেছে তখন বেজায় চটে গেলেও বাইরে বেরোনো ছাড়া তার আর কোন উপায় রইল না। এদিকে সব দোকান বন্ধ, অন‍্যদিন গলিটা লোকজনে ভর্তি থাকে, আজ সব শুনশান।

খান সাহেব মুখের রং করা দাড়িটায় একবার হাত বুলিয়ে নিলেন, তারপর গলি থেকে বেরিয়ে সোজা বড় রাস্তায় এসে মল্লিক বাজারের দিকে হাঁটতে আরম্ভ করলেন। অন‍্যসময় এই রাস্তা বেশ জনাকীর্ণ থাকে। রাস্তার উপর ঝাঁ চকচকে সব দোকানপাট, কিন্তু আজ সব বন্ধ। স্ট্রিট লাইটের আলোয় ছায়াগুলো লুকিয়ে পড়েছে। কিন্তু,  সেই ঔজ্জ্বল‍্য দেখার জন‍্য কেউ নেই যে।

কিছুদূর এগোতে রাস্তার ধারে একটা কালো গাড়ি দেখতে পেলেন। তাতে হেলান দিয়ে একজন সিগারেট খাচ্ছে। কৌতূহল আর ঝামেলায় জড়াতে না চাওয়ার দ্বন্দ্বে যখন আহমেদ সাহেব ভুগছেন তখন লোকটিই নিজে এগিয়ে এসে তার সমাধান করল।

"সেলাম আলেইকুম জনাব।"

"আলেইকুম আসসালাম বেটা।"

"জনাব, ক‍্যায়া আপ সাজিদ কো জানতে হ‍্যায় ?"

"কউন সাজিদ ?" সাজিদ নামের লোক এ চত্বরে অন্তত পাঁচজন আছে।

"থোড়ি মদদ কর দিজিয়ে জনাব। আপ বুর্জুগ আদমি হ‍্যায়, ইস ইলাকে কো চাপ্পা চাপ্পা জানতে হ‍্যায়।" বলতে বলতেই গাড়ির মাঝের দরজা খুলে দেয় লোকটা। ভিতরে দুজন লোক বসে, একজনের হাতে একটা ছবি।

"ইস তসবির কা আদমি কো হাম ঢুন্ড রাহে হ‍্যায়। ক‍্যায়া আপ ইনহে পেহচানতে হ‍্যায় ?" 

খান সাহেব খোলা দরজার সামনে এসে দাঁড়ালেন। ছবির ছেলেটাকে কোথাও আগে দেখেছেন বলে মনে করতে পারলেন না। আরও মনোযোগ দিয়ে ছবিটা দেখতে লাগলেন। যদি চিনতে পারেন।

এইসময় বাইরের লোকটা দিল এক ধাক্কা। খান সাহেব গিয়ে পড়লেন গাড়ির ভিতর। ভিতরে বসা লোকটা খান সাহেবের মুখের উপর একটা কাপড় চেপে ধরল। মিষ্টি একটা গন্ধ, ঘুম আসছে খান সাহেবের।

একটু পরে দেখা গেল একটা কালো গাড়ি দ্রুত গতিতে জগদীশ চন্দ্র বসু রোড ধরে মৌলালির দিকে চলে যাচ্ছে।
[+] 9 users Like ABC06's post
Like Reply
#5

.....
Like Reply
#6

(25-04-2025, 01:16 AM)ray.rowdy Wrote:  
শুরুটা সুন্দর হয়েছে, অনেকটা কোনো বড়ো গল্প বা উপন্যাসের মতো যেখানে প্রথমে অনেকগুলো জট থাকে, এবং যতো সময় যায় সবগুলো জট খুলতে থাকে আর মনের কোনে জমা হওয়া প্রশ্নগুলোর উত্তর আসতে থাকে। এখন একটাই প্রশ্ন। তুমি শেষ অবধি থাকবে তো? পুরো গল্পটা শেষ করবে তো? তুমি যতোটা লিখেছো - তোমার ভাষার উপর দখল আর তোমার বানান ইত্যাদি দেখে এতোটা খুব সহজে ধারণা করা যায় তুমি খুব সুন্দর লিখতে পারো। এখন দেখার তুমি গল্পের প্লট বা কাহিনী কেমন বুনতে পারো। যতোটা মনে হচ্ছে, তুমি তাতেও আশানুরূপই করবে - অন্ততঃ; যদিও তুমি সব আশা ছাড়িয়ে অসাধারণও হয়ে উঠতে পারো।

শুভেচ্ছা রইলো।

গল্পের কিছুটা ভাবা আছে। তারপর গল্পটা কত তাড়াতাড়ি এগোবে সেটা নির্ভর করছে আপনাদের মতো ভালো পাঠকদের রেসপন্সের উপর।
[+] 1 user Likes ABC06's post
Like Reply
#7

।।২।।

নারায়ণপুর ফেরিঘাটের রাস্তা থেকে বাঁদিকে ঘুরে কিছুদূর এগোলে গঞ্জের বাজারের মোড়। বাজারে সপ্তাহের শেষে একবার হাট বসে। তখন সেখানে গাছের চারা থেকে শুরু করে দেশি মুরগির ডিম সব মেলে।জায়গাটার আশপাশে গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে চা, মিষ্টি, টেলারিঙ, চপ-ফুলুরির দোকান। আগে এগুলো সব টালি দেওয়া মাটির ঘর ছিল, এখন পাকা দোকান হয়েছে। মফঃস্বলের লোকের হাতে পয়সা যে আসছে তার প্রমাণ।

আরেকটু এগিয়ে টোটো স্ট‍্যান্ডটা ছাড়িয়ে এলে হিরো হন্ডার মস্ত শোরুম, টায়ারের গুদাম আর মাছের বড় আড়ত। সেটা ছাড়িয়ে চলে কিছুদূর এলে রাস্তাটা দুভাগে ভেঙে গেছে। একটা রাস্তা চলে গেছে হাইরোডের দিকে আর অন‍্য রাস্তাটা বলখেলার মাঠের দিকে। মাঠ ছাড়িয়ে এলে ঝোপঝাড় জলাজমির ভেতর মিনিট পাঁচেক দিয়ে হাঁটলে একটা বাড়ি পড়ে। এই বাড়িটা কাঠের গুদাম কাম লোকাল পার্টি অফিস। এলাকার লোক এই রাস্তাটা অন‍্যদিন এড়িয়েই চলে।

কিন্তু, নকুলের আজ কি দুমর্তি হয়েছিল কে জানে ?

মাঠের ওপাশে বড় বটগাছের নিচু ডাল থেকে যখন ঝুলন্ত মৃতদেহটা ওর চোখে পড়েছিল তখন সবে ফ‍্যাকাশে আকাশের পেট চিরে রক্ত চুঁইয়ে পড়ার মতো আলো নামা শুরু হয়েছে। শীতের কুয়াশা কাটতে তখনও অনেক অনেক দেরি। দূর থেকে দুলন্ত পিন্ডটা দেখে কেন যে ও মরতে মাঠের ওধারে গিয়েছিল তা পরে নিবারণ ওসি বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও বলতে পারেনি নকুল।

রক্ত আর কাদায় মাখামাখি বডিটা, বিস্ফারিত চোখের নিচে বিকৃত মুখে ঠোঁটের একপাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। শরীরের সারা গায়ে আঘাতের চিহ্ন, পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে। মৃদু হাওয়ায় পাক খাওয়া দুলন্ত বডিটার চারদিকে ভনভন করছে মাছির দল। সে এক নারকীয় দৃশ‍্য। 

আত্মহত‍্যা নয়, এ নির্ভেজাল খুনের কেস।

**********************************************************

কলকাতার মেয়র বোরহানউদ্দিন সাহেব এমনিতে বেশ জনপ্রিয় মানুষ। ঝকঝকে চেহারা, কথাবার্তাও স্পষ্ট, চমৎকার জনসংযোগ। খিদিরপুর হোক বা নিউ আলিপুর, সমাজের সব জায়গায় তার স্বচ্ছন্দ যাতায়াত। নিজের এলাকায় সবকটা পুজোর সঙ্গে জড়িত আবার রাজাবাজার, গার্ডেনরিচের সংখ‍্যালঘু মহল্লাতেও তার নিয়মিত দেখা মেলে। 

কিন্তু, বোরহানউদ্দিন সাহেব ইদানীং ভাল নেই। পার্টিতে তার প্রভাব কমছে। সিএমের ছেলে শতদীপ গুপ্ত এক এক করে পার্টির সব পুরোনো নেতাদের ডানা ছাঁটাই করছে। রাজনীতিতে শত্রুর অভাব নেই, কেউ নাকি শতদীপের কানে তুলে দিয়েছে যে সিএমের চেয়ারটা বোরহানউদ্দিন সাহেবের নজরে আছে।

আরে গাধার দল, কলকাতার বাইরে ওনাকে চেনেটা কে ? সিএম হতে গেলে যে জনভিত্তি আর রাজ‍্যভিত্তিক সংগঠনের দক্ষতা লাগে সেদুটোর কোনটাই ওনার নেই। সত‍্যি বলতে কি ইচ্ছাও নেই। কাজটা কে করেছে সেটা বোরহানউদ্দিন আন্দাজ করতে পেরেছেন কিন্তু ওনার কাছে প্রমাণ নেই। নইলে সে লোকটার কপালে দুঃখ ছিল। মিডিয়ার কাছে তার ঘুষ খাবার সিডি চলে যেত।

সামনের বছর ইলেকশন, তার আগে শতদীপের বিষনজরে পড়ার ইচ্ছে ওনার বিন্দুমাত্র নেই। বাধ সেধেছে ধূমকেতুর মতো উদীয়মান নতুন আগুনখেকো নেতা আফতাব। সামনের রবিবার কলকাতায় তার দলের মিছিল আছে। পার্টি থেকে কলকাতার দায়িত্বটা সিএম বোরহান সাহেবের উপরেই দিয়ে রেখেছেন। আফতাবের ছেলেরা কলকাতার রাস্তায় বড় কোন ঝামেলা লাগালে ইলেকশানের আগে রুলিং পার্টির মুখ পুড়বে আর তখন বোরহানউদ্দিন সাহেবের কুর্সি নিয়ে টানাটানি পড়ে যাবে। সামান‍্য বেচাল হলে ডিমোশন নিশ্চিত। লালবাজারে নির্দেশ গেছে আর যথারীতি চাপটা এসে পড়েছে লোকাল থানাগুলোর উপর। চারদিকে তাই হাওয়া গরম, সবাই চুপচাপ।

কড়েয়া থানার বড়বাবু অজয় সমাদ্দারের মেজাজটা তাই আজ খিঁচড়ে আছে। একে তো এমন একটা জায়গায় পোস্টিং যেখানে ঘুষ খাবার চান্স নেই বললেই চলে। তার উপর হাজার একটা উটকো ঝামেলা।

থানায় নিজের ঘরে ঢোকার পর পর যখন ডিউটি অফিসার তাকে খবর দিতে এলেন যে একজন ভিজিটার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তখন নিজের চেয়ারে বসে রীতিমতো খেঁকিয়ে উঠলেন অজয়বাবু, "এটা কি সেই ফিরোজ খানের ওয়াইফ ? আপনারা আছেন কি করতে মশাই ? যখন তখন এসে বিরক্ত করে। এক্ষুণি ভাগিয়ে দিন।"

বিব্রতভাবে উত্তর দেন ডিউটি অফিসার নিরঞ্জন পাত্র, "না স‍্যার। কমবয়েসী লেডি, ভীষণ অ্যাডামান্ট। কোন কথাই শুনতে চাইছে না। আপনার সঙ্গে দেখা না করে..."

"দেখা করবে বললেই হল! আমার কাজকর্ম নেই ? যান গিয়ে দেখুন কি বলছে। ডায়েরি করতে এলে, অভিযোগ লিখে নিয়ে ছেড়ে দিন আর বেশি বাড়াবাড়ি করলে ধমক দিয়ে থানা থেকে বার করে দিন।"

এর মধ‍্যেই কখন যে গুটি গুটি পায়ে আগুন্তুক এসে বন্ধ দরজার কাছে এসে দাঁড়িয়েছে সেটা ওরা দুজনে কেউ টের পাননি। টের পেলেন দরজায় নক করার আওয়াজে।

"কাম ইন।"

রাগের মাথায় অজয় বাবু চেঁচিয়ে ধমক দিতে যাচ্ছিলেন, ধমক দিতেনও। কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে থেমে গেলেন। এমন ঝকঝকে চেহারার রূপসী মেয়ে তো এমনি এমনি থানায় আসে না। পুলিশের চাকরিতে নয় নয় করে পঁচিশ বছর হয়ে গেল। 

"কি চাই আপনার ?", গম্ভীর গলায় অজয় বাবু প্রশ্নটা ছুঁড়ে দেবার সঙ্গে সঙ্গে নিরঞ্জনবাবু ঘর ছেড়ে বেরিয়ে গেলেন।

কোন কথা না বলে মেয়েটা একটা কাগজ এগিয়ে দিল।

টাইপ করা চিঠি।

পড়তে পড়তে অজয়বাবুর মুখের চেহারা কিছুটা হলেও পাল্টাল।

"ভারত আর বাংলাদেশের টেস্ট ম‍্যাচ খেলা শুরু হতে এখনও কয়েক সপ্তাহ দেরি। এত আগে কলকাতায় আপনি কি করছেন মিস আহমেদ ? জার্নালিস্ট হিসাবে তো আপনার অন‍্য টেস্ট ম‍্যাচগুলো কভার করতে যাবার কথা।", চিঠিটা ফেরত দিতে দিতে প্রশ্ন করলেন অজয়বাবু। প্রশ্নে কিছুটা হলেও কৌতূহল মেশানো ছিল। ভারত সরকার ইদানীং বাংলাদেশীদের ভিসা দেবার ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি করেছে। এই রাজিয়া আহমেদের যে উঁচু মহলে কানেকশন আছে সেটা নিয়ে কোন সন্দেহ নেই।

"আসলে পার্টিশনের আগে আমার নানা আর কিছু রিলেটিভ পার্ক সার্কাসে থাকতেন। আমি চাইছি ওনার বাড়িটা খুঁজে দেখতে আর রিলেটিভের সঙ্গে যোগাযোগ করতে।" 

"তো খোঁজ নিয়ে দেখুন। এখানে আমরা কিভাবে আপনাকে হেল্প করব ?", টেবিলের উপরে থাকা ফাইলের গোছা থেকে একটা ফাইল টেনে বের করতে করতে প্রশ্ন ছুঁড়ে দিলেন অজয়বাবু।

"আসলে স‍্যর, আমি অলরেডি একবার ওই পাড়ায় গেছি, বাড়িটা আর নেই। ওখানে ওরা কেউ থাকে না। কলকাতায় তো আমার চেনাজানা কেউ নেই। আমি চাইছি আমার ওই রিলেটিভকে খুঁজে বের করতে।"

মনে মনে মেয়েটির উদ্দেশ‍্যে একটা অকথ‍্য খিস্তি ছুঁড়ে দিলেন অজয় সমাদ্দার। শালি ভেবেছেটা কি ? পুলিশ ওর বাপের চাকর ? মুখে বললেন "বেশ তো, আপনি মেজোবাবুকে গিয়ে আমার নাম করে বলুন। উনি আপনাকে হেল্প করবেন"।

"থ‍্যাঙ্ক ইউ স‍্যর।", মেয়েটি ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার টাইট জিনসে আবৃত দুলন্ত পাছাটার দিকে একবার তাকিয়ে ফাইলটা খুলে বসলেন অজয়বাবু।

যতই রাগ হোক, মেয়েটা রুলিং পার্টির এমপির চিঠি নিয়ে এসেছে। তাড়িয়ে দেওয়া যাবে না। অন‍্য কেউ হলে উনি এতক্ষণে লকআপে পুরে দিতেন।
[+] 6 users Like ABC06's post
Like Reply
#8

এখন এই অবস্থায় আমার লেখার মুড নেই। আগে বর্ডারে যুদ্ধ মিটুক, পাকিস্তান শাস্তি পাক, তারপর আবার আপডেট দেব। এমনিই এটা মিস্ট্রি থ্রিলার গল্প, ডিটেকটিভ আছে, টেরর অ্যাঙ্গেল আছে, ইরোটিকা আছে। এখনকার অবস্থায় এই মুড নিয়ে লেখালেখি করলে শেষ একমাসের বাস্তব মিশে যেতে পারে।
Like Reply
#9

।।৩।।

চিংড়িহাটার মোড়ে দাঁড়িয়ে বারবার বেলেঘাটার দিকের রাস্তাটায় তাকাচ্ছিল বিদিশা। দিনের ব‍্যস্ততম সময় এখন, একটার পর একটা অটো প‍্যাসেঞ্জার ভর্তি করে গন্তব‍্যের পথে চলে যাচ্ছে। কিন্তু, অদ্ভুতভাবে সেখানে ও একটার পর একটা অটো ছেড়ে দিচ্ছে। মাথা ঘুরিয়ে এপাশে তাকিয়ে বিদিশা দেখল ওর সামনে আরেকটা অটো এসে দাঁড়িয়েছে। সামনের ভিড়ও কিছুটা পাতলা হয়ে গেছে, লাইনে ওর সামনে মাত্র দুজন, ঠোঁটটা টিপে বিদিশা লাইনে ওর পেছনের লোকগুলোকে জায়গা ছেড়ে দিল।

"আজ আসবে না নাকি ?", নিজের মনে বিড়বিড় করতে থাকে সে। অস্থিরতা, বিরক্তি আর ধৈর্য্যের অভাব ওর মনে মিলেমিশে গিয়ে রাগের জন্ম দিয়েছে। সেই রাগ এখন বাষ্পের মতো ওর চিন্তাভাবনাকে আচ্ছন্ন করে ফেলছে।

"বাড়ি থেকে বাসে ধরে কলেজ মোড়ে এসে নামলেই হতো, এভাবে চিংড়িহাটার মোড়ে নেমে অটো ধরার দরকার ছিল না" ক্ষুব্ধ মনে চিন্তা করতে করতে বিদিশা অস্থির হয়ে বারবার ঘড়ি দেখতে থাকে আর ওদিকের রাস্তার দিকে তাকিয়ে কাউকে খুঁজতে থাকে।

একটু পরে তার দেরি করার মূর্তিমান 'কারণ'কে বেলেঘাটার দিক থেকে রাস্তা পেরিয়ে এদিকে আসতে দেখে বিদিশার মুখে হাসি ফুটে ওঠে। একমুহুর্তে এতক্ষণের রাগ গলে জল হয়ে যায়। পরের মুহুর্তেই আবার ওর মুখটা ভাবলেশহীন হয়ে যায়। যে মেয়ে গত আধঘন্টা নিজের মনে রাগে বিড়বিড় করছিল সেই যদি এখন নিজের মনে কোন কারণ ছাড়া হেসে চলে, তাহলে রাস্তায় লোকজন ওকে নির্ঘাত পাগল ঠাওরাবে।

সুদীর্ঘ উচ্চতার অধিকারী ছেলেটা খুব তাড়াতাড়ি লম্বা লম্বা পা ফেলে অটোর লাইনে ঢুকে পড়ে। ততক্ষণে ভিড় আরো কমে এসেছে।

সামনে আরেকটা খালি অটো এসে দাঁড়াতেই জায়গা পেয়ে গেল ওরা দুজন। বিদিশা পেল পিছনের সিট আর ছেলেটা পেল তার পাশে বাইরের দিকে বসার জায়গাটা।

"আমায় দরজার পাশের সিটটা দিন প্লিজ।" বিদিশা যতবার তার সুদর্শন সহযাত্রীকে এরকম অনুরোধ করেছে কোনবার প্রত‍্যাখ‍্যাত হয়নি। এবারও হল না, একটু মুচকি হাসি আর তারপর সিট বদল।

"আজ একটু দেরি হয়ে গেল না ?" বসতে বসতে ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল বিদিশা।

"ট্রেন লেট। তার উপর আজকে ভ‍্যানে করে স্টেশনে আসতে হয়েছে।" পাশ থেকে সংক্ষিপ্ত জবাব এল।

"এঁদো গাঁয়ের ব‍্যাপার-স‍্যাপারই আলাদা, আমরা শহুরে মানুষরা বুঝব না এসব।" ঠেস দিয়ে কথাটা বলল বটে কিন্তু বিদিশার চোখেমুখে দুষ্টুমির ঝিলিক। সেটা বুঝতে পেরে ওর সহযাত্রী মৃদু হাসল।

"আপনারও তো দেরি হয়ে গেছে দেখছি।"

"হ‍্যাঁ, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে।", সত‍্যিটা চেপে গিয়ে নির্ভেজাল মিথ‍্যে বলল বিদিশা।

"দেরি হয়ে গেলে ক্লাস মিস হয়ে যাবে না ?"

"না, ঠিকসময়ে কলেজে ঢুকে যাব। বাদ দিন ওসব, আপনি কোনদিন নিকোপার্কে গেছেন অরুণাভবাবু ?"

"কেন বলুন তো ?"

"এমনি। বলুন না ?" সে কথা না বললে তার পাশের স্বল্পভাষী সহযাত্রী যে চুপ করে থাকবে, আগের অভিজ্ঞতা থেকে সেটা খুব ভাল করে জানে বিদিশা, ও তাই কথাবার্তা চালিয়ে যেতে চায়।

"না, সুযোগ হয়নি।" একটু নীরবতার পর পাশ থেকে উত্তর আসে।

ওদের কথার ফাঁকে অটো নিকো পার্ক পার করে যায়, বিদিশা সেদিকে চেয়ে থাকে। ওর মাথার চুল উড়ে এসে অরুণাভর মুখে লাগে, বিদিশার চুলে একটা সুন্দর গন্ধ আছে। কিসের গন্ধ সেটা প্রাণপণ মনে করার চেষ্টা করে অরুণাভ। মনে করার চেষ্টা করে ব‍্যর্থ হয়ে এবার নিজেই নীরবতা কাটায়।

"কি দেখছেন?" পাশ থেকে গলার আওয়াজে সম্বিত ফেরে বিদিশার। এখানে যে মাঝে মাঝে এক্সের সাথে আসত, সেটা একবার ও কথায় কথায় বলে ফেলেছিল।

মুচকি হেসে উত্তর দেয়, "কিছু না। আচ্ছা আপনি কি খেতে ভালবাসেন বলুন তো অরুণাভবাবু ?"

আচমকা এমন প্রশ্নে থতমত খেয়ে যায় অরুণাভ। সামলে নিয়ে উত্তর দিল, "সে অনেক কিছু। বেশ বড়ো লিস্ট।"

"তবু শুনি।" বিদিশার গলায় আবদারের সুর।

"বিরিয়ানি, মটন, ইলিশ, চিংড়ির মালাইকারি..."

"আচ্ছা, বাদ দিন। আপনি চাউমিন খান ?"

"মাঝে মাঝে খাই।"

"এখন ট্রাই করবেন ?"

"মানে ?" হকচকিয়ে যায় অরুণাভ।

ততক্ষণে ব‍্যাগ থেকে একটা টিফিন কৌটো বার করে ফেলেছে বিদিশা। ওর উত্তরের অপেক্ষা না করে ওর দিকে টিফিন কৌটোটা এগিয়ে দেয়।

"কাল বাড়িতে ট্রাই করলাম। খেয়ে বলুন তো কেমন হয়েছে ?"

কাঁটা চামচ দিয়ে কিছুটা মুখে দিল অরুণাভ। অনেকদিন চাউমিন কেন, কোন ফাস্ট ফুডই খাওয়া হয়না। নিমাইদার বারণ বারবার মনে এসে বাধার প্রাচীর তুলে দাঁড়িয়েছে। আজ সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিল অরুণাভ।

"দারুণ ! আপনি এত ভালো রান্না জানেন আগে বলেননি তো ?"

ও আর কি করে জানবে বিদিশা রান্নার 'র'ও জানে না। শুধু ওকে চমকে দেবে বলে ইউটিউব ঘেঁটে, মাকে বিরক্ত করে কত কসরত করে এটা বানিয়েছে। আজ অরুণাভর সঙ্গে দেখা না হলে বিদিশা কি করত কে জানে ?

"আজকে ফেরা কখন ?"

"ঠিক নেই, আশা করছি পাঁচটা নাগাদ।" একগোছা চাউমিন গলার্ধকরণ করতে করতে উত্তর দেয় অরুণাভ।

"আমারও ওইরকম হবে। আপনার আগে হয়ে গেলে অটোতে জায়গা করে রাখবেন কিন্তু।" হাসতে হাসতে বলে বিদিশা।

"কিন্তু যোগাযোগ হবে কি করে ?" অরুণাভর প্রশ্নে কৌতূহল আর দুষ্টুমি দুটোরই ছাপ রয়েছে।

"আপনার নম্বরটা দিয়ে দিন, আমি কনট‍্যাক্ট করে নেব।"
অরুণাভ নম্বর বলতে থাকে, "৬২৯০..."

"আরে দাঁড়ান দাঁড়ান, আগে ফোনটা বের করতে দিন। আপনি অমন ফটাফট নম্বর বলে গেলে থোড়াই আমার মনে থাকবে ?"

উত্তরে ক‍্যাবলার মতো হেসে ফেলে অরুণাভ। একটা অচেনা মেয়ের সামনে এই ক‍্যাবলামোর জন‍্য ওর লজ্জা পাওয়া উচিত ছিল। অরুণাভ আবিষ্কার করল ও একটুও লজ্জা পাচ্ছে না, বরং আনন্দে ওর মন ভরে আছে। এই আনন্দ কোথা থেকে এল, কেন এল তার কোন কারণ খুঁজে পেল না সে। আজকাল ওর হচ্ছেটা কি ?

"কি মশাই, নম্বরটা বলুন ?" বিদিশার প্রশ্নে হুঁশ ফেরে ওর।

নম্বরটা বলতে বলতেই অটো স্ট‍্যান্ডে এসে থামে।

মানিব‍্যাগ থেকে টাকা বার করে অটোওয়ালাকে দুজনের ভাড়া মেটাতে বলে অরুণাভ।

"এটা কী হল ? আপনি কি আমার চাউমিনের দাম মিটিয়ে দিলেন ?"

বিদিশার রাগটা আসল না নকল বুঝতে পারে না অরুণাভ। নারীসঙ্গের অভিজ্ঞতার ভাঁড়ার তার শূন‍্যের কোঠায়। একটু থতমত খেয়ে বলে "না কোথায় ? এখনও খেয়ে শেষ করে উঠতে পারিনি তো।"

"লাঞ্চে ওটা শেষ করে ফেরার সময় আমায় টিফিন কৌটোটা ফেরত দিয়ে যাবেন।", বিদিশার গলায় আদেশের সুর। ওর রাগটা যে কপট সেটা বুঝতে পেরে অরুণাভর মুখে স্বস্তির ছাপ পড়ে।

ফট করে পাল্টা জবাব ছুঁড়ে দেয় সে, "ভালোলাগাকে দাম দিয়ে বিচার করা যায় না ম‍্যাডাম।" উত্তরের অপেক্ষা না করে কলেজ মোড়ের রাস্তাটা পেরিয়ে যায় অরুণাভ।

সেদিকে তাকিয়ে বিদিশা নিজের মনে প্রিয় হিন্দি গানের কলি গুনগুন করে গেয়ে উঠল। অরুণাভর যে ওর রান্নাটা ভালো লেগেছে, এটা জেনেই ওর ইচ্ছা করছে এক্ষুণি ছুটে কোন খোলা মাঠে গিয়ে সেখানে আনন্দে চিৎকার করতে করতে গোটা মাঠ দৌড়ে বেড়াতে।

শহরের আধুনিকা মেয়ে সে, পুরুষসঙ্গে মোটেই অনভিজ্ঞ নয়। কিন্তু, অরুণাভর কাছে এলে ও আজকাল নিজের মধ‍্যে থাকে না। এই যে কাল সারাদিন ইউটিউব ঘেঁটে, মাকে পাগল করে দিয়ে আজ ওর জন‍্য চাউমিন বানিয়ে আনল, এর আগে ও নিজের কোন বয়ফ্রেন্ডের জন‍্য এমনটা করেনি। মাত্র মাস তিনেকের পরিচয়, অথচ এর মধ‍্যেই অরুণাভ ওর মনে একটা স্থায়ী জায়গা করে নিয়েছে। ওর কথা চিন্তা করলে বিদিশার মনে খুশির আলোড়ন ওঠে, সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই যে এখন পাগলামিটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা ভালোবাসা কিনা বিদিশা জানে না তবে এই অনুভূতি ও এর আগে কখনো অনুভব করেনি।
**********************************************************
আজ অফিসে কাজের চাপ একটু কম থাকায় লাঞ্চটাইমে ইন্টারনেট স্ক্রল করছিল অরুণাভ। অন‍্যদিন এইসময়েও ফাইল নিয়ে বসতে হয়। তখনই ফোনে রিংটোন বেজে উঠল - অচেনা নম্বর। ধরতেই ওপাশ থেকে সুরেলা কন্ঠ - "লাঞ্চ হল আপনার ?"

গলার স্বরটা চেনা, আজ সকালেই তার মালিকের সাথে বিস্তর কথা হয়েছে। কিন্তু, উত্তর দিতে গিয়ে জিভ জড়িয়ে যায়, "হ‍্যাঁ, এই জাস্ট, আপনি লাঞ্চ করেছেন ?"

"হ‍্যাঁ, এই তো শেষ করে উঠলাম। যাক গে, এই নম্বরটা আমার, চাইলে সেভ করে নিতে পারেন।"

"কি নামে সেভ করব ?"

"বিদিশা লাহিড়ী। তাহলে আজকে পাঁচটার সময় দেখা হচ্ছে তো ?"

"অ্যাঁ ! হ‍্যাঁ, অবশ‍্যই।"

"তাহলে অটো স্ট‍্যান্ডে দেখা হচ্ছে। আপনি জায়গা রাখবেন কিন্তু। দেরি হলে একটা টেক্সট করে দেবেন, কেমন ?" উল্টোদিক থেকে ভেসে আসছে অনর্গল কথার স্রোত।

"ওকে।"

"রাখছি এখন।", ফোন কেটে যায় কিন্তু অরুণাভর জড়তা কাটে না। আজ ওর হঠাৎ কি হল কে জানে ?
**********************************************************
"এইজন‍্য তুই লাস্ট তিনমাস ধরে অটো ধরে কলেজে আসছিস ! ডুবে ডুবে জল খাচ্ছিস আর নিজের বন্ধুদের একবারও জানানোর প্রয়োজন মনে করলি না ?"

উল্টোদিকে ফোনটা নামিয়ে রাখতেই বিদিশার উপর ঝাঁপিয়ে পড়ে শ্রেয়া। বিদিশার মুখে একটা অসন্তোষের ছায়া পড়লেও সেটাকে গ্রাহ‍্য করে না সে।

"নিজের চরকায় তেল দে। যখন রোহনের সঙ্গে ঘুরে বেড়াস তখন আমি দেখতে যাই ?" ঝাঁঝিয়ে ওঠে বিদিশা।

"এই রাগ করিস না, প্লিজ।", পাশ থেকে সামাল দেবার চেষ্টা করে শ্বেতা। বিদিশা মুখ শক্ত করে বসে থাকে, ও একটুও আলগা দিতে চায় না। কিন্তু, শেষে বন্ধুদের ঝুলোঝুলিতে ওকে নরম হতেই হয়। মোবাইলে অরুণাভর নম্বরে ওর যে প্রোফাইল পিকচারটা সেভ করেছিল সেটা দেখায় সে। অরুণাভর অজান্তেই একদিন দূর থেকে ছবিটা তুলেছিল ও।

"এত পুরো হ‍্যান্ডু মাল রে !" উচ্ছ্বসিত শ্রেয়া।

"আমার কেমন যেন চেনা চেনা লাগছে।" ছবিটার দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করে শ্বেতা।

খুব একটা অবাক হয় না বিদিশা, "সেক্টর ফাইভে আইটি কোম্পানিতে চাকরি করে, হয়তো কখনও দেখে থাকবি।"

"তাই হবে।"

"কি নাম ?" জানতে চায় শ্রেয়া।

"অরুণাভ।"

"বাঙালি ? তুই আজকাল বাঙালি ছেলেদের ডেট করছিস ?" শ্রেয়ার গলার অবাক স্বরটা নজর এড়ায় না বিদিশার।

"কেন আমি কখনো বলেছি যে বাঙালি ছেলেদের ডেট করব না ?" রক্ষণাত্মক স্বরে বলে ওঠে বিদিশা। অরুণাভর সঙ্গে সম্পর্কটা যে ডেটিং অবধি পৌঁছায়নি সেটা ও জানাতে চায় না।

"তোর লাস্ট বাঙালি বিএফ কে ?" প্রশ্নটা ছুঁড়ে দিয়ে উত্তরের অপেক্ষা না করে চোখ টেপে শ্রেয়া, "বাই দ‍্য ওয়ে, মোহিত এখনও তোর জন‍্য পাগল।"

অস্বস্তিতে শরীর কাঠ হয়ে যায় বিদিশার। কথাটার উত্তর দেবার কোন প্রয়োজন মনে করে না সে।
[+] 7 users Like ABC06's post
Like Reply
#10

(04-06-2025, 09:26 PM)ray.rowdy Wrote:  
অসাধারণ। যেমনটা আশা করা হয়েছিলো। একটাই আশঙ্কা - অনেক ভালো ভালো সুন্দর সুন্দর গল্প শেষ হয়নি, মাঝপথেই ছেড়ে দেওয়া হয়েছে। আশা করি, তুমি গল্পটা যথারীতি শেষ করবে, এবং অবশ্যই একটা যথোচিত পরিসমাপ্তিতে তার ইতি টানবে।

গল্পটা এখন প্রাথমিক স্তরে আছে। আরো কয়েকটা পর্ব আসবে, গল্পটা একটা শেপ নিয়ে নেবে। তারপর আমি ভালো গঠনমূলক রিভিউ আশা করব। গল্পের ভবিষ্যত সেটার উপর নির্ভর করবে।
[+] 1 user Likes ABC06's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)